সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত

0
7

কক্সবাজারের উখিয়া সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন এলাকায় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী কাটাপাহাড় সীমান্তসংলগ্ন মিয়ানমার অংশে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মো. সালমান (২৭)। তিনি উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং মো. নিজামত আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণে তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে ।

ক্যাম্পের বাসিন্দা আহমদ উল্লাহ জানান, সীমান্তের ওপারে যাওয়ার সময় হঠাৎ মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সালমান গুরুতর আহত হন। পরে অন্য রোহিঙ্গাদের সহযোগিতায় তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হওয়ার খবর পেয়েছি। তবে বিভিন্ন সময় অভিযোগ পাওয়া যায়, কিছু রোহিঙ্গা অবৈধভাবে সীমান্ত পার হয়ে মাদক আনার সঙ্গে জড়িত। বৈধ কোনো কারণ ছাড়া তাদের সীমান্তের ওপারে যাওয়ার সুযোগ খুবই সীমিত।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ‘মাইন বিস্ফোরণে আহত হওয়ার বিষয়ে এখনো থানায় আনুষ্ঠানিকভাবে কেউ কোনো তথ্য জানায়নি।’

এদিকে, গতকাল রোববার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তিনজন নিহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here