নেশা ছাড়ার চেষ্টায় সফল ড্যানিয়েল

0
6

অল্প বয়সে খ্যাতির চাপে নেশায় জড়িয়েছিলেন ‘হ্যারি পটার’ খ্যাত হলিউড তারকা ড্যানিয়েল র‍্যাডক্লিফ। তবে অন্ধকার সে জগত থেকে শেষ পর্যন্ত আলোর পথে ফিরতে পেরেছেন এ বিশ্বখ্যাত জনপ্রিয় অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ড্যানিয়েল প্রকাশ্যে আনেন তার শোবিজ দুনিয়ার ঝলমলে সাফল্যের আড়ালে লুকিয়ে থাকা কঠিন বাস্তবতাকে। অভিনেতা জানান, জনপ্রিয়তার চাপে একসময় সিগারেট ও মদ্যপানের নেশায় জড়িয়ে পড়েন তিনি।

ড্যানিয়েল বলেন, মাত্র ১৮ বছর বয়সেই আমি সিগারেট ও মদ্যপানে আসক্ত হয়ে পড়ি। ছোটবয়সে বিপুল জনপ্রিয়তা আমার উপর এক ধরনের চাপ তৈরি করেছিল। দর্শকদের কাছে আরও ভালোভাবে নিজেকে প্রমাণ করার তাগিদ থেকেই ধীরে ধীরে মদ্যপান ও ধূমপানের অভ্যাসে জড়িয়ে পড়ি আমি।

ড্যানিয়েল আরও বলেন, ২০১০ সালের দিকে শরীরে নানা অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করি। সমস্ত নেশা থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেই। এ লড়াই সহজ ছিল না। ২০১২ সালে আবারও নেশার দিকে ঝুঁকে পড়ি আর অস্বাভাবিকভাবে আমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

নেশার দুনিয়া থেকে মুক্তি পাওয়ার প্রচেষ্টা প্রসঙ্গে এ অভিনেতা বলেন,

এরপর নেশা ছাড়ার দৃঢ় সংকল্প নেই। ফিটনেসের দিকে গুরুত্ব বাড়াই। অনেক কষ্টে সিগারেট ও অ্যালকোহল সম্পূর্ণভাবে ছেড়ে দেই। বর্তমানে কফি পানও অনেক কমিয়ে এনেছি।

শৈশবেই বিশ্বজোড়া খ্যাতি পাওয়া এ অভিনেতা তাই বর্তমানে শিশুশিল্পীদের জন্য সেটে থেরাপি ও মানসিক কাউন্সেলিং-এর গুরুত্ব নিয়ে সচেতনতা তৈরি করছেন। তার জীবনের গল্প জানাচ্ছেন। বার্তা ছড়িয়ে দিচ্ছেন, সঠিক সময়ে পরিবার ও বন্ধুদের সমর্থন থাকলে যেকোনো কঠিন নেশা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here