বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তুম্বাড ২’-এ যুক্ত হলেন আলিয়া ভাট। মঙ্গলবার (১৪ জুলাই) অভিনেতা ও প্রযোজক সোহম শাহ সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়ার অন্তর্ভুক্তির ঘোষণা দেন। ২০২৭ সালের ৩ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ইনস্টাগ্রামে আলিয়া ভাটের সঙ্গে একটি ছবি প্রকাশ করে সোহম শাহ লেখেন, “নতুন একটি অধ্যায়ের সূচনা। ‘তুম্বাড ২’-এ স্বাগতম, আলিয়া ভাট। দেখা হবে প্রেক্ষাগৃহে।” এরপর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ছবিটি।
২০১৮ সালে মুক্তি পাওয়া ‘তুম্বাড’ ভারতীয় সিনেমায় লোককথানির্ভর অতিপ্রাকৃতিক হরর ঘরানার অন্যতম আলোচিত নির্মাণ হিসেবে প্রশংসা কুড়ায়। কোঙ্কণ উপকূলের রহস্যময় আবহ, ‘হাস্তার’-এর কিংবদন্তি এবং ব্যতিক্রমী নির্মাণশৈলীর কারণে সিনেমাটি সমালোচক ও দর্শক—উভয়েরই প্রশংসা পায়। পরবর্তী সময়ে পুনর্মুক্তিতেও ছবিটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে।
এর আগে সিক্যুয়েলের ঘোষণা দিতে প্রকাশিত পোস্টারে সোহম শাহ লিখেছিলেন, “পাপে ভরা অতীত, অশনি সংকেতময় ভবিষ্যৎ। লোভের উত্তরাধিকার আবারও জেগে উঠছে।” সেই বার্তার মধ্য দিয়েই সিক্যুয়েলের রহস্যময় আবহের ইঙ্গিত দেওয়া হয়েছিল। মুক্তির তারিখ ঘোষণার আগে নির্মাতারা একটি মোশন পোস্টার ও কয়েকটি রহস্যঘেরা পোস্ট প্রকাশ করে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে তোলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোহম শাহ বলেন, “‘তুম্বাড’ সবসময়ই আমার কাছে বিশেষ একটি প্রকল্প। ‘তুম্বাড ২’-এর মাধ্যমে আমরা সেই জগতকে আরও গভীর ও বিস্তৃতভাবে দর্শকদের সামনে তুলে ধরতে চাই। আগের সিনেমার পৌরাণিক আবহ ও রহস্য বজায় রেখেই নতুন গল্প ও নতুন মাত্রা যোগ করা হয়েছে। পরিচিত সেই জগত এবার আরও বড় পরিসরে ফিরে আসবে।”
ভারতীয় গণমাধ্যমের খবর, সিক্যুয়েলে আলিয়া ভাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। পাশাপাশি নওয়াজউদ্দিন সিদ্দিকীও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন। আগের সিনেমার গল্পের ধারাবাহিকতাতেই নির্মিত হচ্ছে নতুন কিস্তি। পরিচালনায় রয়েছেন আদেশ প্রসাদ। সোহম শাহ ফিল্মস ও পেন স্টুডিওসের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি পরিবেশন করবে পেন মারুধর। ২০২৭ সালের ৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘তুম্বাড ২’।




