দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে বিচারক এবং আইনজীবীদের পোশাকবিধিতে নতুন নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট। নতুন নির্দেশনা অনুযায়ী, ১ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিচারক ও আইনজীবীদের জন্য কালো কোট পরা বাধ্যতামূলক থাকবে না।
মঙ্গলবার হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। প্রধান বিচারপতির আদেশক্রমে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
নির্দেশনায় বলা হয়েছে, অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালের বিচারকরা গাউন পরিধান করবেন। পাশাপাশি ক্ষেত্রবিশেষে সাদা ফুলশার্ট অথবা সাদা শাড়ি বা সালোয়ার-কামিজের সঙ্গে সাদা নেক ব্যান্ড পরবেন। তবে তাদের জন্য কালো কোট পরা বাধ্যতামূলক নয়।
আইনজীবীদের ক্ষেত্রেও আগের পোশাকবিধির অন্যান্য অংশ বহাল রাখা হয়েছে। তারা সাদা ফুলশার্ট অথবা সাদা শাড়ি বা সালোয়ার-কামিজের সঙ্গে সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন। তবে তাদের জন্যও কালো কোট ও গাউন পরা বাধ্যতামূলক থাকবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ নির্দেশনা ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। বিষয়টি বাস্তবায়নের জন্য দেশের সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, বিভিন্ন বিশেষ ট্রাইব্যুনাল, প্রশাসনিক ট্রাইব্যুনাল, শ্রম আদালতসহ সংশ্লিষ্ট বিচারিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।




