মঞ্চের আলো, দর্শকের মুখোমুখি অভিনয় আর চরিত্র হয়ে ওঠার সেই বিশেষ মুহূর্ত– বন্যা মির্জার কাছে সবচেয়ে বড় আনন্দের জায়গাগুলোর একটি। দীর্ঘ অভিনয়জীবনে ঢাকার মঞ্চে যেমন নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন, তেমনি টেলিভিশন নাটকেও পেয়েছেন দর্শকের ভালোবাসা ও প্রশংসা। এবার দেশের সীমানা পেরিয়ে সেই মঞ্চের অভিজ্ঞতাই নতুন করে নিতে যাচ্ছেন এই অভিনেত্রী।
এবার মঞ্চটি নিউইয়র্কের। যুক্তরাষ্ট্রে থাকা বন্যা মির্জা প্রথমবারের মতো নিউইয়র্কের মঞ্চে অভিনয় করতে যাচ্ছেন। তাঁর অভিনীত নতুন নাটক ‘নেমেসিস’ মঞ্চস্থ হতে যাচ্ছে নিউইয়র্কের জ্যামাইকায়। নাটকটি লিখেছেন মাসুম রেজা। নির্দেশনা দিচ্ছেন খায়রুল ইসলাম পাখি। দীর্ঘদিন তিনি ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। নাটকটির প্রযোজনা করছে থিয়েটার ৭১।
আগামী ৫ সেপ্টেম্বর ‘নেমেসিস’-এর প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। একই দিনে নাটকটির দুটি শো থাকবে। প্রথম প্রদর্শনী বিকেল ৫টায় এবং দ্বিতীয়টি সন্ধ্যা ৭টায়। নিউইয়র্কের মঞ্চে প্রথমবার অভিনয় করতে যাওয়ার বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বন্যা মির্জা। তাঁর কাছে বিষয়টি শুধু নতুন একটি মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা নয়; বরং বাংলা ভাষার নাটককে প্রবাসের মাটিতে দর্শকের সামনে তুলে ধরারও একটি সুযোগ। বন্যা মির্জা বলেন, ‘প্রথমত ভালো লাগছে এজন্য যে, আমরা একটি নাটক নিয়ে দর্শকদের সামনে আসতে যাচ্ছি। এটা আমার জন্য অনেক আনন্দের। অনেক বেশি ভালো লাগার। কেননা, এটি মঞ্চনাটক। মঞ্চে অভিনয়ের অন্যরকম আনন্দ কাজ করে।’
নিউইয়র্কের মতো বহুজাতিক শহরে বাংলাদেশের বাংলা ভাষার একটি নাটক মঞ্চস্থ হওয়াকেও বিশেষভাবে দেখছেন এই অভিনেত্রী। তাঁর ভাষায়, ‘নিউইয়র্কের মতো জায়গায় বাংলাদেশের বাংলা ভাষার নাটক নেমেসিস মঞ্চস্থ হচ্ছে। এই জন্যও অনেক ভালো লাগা কাজ করছে।’
‘নেমেসিস’ নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে মহড়া। নতুন মঞ্চ, নতুন দর্শক। সব মিলিয়ে প্রস্তুতিতেও কোনো ঘাটতি রাখতে চান না দলের সদস্যরা। নিজেদের প্রস্তুতি প্রসঙ্গে বন্যা বলেন, ‘নাটকটির মহড়া চলছে বেশ কিছুদিন ধরে। কতটুকু করতে পেরেছি, তা দর্শকরা দেখার পর বলতে পারবেন। আমাদের চেষ্টার ত্রুটি নেই। আমরা চেষ্টা করছি।’
অভিনয়ের পাশাপাশি নিউইয়র্কে বাংলা নাটকের চর্চা অব্যাহত রাখার বিষয়টিও বন্যা মির্জাকে আনন্দিত করছে। প্রবাসে বাংলা ভাষার নাটক নিয়মিত মঞ্চায়নের মধ্য দিয়ে সংস্কৃতির সঙ্গে মানুষের যোগাযোগ আরও দৃঢ় হবে বলেই মনে করেন তিনি।
অভিনয়ের দীর্ঘ পথচলায় মঞ্চকে বরাবরই বিশেষ গুরুত্ব দিয়েছেন বন্যা মির্জা। কারণ, মঞ্চে অভিনয়ের ক্ষেত্রে অভিনয়শিল্পীকে দর্শকের একেবারে সরাসরি প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয়। সেই অভিজ্ঞতার আনন্দও আলাদা। এবার সেই আনন্দই নতুন করে ছড়িয়ে দিতে যাচ্ছেন নিউইয়র্কের দর্শকদের মধ্যে।’


