নতুন সরকার গঠনের প্রাক্কালে সুনামগঞ্জের উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধিদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির দাবি উঠেছে। সুশাসনের জন্য নাগরিক বা সুজন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নুরুল হক আফিন্দী এক বিবৃতিতে এই দাবি জানান। তিনি মনে করেন, হাওরবেষ্টিত এই জনপদের টেকসই উন্নয়নের জন্য মন্ত্রিসভায় জেলার প্রতিনিধি থাকা জরুরি।
নুরুল হক আফিন্দী বলেন, নতুন সরকার গঠনের শুরুতেই জনমনে স্বস্তি ফেরাতে চাঁদাবাজ ও লুটপাটকারীদের দৌরাত্ম্য কঠোর হাতে বন্ধ করতে হবে।সুনামগঞ্জের বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে তিনি বলেন, কেউ যদি মন্ত্রিসভায় স্থান পান তবে হাওরাঞ্চলের উন্নয়ন অগ্রাধিকার পাবে। বিশেষ করে নদী খনন এবং বাঁধের নামে লুটপাট বন্ধ করা এখন সময়ের দাবি। প্রতি বছর বাঁধ সংস্কারের নামে যে মাটি কাটা হয়, তা জমির উর্বরতা ও পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। তাই অস্থায়ী বাঁধের বদলে টেকসই ও পরিবেশবান্ধব স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নিতে হবে।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, এক সময়ের সমৃদ্ধ টাঙ্গুয়া ও খরচার জলাভূমির প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। অনেক প্রজাতির মাছ ও ঝোপঝাড় বিলুপ্ত হয়ে গেছে। এই প্রাকৃতিক সম্পদ রক্ষায় বিশেষ নজর দেওয়া প্রয়োজন। সামগ্রিকভাবে জেলার উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতে এবং জনআকাঙ্ক্ষা পূরণে সুনামগঞ্জ থেকে শক্তিশালী নেতৃত্বের প্রতিনিধিত্ব মন্ত্রিসভায় থাকা প্রয়োজন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।




