কোটি টাকায় বিক্রি হলো বিটিএস তারকা জিমিনের সেই শার্ট

0
4

২০২৬ ফুটবল বিশ্বকাপের বিভিন্ন স্মারক নিয়ে আয়োজিত এক দাতব্য নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে ফাইনালে ব্যবহৃত ম্যাচের বল এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতদল বিটিএসের সদস্য জিমিনের পরা শার্ট। প্রতিটি স্মারকের দাম উঠেছে ১ লাখ ১০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩৫ লাখ টাকার বেশি।

ক্রিস্টিজ নিলাম প্রতিষ্ঠানের আয়োজনে ‘একটি গোল: ফিফার বৈশ্বিক নাগরিক শিক্ষা তহবিলের জন্য নিলাম’ শীর্ষক অনলাইন নিলাম এক সপ্তাহ চলার পর বুধবার শেষ হয়। নিলাম থেকে মোট ৬ লাখ ৫২ হাজার ৬৩০ মার্কিন ডলার সংগ্রহ হয়েছে, যা আয়োজকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। বিশ্বের ২৪টি দেশের ক্রেতারা এতে অংশ নেন।

বিশ্বকাপের ফাইনালের মধ্যবিরতির সাংস্কৃতিক আয়োজনে বিটিএস তাদের জনপ্রিয় গান ‘ডায়নামাইট’ পরিবেশন করে। ব্যান্ডটির সদস্যদের ব্যবহৃত পোশাক ও বিভিন্ন আনুষঙ্গিক সামগ্রী মিলিয়ে বিক্রি হয়েছে ৩ লাখ ৩০০ মার্কিন ডলার, যা নিলামের মোট আয়ের প্রায় ৪৬ শতাংশ।

জিমিনের শার্টের পাশাপাশি ভির ব্যবহৃত স্কার্ফ বিক্রি হয়েছে ৪৬ হাজার ২০০ ডলারে। একই দামে বিক্রি হয়েছে জাংকুকের জ্যাকেটও। সুগার প্যান্ট বিক্রি হয়েছে ৩৩ হাজার ডলারে, জে-হোপের গ্লাভস ২৮ হাজার ৬০০ ডলারে, আরএমের বুট ১৯ হাজার ৮০০ ডলারে এবং জিনের বেল্ট ১৬ হাজার ৫০০ ডলারে।

এ ছাড়া পপ তারকা শাকিরাকে উপহার দেওয়া লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনার জার্সি বিক্রি হয়েছে ৬৬ হাজার ডলারে। উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাডোনার ব্যবহৃত ও স্বাক্ষর করা গোলরক্ষকের গ্লাভস বিক্রি হয়েছে ৪১ হাজার ৮০০ ডলারে। আর মধ্যবিরতির আয়োজনে জাস্টিন বিবারের পরা একটি স্নিকার্স জুতা বিক্রি হয়েছে ২৬ হাজার ৪০০ ডলারে।

নিলাম থেকে পাওয়া অর্থ ফিফার বৈশ্বিক নাগরিক শিক্ষা তহবিলে দেওয়া হবে। সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা এবং ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে এই তহবিল কাজ করে। বিশ্বের প্রায় ২০০টি দেশে তৃণমূল পর্যায়ের বিভিন্ন কর্মসূচিতে এ অর্থ ব্যয় করা হবে।

গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতে স্পেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here