শরীয়তপুরের জাজিরায় মরিচক্ষেতের পাশে পড়ে থাকা ককটেলসদৃশ বস্তু বিস্ফোরণে রাহাত মাদবর (১০) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণের ফলে তার হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
শুক্রবার সকাল ১০টার দিকে জাজিরা উপজেলার চরধুপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাহাত ওই এলাকার সামসু মাদবরের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ভিটায় লাগানো মরিচক্ষেত থেকে মরিচ আনতে যায় রাহাত। এ সময় বাবুল মাদবরের ভিটার মধ্যে পড়ে থাকা ককটেলসদৃশ একটি বস্তু দেখতে পেয়ে সেটি হাতে তুলে নেয়। পরে নাড়াচাড়ার একপর্যায়ে বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। এতে রাহাতের হাতের কবজি ছিটকে বিচ্ছিন্ন হয়ে যায়।
বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত অবস্থায় রাহাতকে উদ্ধার করেন। পরে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহত শিশুর চাচা বাবুল মাদবর বলেন, ‘কে বা কারা মরিচক্ষেতে ককটেল রেখে গেছে, তা তদন্ত করে বের করা প্রয়োজন। আমার ভাতিজা গুরুতর আহত হয়েছে।’
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, শিশুটি কুড়িয়ে পাওয়া ককটেলটি খোলার চেষ্টা করলে বিস্ফোরণ ঘটে। এতে তার দুই হাতের কবজি পর্যন্ত গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




