এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা

0
3

এল ক্ল্যাসিকোতে এর আগে এমন উত্তেজনাহীন ম্যাড়মেড়ে পরিবেশ সর্বশেষ কবে দেখা গেছে, সেটা একটা গবেষণার বিষয়! ইতিহাস গড়ার হাতছানিতে উৎসবের মেজাজে আছে বার্সেলোনা। আজ রিয়ালকে হারিয়ে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে শিরোপা উৎসবে মেতে ওঠার প্রস্তুতিতে ব্যস্ত হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ঠিক বিপরীত অবস্থা রিয়াল মাদ্রিদ শিবিরের। শিরোপা লড়াই থেকে প্রায় ছিটকে গেছে তারা। তার ওপর নিজেদের মধ্যে মারামারি, দ্বন্দ্ব-সংঘাতে জেরবার অবস্থা রিয়ালের। অবস্থা দেখে মনে হচ্ছে, এল ক্ল্যাসিকোতে মনোযোগ দেওয়ার মতো মানসিক অবস্থাতে নেই তারা। কোনো রকমে মৌসুম শেষ করতে পারলেই যেন বাঁচে রিয়াল।

বার্সার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে রিয়াল। আজ রিয়ালের বিপক্ষে ড্র করলেই তিন ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সার। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পারলে টানা দ্বিতীয় লা লিগা শিরোপা নিশ্চিতের পাশাপাশি বিরল এক ইতিহাসের অংশীদার হওয়ার পথেও এগিয়ে যাবে তারা। সেটা হলো ১০০ পয়েন্টের ম্যাজিক ফিগার ছোঁয়ার সম্ভাবনা বেঁচে থাকবে বার্সার। এ ম্যাচে জিতলে বার্সার পয়েন্ট হবে ৩৫ ম্যাচে ৯১। অবশিষ্ট তিন ম্যাচে ৯ পয়েন্ট পেলে হবে সেই ইতিহাস।

লা লিগা ইতিহাসে সর্বপ্রথম ১০০ পয়েন্ট সংগ্রহ করেছিল রিয়াল মাদ্রিদ, ২০১১-১২ মৌসুমে হোসে মরিনহোর কোচিংয়ে। পরের মৌসুমেই টিটো ভিলানোভার বার্সা এই ম্যাজিক ফিগার স্পর্শ করেছিল। চলতি মৌসুমে লা লিগায় বার্সা এখন পর্যন্ত ২৯টি জয় পেয়েছে। তারা যদি আজসহ অবশিষ্ট চারটি ম্যাচ জিততে পারে তাহলে নতুন রেকর্ড গড়বে। লা লিগার ইতিহাসে এক মৌসুমে ৩২ জয় নিয়ে মরিনহোর রিয়াল ও ভিলানোভার বার্সা যৌথভাবে শীর্ষে আছে। তাদের হটিয়ে এককভাবে রেকর্ডটির মালিকানা দখলের সম্ভাবনা রয়েছে হ্যান্সি ফ্লিকের বার্সার।

তবে এমন সব রেকর্ডের পেছনে ছুটতে থাকা বার্সা মৌসুমের শেষ ভাগে এসে পাচ্ছে না দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ তারকা লামিনে ইয়ামালকে। দলের আরেক তারকা রাফিনহা অবশ্য চোট থেকে সেরে উঠেছেন। গত ম্যাচে বেঞ্চে থাকলেও মাঠে নামেননি ব্রাজিলিয়ান এ উইঙ্গার। আজ তাঁর খেলার ব্যাপার বেশ আশাবাদী বার্সা ডিফেন্ডার জুলেস কুন্ডে, ‘সে এখানে চমৎকার অবস্থায় রয়েছে। ক্ল্যাসিকোতে তাকে পাওয়ার ব্যাপারে আমরা খুবই আশাবাদী। আজ ড্র হলেই লা লিগা জিতে নেব আমরা। তবে জিততে পারলে ভীষণ ভালো লাগবে।’

আর চোটে বিপর্যস্ত রিয়াল মাদ্রিদ। রদ্রিগো, গুলের, মিলিতাও, কর্তুয়াসহ সাতজন মাঠের বাইরে। হ্যামস্ট্রিং চোট থেকে ওঠে কিলিয়ান এমবাপ্পে অবশ্য গতকাল অনুশীলনে যোগ দিয়েছেন। আজ বদলি হিসেবে নামতে পারেন। এর মধ্যে গত বৃহস্পতিবার অনুশীলনে চুয়েমেনির সঙ্গে মারামারি করে হাসপাতালে যেতে হয়েছে ফেদে ভালভার্দেকে। কপালে সেলাই লাগায় সুস্থ হতে কমপক্ষে ১০ থেকে ১৪ দিন সময় লাগবে উরুগুইয়ান মিডফিল্ডারের। এজন্য এল ক্ল্যাসিকোতে পাওয়া যাবে না তাঁকে। মারামারি করায় দুজনকে ৫০ হাজার ইউরো করে জরিমানা করেছে রিয়াল কর্তৃপক্ষ।

তবে আর্থিক জরিমানা করলেও চুয়েমেনিকে এল ক্ল্যাসিকোর স্কোয়াডে রেখেছেন রিয়াল কোচ আলভারো আরবেলোয়া, ‘চুয়েমেনি স্কোয়াডে আছে। ক্লাব কর্তৃপক্ষ খুবই দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বিষয়টি মোকাবিলা করেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুই খেলোয়াড়ই ভীষণ অনুতপ্ত, তারা ক্ষমা চেয়েছেন।’ তার জন্য এটুকুই যথেষ্ট বলেও জানান তিনি, ‘এই ঘটনার জন্য আমি তাদের জনসম্মুখে অপমান করতে পারি না।’ তবে এই ঘটনার প্রভাব থেকে বের হয়ে মাঠের খেলায় পুরোপুরি মনোযোগ দেওয়া রিয়ালের জন্য কঠিন হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here