পশ্চিমবঙ্গের পর ওড়িশা পুলিশের দ্বারস্থ প্রিয়াঙ্কাসহ আর্টিস্ট ফোরাম

0
6

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যুর তদন্তে নতুন মোড় নিয়েছে। অভিনেতার মৃত্যুর ৭ দিন পর কলকাতার রিজেন্ট পার্ক থানার পর এবার ওড়িশার তালসারি মেরিন থানাতেও এফআইআর দায়ের করেছেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার ও আর্টিস্ট ফোরামের সদস্যরা।

শুটিং চলাকালীন গাফিলতির অভিযোগ তুলে দায়ীদের শাস্তি এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে অভিযোগে। ইতোমধ্যে এফআইআরটি মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত শুরু করার কথা জানিয়েছে পুলিশ।

এই মামলায় প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়সহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। ফলে তদন্ত আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে কলকাতায় রাহুলের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচারের দাবিতে শনিবার আর্টিস্ট ফোরাম রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। আর্টিস্ট ফোরামের দাবি, রাহুলের অকালমৃত্যুর দায় প্রযোজনা সংস্থারই। কলকাতায় তিনটি ধারায় এফআইআর করা হয়েছে। সেগুলো হল ৬১ (২), ১০৬(১) ২৪০ ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, অনিচ্ছাকৃত খুন ও অপরাধ সংগঠিত হয়েছে জেনেও সে সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দেওয়া।

অভিযোগ জানাতে প্রিয়াঙ্কা সরকারের পাশে ছিলেন টালিউডের শীর্ষ তারকারা- চিরঞ্জিৎ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, ভরত কল, ঋত্বিক চক্রবর্তী, সৌরভ দাস, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, লাবণী সরকার, বিদীপ্তা চক্রবর্তীসহ অনেকে।

একই দাবিতে শহরে প্রতিবাদ মিছিলও অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেন অপর্ণা সেন, অঞ্জন দত্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, জুন মালিয়া, অরিন্দম শীল, পিয়া সেনগুপ্ত ও ঋষি কৌশিকসহ আরও অনেকে। তারা রাহুলের সাদা-কালো ছবি হাতে নিয়ে ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নামেন।

পরে রাতে ওড়িশার তালসারি কোস্টাল থানায় গিয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে বৈঠক করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৌরভ দাস ও ইন্দ্রাশিস রায়। দীর্ঘ বৈঠকের পর তারা পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান।

ওড়িশা পুলিশের বালেশ্বর জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেবজ্যোতি দান জানিয়েছেন, এফআইআরটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে এবং দ্রুত তদন্ত শুরু হবে।

উল্লেখ্য, গত ২৯ মার্চ তালসারি সমুদ্রসৈকতে শুটিং চলাকালীন মর্মান্তিকভাবে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়–এর। প্রাথমিকভাবে জানা গেছে, সমুদ্রের জলে ডুবে যাওয়ার কারণেই তার মৃত্যু। তবে অভিযোগ উঠেছে, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শুটিং চলছিল এবং প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হয়নি।

ঘটনার এক সপ্তাহ পরও বহু প্রশ্নের উত্তর না মেলায়, প্রিয়াঙ্কা ও আর্টিস্ট ফোরামের এই আইনি পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাদের দাবি—দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির মাধ্যমে নিশ্চিত করতে হবে ন্যায়বিচার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here