বাজেটকে সম্ভাবনার আলোকবর্তিকা বলল জাপার একাংশ

0
6

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সম্ভাবনার আলোকবর্তিকা এবং বাস্তবায়নের এক কঠিন পরীক্ষা বলে আখ্যা দিয়েছে জাতীয় পার্টির (জাপা) একাংশ। দলটির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বিদ্যমান কঠিন সময়কে মোকাবিলার লক্ষ্যে বাজেট প্রণয়ন করতে হয়েছে বলে মনে হচ্ছে।

আজ শনিবার গুলশানের বাসভবনে সংবাদ সম্মেলনে জাপার একাংশের চেয়ারম্যান প্রস্তাবিত বাজেটকে ঘাটতি ও ঋণ নির্ভরও বলেন। তিনি বলেছেন, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও নবায়নযোগ্য জ্বালানি প্রতি গুরুত্ব রয়েছে। অন্যদিকে এর প্রধান দুর্বলতা রাজস্ব আহরণের অনিশ্চয়তা, বড় ঘাটতি, ঋণনির্ভর অর্থায়ন এবং বাস্তবায়ন পরিকল্পনার অস্পষ্টতা।

জিএম কাদেরের নেতৃত্বাধীন জাপা ছেড়ে একই নামে পৃথক দল গঠন করা আনিসুল ইসলাম বলেছেন, সার্বিক বিবেচনায় এ বাজেট জনগণকে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ দিয়েছে। কিন্তু সেই স্বপ্ন কতটা বাস্তবে রূপ নেবে, তা নির্ভর করবে সরকারের দক্ষতা, স্বচ্ছতা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের সক্ষমতার ওপর।

সংবাদ সম্মেলনের জাপার এই অংশের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের জন্য শুধু অর্থনৈতিক পরিকল্পনা যথেষ্ট নয়। সুশাসন, আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে।

রুহুল আমিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জাতীয় পার্টির অনেক নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  বিশ্বাস করতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অবিলম্বে মামলা ও নিষেধাজ্ঞা তুলে নেবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাপার পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো- চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, মুসলিম লীগ সভাপতি মহসিন রশীদ, ইসলামিক মহাজোট চেয়ারম্যান আবু নাসের অহেদ ফারুক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here