বাংলাদেশের ব্যান্ড সংগীতের পথিকৃৎদের একজন, কিংবদন্তি সংগীতগুরু জ্যাকব ডায়েস আবারও গিটার প্রশিক্ষণ দেওয়া শুরু করেছেন। সীমিত পরিসরে চালাচ্ছেন কার্যক্রম। এ তথ্য জানিয়ে তাঁর ঘনিষ্টজন গিটার প্রশিক্ষক এম ডি কামরুজ্জামান। বয়স আশির কোঠায় পৌঁছালেও জ্যাকবের সুরের প্রতি ভালোবাসা আজও অমলিন ও অটুট।
দেশের খ্যাতিমান সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ-এর মতো বহু তারকার সংগীতজীবনের পেছনে রয়েছে এই গুণী মানুষের অনন্য অবদান। বাংলাদেশের ব্যান্ড সংগীতের বিকাশে তাঁর ভূমিকা সত্যিই অসাধারণ।
জ্যাকব ডায়েস শুধু একজন প্রশিক্ষক নন, তিনি যেন এক চলমান প্রতিষ্ঠান। গিটার, ড্রামস, কিবোর্ড, পিয়ানো থেকে শুরু করে কণ্ঠসংগীত-প্রতিটি ক্ষেত্রে তাঁর দক্ষতা সমানভাবে উজ্জ্বল। তাঁর হাত ধরেই দেশের প্রথম নারী ব্যান্ডদল ব্লু বার্ড-এর যাত্রা শুরু হয়, যা সংগীতাঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করে।
চট্টগ্রামের লালখান বাজারের বাসিন্দা জ্যাকব ডায়েস প্রতিদিন সন্ধ্যায় পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন -এর লবিতে বসে তাঁর পিয়ানোর সুরে মুগ্ধ হন দেশি-বিদেশি অতিথিরা। বয়স যেন তাঁর কাছে শুধুই একটি সংখ্যা-সুরই তাঁর জীবনের প্রকৃত পরিচয়।
জ্যাকব ডায়েস মনে করেন, সংগীতের কোনো শেষ নেই। তাই জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সুরের মাধ্যমে ভালোবাসা ছড়িয়ে দিতে চান সবার মাঝে। নতুন প্রজন্মের মধ্যে সংগীত শিক্ষা ছড়িয়ে দিয়ে তিনি বেঁচে থাকতে চান মানুষের হৃদয়ে, সুরের মাঝেই।




