ইউক্রেনে হামলা জোরদার করার হুমকি রাশিয়ার

রাশিয়ার রাজধানী মস্কো ও এর আশপাশের অঞ্চলগুলোতে সম্প্রতি ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। জবাবে হামলা আরও জোরদার করার হুমকি দিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার বেসামরিক স্থাপনায় কিয়েভ হামলা চালিয়েছে। জবাবে রুশ সেনাবাহিনী কিয়েভে সামরিক স্থাপনা লক্ষ্য করে উচ্চ নির্ভুলতার হামলা চালানো অব্যাহত রাখবে।

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া বড় ব্যবধানে এগিয়ে রয়েছে।

দেশটির অভিযোগ, নির্বাচনের ভোট গ্রহণের শেষ দিন মস্কোতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলার লক্ষ্য ছিল নির্বাচন ব্যাহত করা। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর মস্কোর ওপর এটিই সবচেয়ে বড় হামলা বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিনের দাবি, হামলায় প্রায় ১ হাজার ৬০০টি ড্রোন ব্যবহার করা হয়। এর মধ্যে ৪৫০টি সরাসরি মস্কোকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

হামলার পরের বিভিন্ন ছবিতে মস্কোর উপকণ্ঠের একটি বহুতল আবাসিক ভবনে বড় ধরনের গর্ত দেখা গেছে। অন্য একটি ছবিতে একটি তেল শোধনাগার বলে ধারণা করা স্থাপনা থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার প্রশংসা করে বলেন, ‘‘গত রাতে মস্কো অঞ্চলে আমাদের দূরপাল্লার হামলার ব্যাপক প্রভাব পড়েছে। মস্কোতে হামলার জন্য ইউক্রেনে তৈরি ‘ফ্লামিঙ্গো’ ক্রুজ ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়েছে। এর আগে রাশিয়ার ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই দূরপাল্লার অস্ত্র ব্যবহার করা হয়েছিল।’’

এদিকে ইউরোপের গোয়েন্দা কর্মকর্তারা আশঙ্কা করছেন, রাশিয়া ন্যাটোকে পরীক্ষা করে দেখার জন্য শিগগিরই কোনো পদক্ষেপ নিতে পারে। সাংবাদিক শন ওয়াকার লিখেছেন, এক ইউরোপীয় গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার সম্ভাব্য হামলা বছরের মধ্যে নয়, কয়েক মাসের মধ্যে হতে পারে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও পার্লামেন্টে বলেছেন, গোয়েন্দা মূল্যায়নে আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়া ন্যাটোভুক্ত কোনো ভূখণ্ডে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মাধ্যমে রাশিয়া প্রমাণ করতে চাইতে পারে, ন্যাটোর বহুল আলোচিত ‘অনুচ্ছেদ ৫’ বাস্তবে যতটা কার্যকর বলে ধারণা করা হয়, তা আসলে ততটা নয়।

কিয়েভের আশপাশের অঞ্চলে চারজন নিহত
রাশিয়ার রাতভর হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের অঞ্চলে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে বলে রোববার জানিয়েছে কিয়েভের আঞ্চলিক কর্তৃপক্ষ। সারাদিন কিয়েভ ও আশপাশের এলাকায় রুশ ড্রোন হামলা অব্যাহত ছিল। রাজধানীর বিভিন্ন এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে। একটি ব্যক্তিগত বাড়িতে রুশ ড্রোন হামলায় এক নারী ও তাঁর তিন বছর বয়সী দুই সন্তান নিহত হয়েছেন বলে জানিয়েছে জরুরি সেবা বিভাগ। খবর দ্য গার্ডিয়ানের।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর