নারীরা কখনো জামায়াতে ইসলামীর প্রধান হতে পারবেন না: শফিকুর রহমান

0
16

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রধান বা আমির পদে কখনোই কোনো নারী অধিষ্ঠিত হতে পারবেন না বলে জানিয়েছেন দলটির বর্তমান আমির ডা. শফিকুর রহমান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিক শ্রীনিবাসন জৈনের নেওয়া এই সাক্ষাৎকারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের কোনো নারী প্রার্থী না থাকার কারণও ব্যাখ্যা করেন তিনি।

নির্বাচনে কোনো নারী প্রার্থী না রাখা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এবারের নির্বাচনে আমরা কোনো নারী প্রার্থী দিচ্ছি না। এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিরই একটি অংশ, অন্য দলগুলোও যে খুব বেশি নারী প্রার্থী দিয়েছে তা বলা যাবে না। তবে আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি। এটি একদিনে সম্ভব নয়, এর অর্থ এই নয় যে আমরা নারীকে অসম্মান করছি।

ভবিষ্যতে কোনো নারী জামায়াতের শীর্ষ নেতৃত্বে আসতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি না বলে জানান। তিনি যুক্তি দিয়ে বলেন, এটি সম্ভব নয় কারণ আল্লাহ পুরুষ ও নারীকে আলাদাভাবে সৃষ্টি করেছেন। পুরুষরা কখনোই সন্তান লালন-পালন বা স্তন্যদান করতে পারবে না, এটি মহান আল্লাহর বিশেষ দান। আমরা স্রষ্টার সৃষ্টি করা এই বিধান পরিবর্তন করতে পারি না।

গত তিন দশক দেশে নারী প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও জামায়াতের প্রধান পদে নারীর অযোগ্যতার প্রশ্নে ডা. শফিকুর রহমান বলেন, আমরা নারী প্রধানমন্ত্রীদের অসম্মান করছি না, আমাদের তাতে কোনো অসুবিধা নেই। তবে এমন কিছু নির্দিষ্ট দায়িত্ব রয়েছে যা পালন করা নারীর জন্য সীমাবদ্ধতার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে মা হওয়ার পর একজন নারী যে গুরুদায়িত্ব পালন করেন, তা কোনো পুরুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ সবকিছু জেনেই দায়িত্ব বণ্টন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here