রোদ থেকে বাড়ি ফিরে অনেকেই লেবু শরবত খেতে পছন্দ করেন। এতে প্রাণটা মনে হয় জুড়িয়ে যায়। শরীরে ফিরে আসে সতেজ ভাব। তা ছাড়া শরবত খেলে শরীরে ইলেক্ট্রোলাইটের ঘাটতিও মেটে, যা শুধু পানি খেয়ে মেটানো সম্ভব নয়। গরমে স্বস্তি পেতে শুধু লেবু শরবত নয়, বানাতে পারেন আরও নানা পদের শরবত। কিন্তু শরবত বানানো একটু ঝামেলাও বটে। তবে পাল্প তৈরি করা থাকলে, শরবত বানানো অনেক সহজ হয়ে যায়।
শরবতের আইস কিউব বানিয়ে রাখতে পারেন। খাওয়ার আগে তাতে শুধু আইস কিউব নিন। তাতে পানি মিশিয়ে দিলেই শরবত তৈরি হবে। বাড়িতে কোন কোন শরবতের আইস কিউব কী ভাবে বানিয়ে রাখবেন তা জেনে নিন-
লেবুর পানি
গরমকালে শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে লেবুর পানি। হারানো ইলেক্ট্রোলাইটের ঘাটতি মেটায় এই পানীয়। লেবুর শরবতের জন্যও আইস কিউব বানিয়ে রাখতে পারেন। ৫-৬টা লেবু নিন। লেবুর রস বের করে নিন। এ বার ওই মিশ্রণে থেঁতো করা পুদিনা পাতা এবং অল্প লবণ মিশিয়ে আইস ট্রে-তে ভরে ফ্রিজে রেখে দিন। খাওয়ার সময়ে একটা লেবুর আইস কিউব, ঠান্ডা পানি এবং স্বাদমতো লবণ চিনি মিশিয়ে দিন। তৈরি হয়ে গেল লেবুর পানি।
তরমুজের শরবত
গরমে তরমুজের শরবত খেলে পেট ঠান্ডা হয় সহজেই। টাটকা তরমুজ কেটে নিন। বীজগুলো ছাড়িয়ে ফেলে দিন। এ বার ব্লেন্ডারে পেস্ট করে নিন। এ বার এই মিশ্রণটি আইস ট্রে-তে ভরে ফ্রিজে রেখে দিন। খাওয়ার সময়ে একটা গ্লাসে ৩-৪ টা তরমুজের কিউব দিন। স্বাদমতো লবণ-চিনি এবং ঠান্ডা পানি মিশিয়ে পরিবেশন করুন।
আমপোড়ার শরবত তৈরির জন্য আইস কিউব তৈরির প্রয়োজন নেই। শুধু কাথ্ব বানিয়ে রাখলেই চলবে। কাঁচা আম পুড়িয়ে নিন। আমের পাল্প বের করে নিন। তাতে স্বাদমতো লবণ-চিনি, চাটমসলা মিশিয়ে নিন। এই কাথ্বটা এয়ার টাইট কৌটোতে ভরে ফ্রিজে রেখে দিন। কিংবা আইস কিউবও বানিয়ে নিতে পারেন।




