জাতীয় ফুটবল দলের কোচ হতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে পড়েছে তিন শতাধিক আবেদন। হামজা চৌধুরী-শমিত সোমদের কোচ নিয়োগের জন্য কাজ শুরু করে দিয়েছে চার সদস্যের বিশেষ কমিটি। বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটনের সঙ্গে কমিটিতে আছেন সাবেক ফুটবলার ছাইদ হাসান কানন, ইকবাল হোসেন ও টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। দায়িত্ব পাওয়ার পর বুধবার আনুষ্ঠানিকভাবে কাজও শুরু করে দিয়েছে কোচ নিয়োগে বিশেষ এই কমিটি।
এই কমিটির কাজ হলো ৩০০ বায়োডাটা থেকে সংক্ষিপ্ত তালিকা তৈরি করা। জাতীয় দলের কোচ হওয়ার জন্য ২০-২৫ জনের শর্টলিস্ট হবে বলে গতকাল সংবাদ মাধ্যমকে জানান কমিটির অন্যতম সদস্য ছাইদ হাসান কানন, ‘আমরাও কোচ। আমরা জানি কোন ধরনের কোচ আমাদের লাগবে। আর আমাদের কোন ধরনের কোচ অতীতে ছিল। আমাদের বলা হয়েছে, শর্টলিস্ট করার জন্য। সেই থেকে আমরা চেষ্টা করব ২০-২৫-এর ভেতরে একটা লিস্ট করে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটিকে দিতে। তারা যাচাই-বাছাই করবেন। যেহেতু আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হচ্ছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি সিভিগুলো দেখবেন, তার পর নির্বাহী কমিটিতে যাবে। এরপর আমরা সিদ্ধান্ত নেব আগামী দিনের আমাদের বাংলাদেশের কোচ হবেন কে।’
দীর্ঘ তালিকা থেকে সংক্ষিপ্ত তালিকা করা কঠিন। সেই কঠিন কাজটি শুরু করতে যাচ্ছে বাফুফের বিশেষ কমিটি। ঠিক কোন মানদণ্ডে কোচদের সংক্ষিপ্ত তালিকা হবে, তা নিয়েই চলছে আলোচনা। এই প্রসঙ্গে কাননের ব্যাখ্যা, ‘আমরা মিটিং করে সিদ্ধান্ত নেব কোন ক্রাইটেরিয়ায় কোচদের শর্টলিস্ট করব। আমরা অনেক বড় বড় কোচের সিভি পেয়েছি। তবে এটা বাংলাদেশের ফুটবলের জন্য বিরাট অধ্যায়। যে বাংলাদেশের ফুটবলে বড় মাপের কোচরা কোচিং করতে আগ্রহী। ওই ধরনের কোচ হতে হবে যে হামজা চৌধুরী-শমিত সোমদের মতো খেলোয়াড়দের হ্যান্ডল করতে পারে।’
বাংলাদেশের কোচ হতে আবেদন করেছেন বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক ফুটবলার এবং দলটির সহকারী কোচ বেনার্ড স্টর্ক। আবেদন করেছেন পর্তুগালের অ্যান্তোনিও কনসিসাও। এ দুজনের সিভি অনেক বেশি হাইপ্রোফাইল। বেনার্ড স্টর্কের হাত ধরে হাঙ্গেরি ৪৪ বছর পর ইউরোতে কোয়ালিফাই করেছে এবং রাউন্ড অব সিক্সটিনে খেলেছিল। কনসাসিও ক্যামেরুনকে তিন বছরে ফিফা র্যাঙ্কিংয়ে ৫৩ থেকে ৩৩ নম্বরে তুলেছেন। এ দুজনকে নিয়ে আলাদা কোনো চিন্তা করছেন কিনা– এমন প্রশ্নে কাননের উত্তর, ‘আমরা প্রথমে অগ্রাধিকার দেব প্রো-লাইসেন্স আছে কিনা। অবশ্যই তাদের অভিজ্ঞতা নিয়ে চিন্তা করব। অভিজ্ঞ কোচদেরই আমরা আনার চেষ্টা করব।’




