কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতার বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত চব্বিশে মানবতাবিরোধী অপরাধ

চব্বিশের গণঅভ্যুত্থানের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্যসহ সাত প্রভাবশালী নেতার বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। শিগগির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগপত্র জমা দেবে রাষ্ট্রপক্ষ।

অভিযোগপত্রে থাকা আসামিরা হলেন– আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী ও ১৪ দলীয় জোটের সাবেক সমন্বয়ক আমির হোসেন আমু, সাবেক মন্ত্রী কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান, সাবেক মন্ত্রী শাজাহান খান, আবদুর রাজ্জাক, দীপু মনি এবং দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
তাদের বিরুদ্ধে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’র অভিযোগ আনা হয়েছে।

তাদের মধ্যে আমির হোসেন আমু, শাজাহান খান, কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান, মির্জা আজমের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় এই প্রথম কোনো তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা থেকে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশন কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সেটি পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করা হচ্ছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম জানিয়েছেন, এ মামলার সাত আসামির প্রত্যেকেই তৎকালীন সরকারের প্রভাবশালী নেতা ছিলেন। তারা দল হিসেবে আওয়ামী লীগের নীতিনির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।

প্রসিকিউটর তামীম আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ওপর জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে এক হাজার ৪০০ ছাত্র-জনতাকে হত্যার তথ্য উঠে এসেছে। এ কারণে প্রত্যেক আসামির বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটির অভিযোগ আনা হয়েছে।
এ মামলার অন্যতম আসামি সাবেক মন্ত্রী শাজাহান খান মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে জুলাই আন্দোলন চলাকালে মাদারীপুরে সংঘটিত হত্যা এবং সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটিসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তাঁর বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। অন্য ছয় আসামির বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি এবং জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা ও মিরপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর