গাজীপুরের শ্রীপুরে সুতিয়া নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বাপ্তা-বেলদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিক্ষার্থী হলেন বেলদিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাব্বী (১১) ও একই গ্রামের রুহুল আমিনের ছেলে মুত্তাসীন (১১)। তারা দুজনই বাপ্তা-বেলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকালে বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে রাব্বী, মুত্তাসীনসহ কয়েকজন সহপাঠী বাড়ির পাশের সুতিয়া নদীতে সাঁতার কাটতে যায়। নদীতে নামার পর একপর্যায়ে একজন পানিতে ডুবে যেতে থাকলে তাকে উদ্ধারের চেষ্টা করে অপরজনও পানিতে নামে। পরে দুজনই পানিতে তলিয়ে যায়।
এ সময় সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার করে আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। পরে স্থানীয় লোকজন নদীতে নেমে খোঁজাখুঁজি করে রাব্বী ও মুত্তাসীনকে উদ্ধার করেন। তাদের দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুই শিশুর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের মধ্যেও শোকের পরিবেশ তৈরি হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীুনুর আলম সমকালকে বলেন, স্থানীয়দের কাছ থেকে দুই শিশুর পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে পুলিশ বিষয়টি জানতে পারে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে সুতিয়া নদীতে পানির গভীরতা ও স্রোত বেড়ে যায়। নদীর পাড়ের শিশুরা প্রায়ই সেখানে সাঁতার কাটে। এ ঘটনায় নদীতে শিশুদের সাঁতার কাটার বিষয়ে সতর্কতা ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।


