ময়মনসিংহে ৮ বছরের শিশু ধর্ষণ মামলায় কবির হোসেন রুবেল মিয়া (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া শহরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাবুল মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, দীর্ঘ ১০ বছরের বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে বিচারক এই রায় প্রদান করেন। ময়মনসিংহ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের ইতিহাসে এটিই প্রথম যাবজ্জীবন কারাদণ্ডের রায়। রায় ঘোষণার পর কড়া নিরাপত্তায় আসামিকে জেলহাজতে পাঠানো হয়।
আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান জানান, ২০১৬ সালের ৩১ আগস্ট সন্ধ্যায় ভুক্তভোগী শিশুটি নিজ বাড়িতে ফিরছিল। পথে রুবেল মিয়া শিশুটির মুখ চেপে ধরে চাকুর ভয় দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যায় এবং তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকিও দেয় সে। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে পরিবারের কাছে বিস্তারিত জানালে তার বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ সরকারি কৌঁসুলি মজিবুর রহমান এই রায় নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘ সময় পর হলেও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এই রায় সমাজে শিশু সহিংসতা রোধে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।




