বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় গবেষণা জোরদার করা এবং নিরাপদ ভবন নির্মাণ নিশ্চিত করতে সরকারের কার্যকর ভূমিকা জরুরি বলে জানিয়েছেন ঢাকায় আয়োজিত সেমিনারে বক্তারা।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়।
প্রগতিশীল প্রকৌশলী, পরিকল্পনাবিদ ও স্থপতি সমাজ আয়োজিত “ভূমিকম্প: পরিপ্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক এই সেমিনারে আলোচনার শুরুতে রানা প্লাজা ধসে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সেমিনারে বক্তারা বলেন, রাজউকের মাধ্যমে ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে অনুমোদনপ্রাপ্ত পেশাজীবীদের দিয়েই নিরীক্ষা কার্যক্রম বাধ্যতামূলক করতে আইন প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ভূমিকম্প নিয়ে মানুষের মধ্যে যে ভীতি ও শঙ্কা রয়েছে তা দূর করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা ও জনসম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেবল আমলানির্ভর উদ্যোগে কাঙ্ক্ষিত ফল আসবে না।
অনুষ্ঠানে বক্তব্য দেন ভূমিকম্প ও ভবন নকশা বিশেষজ্ঞ এবং বুয়েটের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি। এছাড়াও বক্তব্য দেন নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ খন্দকার নিয়াজ রহমান, বুয়েটের অধ্যাপক ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি ড. খন্দকার সাব্বির আহমেদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূ-তাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন।
সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী মোশাররফ হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী ইমরান হাবিব রুমন




