Home Blog

‘ব্যাচেলর পয়েন্ট’-এ যুক্ত হলেন রাফসান ও সুনেরাহ

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন চ্যাপ্টারে যুক্ত হচ্ছেন কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান (রাফসান দ্য ছোট ভাই) ও অভিনেত্রী সুনেহরা তাসনিম। নির্মাতা কাজল আরেফিন অমির এই ধারাবাহিকের ‘চ্যাপ্টার ১৪’ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাচ্ছে।

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আগের চ্যাপ্টারের গল্পের পর এবার নতুন মোড় নিয়ে হাজির হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’। এবারের চ্যাপ্টারের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন রাফসান ও সুনেরাহ।

ব্যাচেলর ফ্ল্যাটের চিরচেনা বিশৃঙ্খলা ও হাস্যরসের মধ্যে তাদের উপস্থিতি গল্পে নতুন কোনো টুইস্ট আনবে বলে জানিয়েছেন নির্মাতা।

bachelor%20point 1787224828

আজ সামাজিক মাধ্যমে রাফসান ও সুনেরাহর পোস্টার শেয়ার নির্মাতা লিখেছেন, ‘রাফসান-সুনেরাহ আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’! কিন্তু প্রশ্ন একটাই—ব্যাচেলরদের জন্য স্বস্তি, নাকি আরও একগাদা ঝামেলা?’

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গ-তে একযোগে প্রকাশ পাবে ‘চ্যাপ্টার ১৪’-এর ৮টি নতুন পর্ব। পর্বগুলো হলো ১০৫ থেকে ১১২ নম্বর পর্যন্ত। এছাড়া বঙ্গের পাশাপাশি ‘ব্যাচেলর পয়েন্ট’ প্রচারিত হচ্ছে চ্যানেল আইয়ের পর্দায় এবং ইউটিউবে বুম ফিল্মসের চ্যানেলে।

ট্রাম্পের অর্থনৈতিক হুমকিকে ঋণের বোঝা দিয়ে কটাক্ষ আরাঘচির

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ‘অর্থনৈতিক চাপ’ সংক্রান্ত হুমকির জবাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বৃহস্পতিবার বলেছেন, এটি যুক্তরাষ্ট্রের জন্য আরও পরাজয় ডেকে আনবে।

ইরানের ওপর ট্রাম্পের চূড়ান্ত অর্থনৈতিক চাপ তৈরির পরিকল্পনাকে ‘ইকোনমিক ডি-ডে’ বলা হচ্ছে। এই পরিকল্পনাকে ‘ব্যর্থ নীতির’ ধারাবাহিকতা হিসেবে অভিহিত করেন আরাঘচি। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান জাতীয় ঋণ নিয়েও কটাক্ষ করেছেন।

সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে আরাঘচি লিখেছেন, ‘তথাকথিত ইকোনমিক ডি-ডে হলো, আমেরিকার নজিরবিহীন ঋণ ও আকাশচুম্বী সুদের খরচ থেকে অন্যদিকে নজর সরানোর একটি কৌশল। এই ব্যর্থ নীতি আরও পরাজয় ডেকে আনবে।’

ট্রাম্পের পরিকল্পনাকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ হিসেবেও উল্লেখ করেন আরাঘচি। বলেন, এটি বৈশ্বিক অর্থনীতি ও সার্বভৌমত্বের জন্য একটি হুমকি।

এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ‘যেকোনো দেশের বিরুদ্ধে নেওয়া এ যাবৎকালের সবচেয়ে ধ্বংসাত্মক অর্থনৈতিক অভিযান’ চালু করতে যাচ্ছেন। তিনি এটিকে অর্থনৈতিক যুদ্ধ ও অবরোধ হিসেবে আখ্যা দিয়েছেন।

ট্রাম্প লিখেছেন, যে দেশ ইরানের আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা, বিমানবন্দর কিংবা সরকারি কোনো সংস্থাকে সহযোগিতা করবে, তারা ভয়াবহ অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হবে।

পশ্চিমবঙ্গের দুই জেলায় বাংলাদেশি সন্দেহে আটক ১৭

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদ থেকে ১৭ জনকে আটক করেছে স্থানীয় থানা-পুলিশ। তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে। আটককৃতদের মধ্যে শিশু ও নারীরা আছেন।

রাজ্য পুলিশ সূত্রে জানা গেছে, বুধ ও বৃহস্পতিবার এই অভিযান চালানো হয়। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘীর গাজীর মোড় এলাকার একটি বাড়ি থেকে প্রথমে ১০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে তিন শিশু ও দুজন নারী। বাড়িটি ইয়াকুব নামে এক ব্যক্তির। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়েছিল।

আটককৃতরা বেশ কয়েক বছর আগে ভারতে প্রবেশের পর ব্যাঙ্গালোরে ভাঙারি সামগ্রীর ব্যবসায় যুক্ত হন। সেখানে নথিবিহীন ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান শুরু হলে সম্প্রতি তারা রায়দিঘীর বাড়িটিতে আশ্রয় নিয়েছিলেন। আটকের পর তাদেরকে জেলার লক্ষ্মীকান্তপুর হোল্ডিং সেন্টারে নেওয়া হয়েছে। ভারতে প্রবেশের বৈধ নথি ও কীভাবে তারা এই এলাকায় এলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে মুর্শিদাবাদে রানীনগর থানার কাহারপাড়া এলাকায় অভিযান চালায় স্থানীয় পুলিশ। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সাতজনকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রাজশাহীর গোদাগাড়ীর বাসিন্দা বলে জানিয়েছেন। রাজমিস্ত্রির কাজ করতে ভারতে অনুপ্রবেশ করেছিলেন।

মুর্শিদাবাদে আটককৃতরা সবাই পুরুষ। চেন্নাই যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। দালাল সীমান্ত পার করে দিয়ে পালিয়ে যাওয়ায় তারা বিপাকে পড়েন। পরে পুলিশ আটক করে স্থানীয় লালগোলা হোল্ডিং সেন্টারে নিয়েছে।

শিশু হাসপাতালকে মাইক্রোবাস দিল পূবালী ব্যাংক

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটকে একটি মাইক্রোবাস দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি।

এ উপলক্ষে হাসপাতালের বোর্ড রুমে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলামের কাছে মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সদস্য অধ্যাপক ড. এম. এ. কামাল, ক্রিটিকাল কেয়ার ইউনিটের প্রধান অধ্যাপক ড. মাহবুবুল হক, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ, পেডিয়াট্রিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মুনির হোসাইন এবং উপপরিচালক (হাসপাতাল) ডা. মো. আজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান এ. কে. এম. আব্দুর রকীব, ধানমন্ডি শাখার ব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক নিগার সুলতানা, সহকারী মহাব্যবস্থাপক ও জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ মিজানুর রহমানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সামাজিক দায়বদ্ধতার আওতায় দেওয়া এ মাইক্রোবাসটি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের বিভিন্ন প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হবে।

মার্কেন্টাইল ব্যাংকের এমটিও ১৫তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

মার্কেন্টাইল ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) ১৫তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। ব্যাংকের প্রশিক্ষণ প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এমবিটিআই) এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে।

মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এ ব্যাচে মোট ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকিং কার্যক্রম, পেশাগত দায়িত্ব, প্রাতিষ্ঠানিক মূল্যবোধ, গ্রাহকসেবা, কমপ্লায়েন্স ও নেতৃত্বসহ ব্যাংকিং পেশার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে নতুন কর্মকর্তাদের বাস্তব ব্যাংকিং পরিবেশের জন্য প্রস্তুত করার পাশাপাশি পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এমবিটিআইয়ের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান এস. এম. সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি ও সিআরও মো. জাকির হোসেন, ডিএমডি ও ক্যামেলকো শামীম আহমেদ, ডিএমডি ও সিবিও ড. মো. জাহিদ হোসেন এবং ডিএমডি ও সিসিও শাহ্ মো. সোহেল খুরশিদ।

উদ্বোধনী বক্তব্যে মতিউল হাসান দ্রুত পরিবর্তনশীল ব্যাংকিং পরিবেশে পেশাদারিত্ব, সততা, শেখার আগ্রহ, মানসম্মত সেবা প্রদানের মানসিকতা এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতার ওপর গুরুত্ব দেন।

তিনি নবনিযুক্ত কর্মকর্তাদের দায়িত্বশীল ব্যাংকিং পেশাজীবী হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি ব্যাংকের ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে অর্থবহ অবদান রাখার জন্য তাদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা পেশাগত দায়িত্ব পালনের জন্য নতুন কর্মকর্তাদের প্রস্তুত করতে ফাউন্ডেশন ট্রেনিংয়ের গুরুত্ব তুলে ধরেন। প্রশিক্ষণে সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি অর্জিত জ্ঞান বাস্তব ব্যাংকিং কার্যক্রমে প্রয়োগের পরামর্শ দেন তারা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এমবিটিআইয়ের ফ্যাকাল্টি শাহিন আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফ্যাকাল্টি মুহাম্মদ মিরাজ হোসেন গাজী।

‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে বিদায় নিলেন মির্জা ফখরুল

‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে দল থেকে বিদায় নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার মধ্য রাতে সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। বিদায়ী বার্তায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল দলটির নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উদ্দেশ্য করে আবেগঘন কথা বলেন।

দীর্ঘদিন আন্দোলন ও সংগ্রামে বিএনপিকে নেতৃত্ব দেওয়া মির্জা ফখরুল লেখেন, “প্রিয় নেতৃবৃন্দ, আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে বিদায় নিচ্ছি।’

Untitled 8 1787176789

এর আগের আরেকটি ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমি কখনও ভাবিনি যে রাষ্ট্রপতি হব। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, আমি জনগণের পাশে থেকে সেবা করব।’

সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল

সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার আগে টেলিফোনে দেওয়া এক বক্তব্যে নিজের প্রত্যাশার কথা জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন মির্জা ফখরুল। ভোটের পর তিনিই দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

মির্জা ফখরুল বলেন, তিনি এমন একটি বাংলাদেশ দেখতে চান, যেখানে প্রান্তিক মানুষ, খেটে খাওয়া জনগোষ্ঠী ও দিনমজুরেরা দুই বেলা পেট ভরে খেতে পারবেন। মানুষ সুস্থ পরিবেশে নিরাপদ ও নিশ্চিন্তে জীবনযাপন করবে। দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়বে।

তিনি বলেন, বিশ্বের বুকে বাংলাদেশিরা একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে নিজেদের পরিচিত করতে সক্ষম হবে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণ করতে পারবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামে যারা তার পাশে ছিলেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে গণমাধ্যমকর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তার নেতৃত্বেই ‘প্রত্যাশিত বাংলাদেশ’-এর গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে।

রাষ্ট্রপতি নির্বাচিত হলে অনেক কিছুই মিস করবেন জানিয়ে আবেগাপ্লুত কণ্ঠে মির্জা ফখরুল বলেন, কিছু বিষয় স্মরণ করলে তিনি আবেগ ধরে রাখতে পারেন না। তিনি সৃষ্টিকর্তার কাছে সবার সুস্থতা, নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন এবং কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে সরকারকে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা মনে পড়লে তার আবেগ স্পর্শ করে। এই মহীয়সী নারী নেত্রীর সান্নিধ্য ও স্নেহ পাওয়ার কথাও স্মরণ করেন তিনি।

বামপন্থী ছাত্ররাজনীতি থেকে উঠে আসা মির্জা ফখরুল ভাসানী ন্যাপের রাজনীতির মাধ্যমে জাতীয় রাজনীতিতে যুক্ত হন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপিতে যোগ দেন। দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় বিএনপির মহাসচিবের দায়িত্ব পান তিনি।

২০০১ সালে ঠাকুরগাঁও-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। সে সময় তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য ছিলেন। বর্তমানে তিনি তারেক রহমানের মন্ত্রিসভায় স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনের নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন ভোট পরিচালনা করবেন।

মির্জা ফখরুল জানান, দুপুর ২টায় তিনি সংসদে গিয়ে ভোট দেবেন।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে গত কয়েক দিন ধরে হেয়ার রোডের ৩৫ নম্বর বাসভবনে নেতা-কর্মীদের ভিড় রয়েছে। নিজের নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা তাকে একনজর দেখতে সেখানে ভিড় করছেন। মির্জা ফখরুলও তাদের সঙ্গে দেখা করছেন এবং নিজের জন্য দোয়া চাইছেন।

বুধবার বিএনপির সংসদীয় দলের সভায় অংশ নেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, এটিই ছিল সংসদীয় দলের সঙ্গে তার শেষ সভা। রাষ্ট্রপতি নির্বাচিত হলে তার সংসদীয় আসনটি শূন্য হবে।

বিয়ের কথা বলে আম বাগানে নিয়ে যেয়ে পুড়িয়ে ফেলা হয় মেরিনাকে: পুলিশ

বিয়ের কথা শুনে নতুন জুতা, জামা ও প্রসাধনী কিনেছিলেন মেরিনা বেগম। সঙ্গে নিয়েছিলেন জাতীয় পরিচয়পত্রও। কথা ছিল ১৬ আগস্ট বিয়ে হবে। কিন্তু সেই বিয়ের আশাতেই বাড়ি থেকে বের হয়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তিনি। নওগাঁর ধামইরহাটে মেরিনা বেগমকে হত্যার পর পরিচয় গোপন করতে তাঁর মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান।

গ্রেপ্তার দুজন হলেন ধামইরহাটের সাবেক ইউপি সদস্য বাবুল হোসেন (৪৯) ও একই এলাকার মোজাম্মেলের ছেলে তারেক (২১)। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার বলেন, গত ১৮ আগস্ট সন্ধ্যায় ধামইরহাটের একটি আমবাগানের মধ্যে এক নারীর পোড়া মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। প্রচণ্ড বৃষ্টির মধ্যেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের পাশে পড়ে ছিল ওই নারীর প্রসাধনী সামগ্রী ও জাতীয় পরিচয়পত্র। ঠিক একই সময়ে মেরিনা বেগম নিখোঁজ হয়েছেন জানিয়ে তাঁর ছেলে কাউসার আলী ধামইরহাট থানায় সাধারণ ডায়েরি করতে আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে নিয়ে গেলে সেখানে পড়ে থাকা জাতীয় পরিচয়পত্র ও মরদেহ দেখে তিনি তাঁর মাকে শনাক্ত করেন। এরপর ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তি, স্থানীয় তদন্ত ও বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজন হিসেবে সাবেক ইউপি সদস্য বাবুল হোসেন ও তারেক রহমানের নাম আসে। পরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান পুলিশ সুপার।

তদন্তে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, দুধ কেনাবেচাকে কেন্দ্র করে মেরিনা বেগমের সঙ্গে সাবেক ইউপি সদস্য বাবুল হোসেনের পরিচয় ও পরে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। তাঁদের মধ্যে নিয়মিত মোবাইলে যোগাযোগ হতো। একপর্যায়ে মেরিনা তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। এমনকি বিয়ে না করলে আত্মহত্যার হুমকিও দেন বলে পুলিশের কাছে দাবি করেছেন বাবুল।

পুলিশের ভাষ্য, তখন বাবুল মেরিনাকে জানান, ১৬ আগস্ট তাঁকে বিয়ে করবেন। বিয়ের কথা বিশ্বাস করে মেরিনা নতুন জামা, জুতা, প্রসাধনী সামগ্রী ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। তবে বিয়ের পরিবর্তে তাঁকে হত্যার পরিকল্পনা করা হয়।

পুলিশ সুপার বলেন, ১৬ আগস্ট দুপুরে মেরিনা বাড়ি থেকে বের হওয়ার পর বাবুলের নির্দেশে তারেকসহ কয়েকজন তাঁকে নেওয়ার জন্য শাহাপুর ইউনিয়নে যায়। সেখান থেকে তাঁকে অগ্রাদিগুণ বাজারে নিয়ে আসা হয়। পরে রাত ১০টার দিকে তাঁকে মোটরসাইকেল ও অটোরিকশায় করে মনিহারি-তালপুকুর সড়কের পাশে নেওয়া হয়। সেখান থেকে প্রায় ৩০০ ফুট দূরে ভলকাডাঙ্গা এলাকার একটি আমবাগানের ভেতরে মেরিনাকে নিয়ে যাওয়া হয়।

পুলিশের দাবি, সেখানে বাবুলের নির্দেশে তারেকসহ দুজন তাঁর গলায় বেল্ট পেঁচিয়ে দুই দিক থেকে টান দেন। একপর্যায়ে মেরিনা মারা গেলে তাঁর মরদেহের ওপর খড়কুটো জড়ো করা হয়। পরে বাবুল তাঁর শরীরে পেট্রোল ঢেলে গ্যাসলাইট দিয়ে আগুন ধরিয়ে দেন বলে পুলিশ জানিয়েছে।

মরদেহ পুড়িয়ে পরিচয় গোপনের চেষ্টা করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ।

পুলিশ সুপার জানান, এ হত্যাকাণ্ডে বাবুল ও তারেক ছাড়াও আরও দুজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মেরিনার ছেলে কাউসার আলী ও তাঁর স্বামী হাসেন আলী জীবিকার প্রয়োজনে কুমিল্লায় থাকেন। গত ১৪ আগস্ট মেরিনা বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে তাঁকে খোঁজা শুরু হয়।

‘ঘন ঘন তারিখ দিলে কষ্ট হয়, আইনজীবীর ফি দিতে পারি না’ কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন লে. কর্নেল রেদোয়ানুল

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছেন শিক্ষার্থী রাতুল হাসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে গতকাল বৃহস্পতিবার তিনি সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন।

জেরা শেষে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের আর্থিক দুর্দশার কথা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন মামলার আসামি সাবেক বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম। তিনি ঘন ঘন শুনানির তারিখ না দেওয়ার জন্য ট্রাইব্যুনালের কাছে অনুরোধ জানান।

কথা বলার অনুমতি নিয়ে কান্নাজড়িত কণ্ঠে রেদোয়ানুল বলেন, ‘ঘন ঘন তারিখ দিলে আমার খুব কষ্ট হয়। আইনজীবীর টাকাও দিতে পারি না। আর্থিকভাবে তেমন কোনো সঞ্চয়ও নেই। একটু লম্বা বিরতি দিয়ে তারিখ দিলে ভালো হয়।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে যে বেতন পাই, তা খুবই সামান্য। এই টাকা দিয়ে সংসার চালাব, নাকি আইনজীবীর ফি দেব, বুঝতে পারি না।’

এ সময় রেদোয়ানুলের আইনজীবী শাহীনুর ইসলামের কাছে বিষয়টি জানতে চান ট্রাইব্যুনাল। জবাবে আইনজীবী বলেন, তাঁর কাছ থেকে ‘রিজনেবল ফি’ নেওয়া হচ্ছে।

এরপর প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ট্রাইব্যুনালকে বলেন, আসামির মূল চাওয়া ঘন ঘন তারিখ পেছানো নয়। বরং মামলার বিচার দ্রুত শেষ হওয়া। অল্প দিনের ব্যবধানে শুনানি হলে বিচারকাজ দ্রুত নিষ্পত্তি হবে।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক বলেন, ‘রেদোয়ানুলের এই বক্তব্য আমার হৃদয় স্পর্শ করেছে।’

পরে অসমাপ্ত জেরার জন্য আগামী ২ সেপ্টেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। ওই দিন অন্য কোনো মামলা রাখা হবে না বলেও জানান বিচারক।

মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকার সেনানিবাসের সাব-জেলে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলম। পলাতক আসামিরা হলেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।

তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে চার আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।

রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ভোট পেয়েছেন ২৫৫টি ও কর্নেল অলি ৮০ টি।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ভোট গণনা করা হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়েছেন এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ ৮৮ পেয়েছেন ভোট। ভোট বেশি পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হন।

এর আগে দুপুর ২টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের কার্যক্রম শুরু হয়। বক্তব্যের শুরুতেই মাইক বিভ্রাটে পড়েন সিইসি এ এম এম নাসির উদ্দিন। পরে তিনি দুই প্রার্থীর নাম ঘোষণা করেন এবং নির্বাচন পরিচালনার নিয়মাবলী সংসদ সদস্যদের সামনে তুলে ধরেন।

এরপর নির্বাচনি সহায়ক কর্মকর্তারা সংসদ সদস্যদের আসনে ব্যালট পেপার নিয়ে যান। সদস্যরা নিজ নিজ আসনে বসে পূর্ণ নাম স্বাক্ষর করে পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দেন।

প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংসদ সদস্যরা ভোট দেন। সরকারদলীয় রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভোট প্রদান করেন।

জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য এই নির্বাচনে ভোট দেওয়ার কথা ছিল। তবে অসুস্থতার কারণে বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস ভোটে অংশ নিতে পারেননি। আর সংসদ সদস্য না হওয়ায় ভোট দেওয়ার সুযোগ ছিল না কর্নেল (অব.) অলি আহমদের।

ভোটগ্রহণের জন্য তিনটি ব্যালট বাক্স রাখা হয়। সংসদ সদস্যদের পর্যায়ক্রমে ব্যালট পেপার দেওয়া হয়, যাতে ভোটগ্রহণে ভিড় না হয়। ব্যালট পেপারে দুই প্রার্থীর নাম ছিল। ভোট দিয়ে নির্ধারিত স্থানে স্বাক্ষর করে ব্যালট বাক্সে জমা দেন সংসদ সদস্যরা।

ভোটগ্রহণ পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় দায়িত্ব পালন করেন। ভোটগ্রহণের শুরুতে প্রথম ২০ মিনিট সরাসরি সম্প্রচারও করা হয়।

বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট বাক্স খোলা হয়। এরপর প্রকাশ্যে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, ১৯৯১ সালের ৮ অক্টোবর রাষ্ট্রপতি পদে সর্বশেষ ভোট হয়েছিল। এরপর ১৯৯৬, ২০০১, ২০০২, ২০০৯, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে একাধিক প্রার্থী না থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। ফলে ৩৫ বছর পর আবার সংসদ সদস্যদের ব্যালটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো।

সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই প্রত্যাশিত ছিল। তবে এবারের নির্বাচনে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল দুই প্রার্থীর ভোটের ব্যবধান।

নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ নেবেন বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।