বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজের জন্মস্থান মৌলভীবাজারের কুলাউড়ায় এক বিশাল নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে এক নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কুলাউড়া নবীনচন্দ্র (এনসি) উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় নির্বাচনী জোটের এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা এই বাংলাদেশ চাই না—যেখানে চাঁদাবাজে অতিষ্ঠ দেশ। যেখানে আমার মায়ের ইজ্জত নেই, যেখানে দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ। যেখানে নিরীহ মানুষকে হয়রানি করা হয়। এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয়। এই বাংলাদেশকে তাড়িয়ে দিতে চাই। মনে করতে পারেন তাহলে কেমন বাংলাদেশ হবে? বলতে চাই এই বাংলাদেশই থাকবে, মানচিত্র ঠিক থাকবে শুধু চেহারা পাল্টে দিতে চাই।
সমাবেশে ডা. শফিকুর রহমান চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ত্যাগের কথা কৃতজ্ঞতাভরে স্মরণ করে বলেন, দেশ আজ তাঁদের ঋণে ঋণী এবং যুবকদের হাত ধরেই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।
বিদেশের মাটিতে মৃত্যু ও প্রবাসীদের সুরক্ষা প্রবাসীদের কল্যাণে একটি অনন্য ঘোষণা দিয়ে জামায়াতের আমির বলেন, কোনো প্রবাসী যদি বিদেশে যাওয়ার খরচ তোলার আগেই সেখানে মৃত্যুবরণ করেন, তবে তাঁর পরিবারকে সেই সমপরিমাণ টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি ওই প্রবাসীর পরিবারের পূর্ণ দায়িত্ব নেবে রাষ্ট্র।
সিলেট বিমানবন্দরের উন্নয়ন সিলেটের প্রবাসীদের অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তিনি প্রতিশ্রুতি দেন যে, ক্ষমতায় গেলে সিলেট বিমানবন্দরকে ঢাকা ও চট্টগ্রামের মতো বিশ্বমানের আধুনিক বিমানবন্দরে রূপান্তর করা হবে।
চা শ্রমিকদের সন্তানের জন্য উচ্চাশা চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. শফিকুর রহমান বলেন, বাগানের মালিক নয়, বরং রাষ্ট্রই চা শ্রমিকদের শিক্ষা ও স্বাস্থ্যের দায়িত্ব নেবে। তিনি এমন এক বাংলাদেশ গড়তে চান যেখানে শ্রমিকের সন্তান মেধার জোরে দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবে।
ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক নিরাপত্তা নিজের জন্মমাটির স্মৃতিচারণ করে তিনি বলেন, কুলাউড়ায় হিন্দু, মুসলিম, খাসিয়াসহ সকল ধর্মের মানুষ অতীতে যেমন ভ্রাতৃত্বের সাথে বসবাস করেছেন, ভবিষ্যতেও তা বজায় থাকবে। তিনি একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজহীন এবং মা-বোনদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচনী সমীকরণ নির্বাচনী প্রার্থীতা নিয়ে তিনি জানান, অনেকেই তাঁকে ঢাকা বা কুলাউড়া থেকে নির্বাচন করতে অনুরোধ করেছিলেন। বর্তমানে কুলাউড়া আসনে ১১ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে আগামীর গতিপথ নির্ধারণে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।




