টিকা সংকটের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি

0
8

টিকা ক্রয়-সংক্রান্ত জটিলতার কারণে সরবরাহ ব্যাহত হয়ে হামের প্রাদুর্ভাব বেড়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে ‘হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তারা এ দাবি জানান।

নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেলের উদ্যোগে আয়োজিত এ বৈঠকে চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, গণমাধ্যমকর্মী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে বক্তারা বলেন, টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ায় হামের সংক্রমণ নিয়ন্ত্রণে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। কোনো ধরনের প্রশাসনিক বা ক্রয়-সংক্রান্ত জটিলতার কারণে যদি টিকার ঘাটতি সৃষ্টি হয়ে থাকে এবং এর ফলে শিশু মৃত্যুর ঘটনা ঘটে, তবে দায়ীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা জরুরি।
তারা বলেন, বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কর্মসূচি জোরদার করা, জনসচেতনতা বাড়ানো, স্বাস্থ্যসেবার প্রাপ্যতা উন্নয়ন এবং সমন্বিত উদ্যোগ নেওয়া অপরিহার্য। পাশাপাশি মাঠপর্যায়ে কার্যকর নজরদারি ও দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

বক্তারা স্বাস্থ্যকর্মীদের ভূমিকার প্রশংসা করে বলেন, তাদের প্রচেষ্টার কারণে অনেক ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। তবে ভবিষ্যতে দাবি-দাওয়া আদায়ের কর্মসূচিতে যেন জনদুর্ভোগ না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তারা।
বৈঠকে হামের প্রাদুর্ভাব নতুন কোনো ভাইরাস মিউটেশনের কারণে কিনা, তা নিয়েও গবেষণার ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে সামাজিক মাধ্যম ও গণমাধ্যম ব্যবহার করে জনসচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

আলোচনায় অংশ নিয়ে উপস্থিত অতিথিরা বর্তমান পরিস্থিতি মোকাবিলা ও ভবিষ্যতে এ ধরনের প্রাদুর্ভাব প্রতিরোধে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। বৈঠক শেষে এসব সুপারিশ স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারের কাছে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবীনা ইয়াসমিন ও অধ্যাপক ডা. ফোয়ারা তাসমিম, শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. হানিফ, ওজিএসবির সভাপতি অধ্যাপক ডা. ফিরোজা বেগমসহ বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা এ ধরনের সময় উপযোগী আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here