ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানায় গতকাল শনিবার বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী। এতে অন্তত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে হুতিদের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম আল-মাসিরা জানিয়েছে। একই দিনে ইয়েমেনের মোখা শহর ও এর আশপাশে প্রায় ২০টি বিমান হামলার খবরও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।
আল-মাসিরার প্রতিবেদনে এসব হামলাকে ‘সৌদি শত্রুর বিমান হামলা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, রাজধানী সানার পশ্চিমাঞ্চলীয় আসর এলাকায় একটি বাড়িতে হামলা চালানো হয়। এতে অন্তত তিনজন নিহত হন। আহত হন আরও কয়েকজন। হতাহতের এই সংখ্যা প্রাথমিক হিসাব বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
সানা গভর্নরেটের একটি সিমেন্ট কারখানায় পৃথক হামলার ঘটনাও জানিয়েছে আল-মাসিরা। ওই হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। এর আগে সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনবিষয়ক সামরিক জোট জানিয়েছিল, হুতিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর তায়েফ ও ইয়ানবুর দিকে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়েছিল বলে জানায় জোটটি।
এদিকে শনিবার সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা দেশটির পশ্চিমাঞ্চলের চারটি এলাকায় সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করে। এসব এলাকার মধ্যে তায়েফ, ইয়ানবু, মক্কা ও জেদ্দা রয়েছে। সতর্কতা জারির কয়েক মিনিটের মধ্যেই অবশ্য তা প্রত্যাহার করা হয়। সতর্কবার্তায় বাসিন্দাদের নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কার্যক্রম-সংক্রান্ত ছবি বা তথ্য প্রকাশ না করার বিষয়ে আইনি সতর্কতাও পুনর্ব্যক্ত করে সংস্থাটি।
তৎপরতা বন্ধে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি
তুরস্ক, মিসর, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা সৌদি আরবকে লক্ষ্য করে হুতি বাহিনীর সামরিক তৎপরতা বৃদ্ধি ও উত্তেজনা সৃষ্টির তীব্র নিন্দা জানিয়েছেন। তুরস্কের ইস্তাম্বুলে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে সৌদি আরবের ভূখণ্ডে বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হুতি সশস্ত্র গোষ্ঠীর ধারাবাহিক হামলার সমালোচনা করা হয়েছে। একই সঙ্গে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলারও নিন্দা জানিয়েছেন তারা।
চার দেশের প্রতিনিধিরা বলেন, হুতিদের এসব কর্মকাণ্ড লোহিত সাগরের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করছে এবং মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীরা সৌদি আরবের সরকার ও ইয়েমেনের সরকারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন। একই সঙ্গে হুতি বাহিনীকে অবিলম্বে সব ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করে শান্তি আলোচনার পথে ফিরে আসার আহ্বান জানান তারা। সামুদ্রিক নিরাপত্তার পাশাপাশি চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীলতার জন্য ইসরায়েলের দখলদারিত্বমূলক নীতিকে অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়।
রিয়াদমুখী ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি
গতকাল শনিবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট আরও জানিয়েছে, ইরানের সমর্থনপুষ্ট হুতিরা রিয়াদ লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটি প্রতিহত করেছে বলে দাবি করেছে জোটটি। সৌদি রাজধানী রিয়াদে শনিবার ভোরে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক। এ সময় সম্ভাব্য হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করতে আগাম সতর্কতা ব্যবস্থাও সক্রিয় করা হয়েছিল বলে জানায় সৌদি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।


