একাত্তরের অগ্নিঝরা মার্চের আজকের এই দিনে প্রথমবারের মতো উত্তোলিত হয়েছিল বাংলাদেশের জাতীয় পতাকা। ঐতিহাসিক ওই ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন ডাকসু’র তখনকার ভিপি আ স ম আবদুর রব। সেই দিনকে স্মরণ করে আজ (২ মার্চ) উদযাপন করা হচ্ছে ‘জাতীয় পতাকা উত্তোলন দিবস’।
১৯৭১ সালের ২ মার্চ সেই দিনের দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা নামানো হয় এবং বাংলাদেশের পতাকা উড়ানো হয়। রাতেই সচিবালয়ে একই দৃশ্য ঘটেছিল। সবুজ পটভূমির ওপর লাল বৃত্তের মাঝে সোনালি মানচিত্র অঙ্কিত সেই পতাকা বাঙালি জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দাঁড়ায়।
তৎকালীন সময় পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ছাত্র-জনতা একসঙ্গে দাঁড়ায়। পতাকা উত্তোলনের মধ্য দিয়েই বাঙালি ছাত্র ও সাধারণ মানুষ স্বাধীনতা সংগ্রামের প্রতি উজ্জীবিত হয় এবং মুক্তির পথে যাত্রা শুরু করে।
দেশের বাইরে, অর্থাৎ ভারতের কলকাতায় প্রথমবার ১৯৭১ সালের ১৮ এপ্রিল বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। ডেপুটি হাইকমিশনের প্রধান এম হোসেন আলী সেই সময় বাংলাদেশের প্রতি আনুগত্য প্রদর্শন করে পতাকা উত্তোলন করেন।
পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আজ নানান কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় আজ সকাল ১০টায় ‘পতাকা উত্তোলন দিবস’ উদযাপন করা হবে। অনুষ্ঠানে ঢাবি’র ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং ট্রেজারার উপস্থিত থাকবেন।
এছাড়া ডাকসুর সাবেক ভিপি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রব অতিথি হিসেবে বক্তব্য দেবেন।




