নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতার পুরস্কার হাতে হাতেই পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানার। সিরিজজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে র্যাংকিংয়ে প্রভাব পরেছে তাদের।
সবচেয়ে বড় লাফ দিয়েছেন ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় নাহিদ রানা। ১৬ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৪৮তম স্থানে। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ১১ ধাপ এগিয়ে এখন বিশ্বের ২৮ নম্বর ওয়ানডে বোলার। আর ১৪ ধাপের বড় লাফ দিয়ে ৪১তম স্থানে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান।
ব্যাটিংয়েও পিছিয়ে নেই টাইগাররা। নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ এগিয়ে ৩২তম স্থানে উঠেছেন। ওপেনার লিটন দাসও ১৫ ধাপ এগিয়ে এখন ৬৫ নম্বরে। অন্যদিকে, অলরাউন্ডারদের তালিকায় আরও এক ধাপ এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বর্তমানে তিনি যৌথভাবে বিশ্বের ৩ নম্বর ওয়ানডে অলরাউন্ডার।
নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে টাইগারদের। প্রথম ম্যাচে ম্যাচজয়ী হাফ সেঞ্চুরি করা তাওহিদ হৃদয় ৯ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে উঠে এসেছেন। তার সতীর্থ পারভেজ হোসেন ইমন ৩ ধাপ এগিয়ে এখন যৌথভাবে ৪০ নম্বরে। বোলারদের তালিকায় ৩ ধাপ উন্নতি হয়েছে অফস্পিনার শেখ মেহেদী হাসানের। তিনি এখন যৌথভাবে ১৮তম স্থানে।




