কালো স্লিভলেস গেঞ্জি, ডেনিম শর্টস, লাল কনভার্স স্নিকার্স ও সাদা মোজার সঙ্গে শরীরজুড়ে ট্যাটু, ড্রেডলক চুল, গলায় নেকলেস এবং চোখে সানগ্লাস—নিজের জন্মদিনে এমন লুকে সামনে এসে ভক্তদের চমকে দিয়েছেন শাকিব খান।
এবার মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমাটি দর্শকদের মধ্যে প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলতে পারেনি। একদিকে টেকনিক্যাল জটিলতায় স্টার সিনেপ্লেক্সে যথাসময়ে না প্রদর্শন করতে পারা অন্যদিকে নির্মাণে কিছু ত্রুটি সিনেমাটি দর্শক টানার দৌড়ের কিছুটা পিছিয়ে পড়েছে। এর মধ্যেই ‘রকস্টার’-এর ফার্স্ট লুক নতুন করে প্রত্যাশা বাড়ালো।
জানা গেছে, মালয়েশিয়ায় আজমান রুশো পরিচালিত সিনেমা ‘রকস্টার’-এর শুটিং শুরু করেছেন শাকিব। ফার্স্ট লুক তার জন্মদিনেই প্রকাশ করার পরিকল্পনা ছিল নির্মাতার। সেই ঘোষণা অনুযায়ী, শনিবার নিজের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি প্রকাশ করেন শাকিব খান নিজেই।
প্রকাশিত পোস্টারে দেখা গেছে, একেবারেই ভিন্ন রূপে শাকিব খানকে। কালো পিচঢালা রাস্তায় বসে থাকা ‘রকস্টার’ অবতারে তিনি হাজির হয়েছেন সাহসী ও স্টাইলিশ লুকে।
পোস্টারটি শেয়ার করে ভক্তদের উদ্দেশে শাকিব লিখেছেন, ‘এটি তার পক্ষ থেকে জন্মদিনের উপহার।’ মন্তব্যের ঘরে অনেক ভক্তই শাকিবের লুকের প্রশংসা করেছেন, কেউ আবার জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা।
শোনা যাচ্ছে, ছবিতে শাকিবের বিপরীতে সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলাকে দেখা যাবে। আজমান রুশোর গল্পে ‘রকস্টার’-এর চিত্রনাট্য করেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।



