বাজারের চলতি পণ্যের পাশাপাশি অধিকাংশরা ঘরোয়া ও প্রাকৃতিক উপাদানে ত্বকের যত্ন নেন। যুগ যুগ ধরে ত্বকচর্চায় ব্যবহৃত হওয়া সব উপাদান কি সবার জন্য নিরাপদ? না। সবার ত্বক সমান নয়। ত্বকের সমস্যাও সমান নয়। তাই ঘরোয়া টোটকা যে সব সময়ে ভালো ফল দেবে, এমনটা না-ও হতে পারে। যতই প্রাকৃতিক টোটকা হোক, তার মধ্যে কিছু যৌগ থাকে, যা ত্বকের উপর প্রভাব ফেলে। তাই ত্বকের ধরন, সমস্যা না বুঝে ঘরোয়া টোটকা ব্যবহার করলে আদতে ত্বকেরই ক্ষতি।
কোন প্রাকৃতিক পণ্য ত্বকে মাখা যায় না
ব্রণ তাড়াতে অনেকেই মুখে লেবুর রস, টুথপেস্ট ব্যবহার করেন। এগুলো ত্বকের জন্য ক্ষতিকর। লেবুর রস ত্বকের পিএইচ স্তরের মাত্রা নষ্ট করে। এই উপাদানগুলো ত্বককে আরও সংবেদনশীল করে তোলে।
বেকিং সোডা, চিনি ইত্যাদি ত্বকে মাখা ঠিক নয়। এগুলোও ত্বককে রুক্ষ করে। নষ্ট করে দেয় ত্বকের প্রাকৃতিক তেলের পরত। একই ভাবে ত্বকে মাখা যায় না ডিমের সাদা অংশ। চামড়া টান টান রাখতে অনেকেই এটি ব্যবহার করেন। কিন্তু এতে ত্বকে অ্যালার্জির সমস্যা দেখা দেয়।
কোন উপাদান ত্বকের জন্য নিরাপদ?
ত্বকের যত্নে দই, হলুদ, বেসন, ওটমিল, মধু, অ্যালোভেরার মতো পণ্য ব্যবহার করা যায়। কিন্তু পরিমাণের দিকে নজর দেওয়া জরুরি। হলুদ যৎসামান্য পরিমাণে ব্যবহার করতে পারেন। এটি প্রদাহ কমাতে সাহায্য করে। অন্যদিকে, সংবেদনশীল ত্বকে আরাম এনে দেয় ওটস। ত্বকে অতিরিক্ত আর্দ্রতা জোগায় মধু। ত্বক এক্সফোলিয়েশনে সাহায্য করে দই। ত্বকের খেয়াল রাখে অ্যালোভেরা জেল। তাই এ উপাদানগুলো ত্বকের যত্নে ব্যবহার করা যায়।




