খুলনার একটি ঘেরে মাথা ও বুকে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পশ্চিমপাড় খুটিরঘাটের ঘেরে পাওয়া যায় তাঁর মরদেহ। শুক্রবার বিকেলে নরসিংদীর পলাশে ছুরিকাঘাতে আহত তরুণ রাতে ঢাকায় মারা যান। এতে ক্ষিপ্ত হয়ে স্বজন ও এলাকাবাসী গতকাল সকালে হামলাকারীদের বাড়ি পুড়িয়ে দিয়েছে। শুক্রবার রাতে গাজীপুর ও গাইবান্ধার সাদুল্লাপুরে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়। একই রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাড়ি মালিকের লাথিতে প্রাণ গেছে ভাড়াটিয়ার। বাগেরহাটে গতকাল ৬ বছরের শিশুকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে সৎমাকে আটক করেছে পুলিশ। চট্টগ্রামের সীতাকুণ্ডে ছেলের ছুরিকাঘাতে নিহত হয়েছেন বৃদ্ধ বাবা।
মাছের ঘেরে যুবকের লাশ
খুলনায় ওমর ফারুক ওরফে রাব্বি (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি নগরীর জাব্দিপুরের ইব্রাহীম শেখের ছেলে। গ্রামের বাড়ি সাতক্ষীরায় হলেও রাব্বি দৌলতপুরে মা-বোনের সঙ্গে থাকতেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পশ্চিমপাড় খুটিরঘাটের ঘেরে তাঁর লাশ উদ্ধার করা হয়। রাব্বির মাথা ও বুকে দুটি গুলির চিহ্ন রয়েছে।
খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, রাতে রাব্বিকে গুলি করে হত্যা করে ওই মাছের ঘেরে ফেলে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে বিস্ফোরিত গুলির খোসা পাওয়া গেছে। নিহত যুবক স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
দৌলতপুর থানার ওসি মো. মুরাদুল ইসলাম জানান, সকালে এক ব্যক্তি ঘেরের পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। রক্তাক্ত রাব্বির লাশের মাথা ও বুকের মাঝখানে গুলির চিহ্ন দেখা গেছে। পাশে পড়ে থাকা মোবাইল ফোন থেকে বোনের নম্বরে কল দিয়ে পরিচয় নিশ্চিত হয় পুলিশ।
রাব্বি হত্যাকাণ্ড নিয়ে চলতি বছরে খুলনায় ১১টি হত্যাকাণ্ড ঘটেছে। গত বছর হয়েছে ৩৭টি।
গভীর রাতে মৃত্যু, সকালে হামলা
নরসিংদীর পলাশে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাত করা হয়েছিল আশিক ভূঁইয়া (২০) নামে এক তরুণসহ তিনজনকে। শুক্রবার বিকেলে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। রাত ৩টার দিকে সেখানে মারা যান আশিক। এ সংবাদে গতকাল সকালে উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর গ্রামে হামলাকারীদের বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় ভাঙচুর করা হয়েছে আরও দুটি বাড়ি।
আশিক ভূঁইয়া মাঝেরচরের মনির হোসেন ভূঁইয়ার একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রগুলো জানায়, একই গ্রামের ইউনুস আলীর ছেলে সাগর ও তার ছোট ভাই সোহাগের সঙ্গে মাদক সেবন বিষয়ে গত বৃহস্পতিবার রুহুল আমিনের তর্ক হয়। এ বিরোধ মেটানোর চেষ্টা করছিলেন আশিক। তাঁর মা খুকুমনি কাঁদতে কাঁদতে বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দুই পক্ষকে নিয়ে সালিশের সময় দিয়েছিলেন স্থানীয় প্রভাবশালী আরমান মিয়াসহ অন্যরা। তারা এদিন গণ্যমান্য ব্যক্তিদের অপেক্ষায় ছিলেন। কিন্তু সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে সাগর, সোহাগ, তাদের বাবা ইউনুস আলীসহ ১০-১৫ জন হঠাৎ আশিকের ওপর হামলা করে। সাগর ছুরি দিয়ে তার শরীরে একাধিক আঘাত করে। তাকে ফেরাতে এলে রুহুল আমিন ও ইলিয়াসকেও আঘাত করা হয়।
এলাকাবাসী আশিক, রুহুল ও ইলিয়াসকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। রাত ৩টার দিকে আশিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রুহুল গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।
এদিকে গতকাল সকালে আশিকের মৃত্যুর খবরে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাদের একাংশ সাগরদের বাড়ি গিয়ে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া সাগরের চাচা মিন্নত আলী ও আরেক আত্মীয়ের বাড়িতেও ভাঙচুর করা হয়।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন বলেন, নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্তের পর আশিকের মরদেহ গতকাল সন্ধ্যার পর তার বাড়িতে আনা হয়। সেখানে জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন হয়েছে। তার স্বজনেরা এলে রাতেই মামলা হবে। ইতোমধ্যে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।
পারিবারিক বিরোধে চার হত্যাকাণ্ড
চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক বিরোধে তর্কাতর্কির সময় ছেলে মোহাম্মদ আব্দুল্লাহর ছুরিকাঘাতে নিহত হয়েছেন মোহাম্মদ নূর উল্লাহ (৬৫) নামে এক ব্যক্তি। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জঙ্গল সলিমপুর ৫ নম্বর ওয়ার্ড ছিন্নমূল সমাজ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
বাগেরহাটের ফকিরহাটে সাড়ে ৬ বছর বয়সী মো. তালহাকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎমা রুবাইয়া আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় রুবাইয়াকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। এদিন সকাল ১০টার দিকে উপজেলার লখপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে গাজীপুরে ফারজানা আক্তার (১৯) নামে এক তরুণীর পোড়া লাশ তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে মহানগরের কোনাবাড়ী নতুন বাজার নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ফারজানার স্বামী বাবু ও বাড়ির কেয়ারটেকার রোমানকে আটক করা হয়েছে। হত্যার পর লাশ পুড়িয়ে কি বাবু বাইরে যান, নাকি ফারজানা আত্মহত্যা করেন– তদন্ত চলছে।
গাইবান্ধার সাদুল্লাপুর থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, শুক্রবার রাতে শিমুলি আক্তার শিউলির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শিউলির ভগ্নিপতি নুরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। শিউলির মেয়ের দেওয়া তথ্যানুযায়ী, তাঁকে মারধরের পর মরদেহ ঝুলিয়ে পালিয়ে যান স্বামী আনোয়ারুল ইসলাম ও প্রথম স্ত্রী সুলতানা বেগম।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা দোভাষী বাজারে শুক্রবার রাতে দোকান মালিকের লাথিতে প্রাণ গেছে আবুল কাশেম (৬৫) নামে এক ভাড়াটিয়ার।




