বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত ‘ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড ২০২৫’-এ পুরস্কার জিতলেন দৈনিক সমকালের ক্রীড়া সম্পাদক সঞ্জয় সাহা পিয়াল। শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ডে ফিচার (প্রিন্ট ও অনলাইন) বিভাগে (রনজিৎ বিশ্বাস ট্রফি) দ্বিতীয় রানার আপ হয়েছেন তিনি। এই বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন কালের কন্ঠের শাহজাহান কবীর। প্রথম রানার আপ হয়েছেন ডেইলি স্টারের আসফাক-উল-আলম আলম।
এছাড়া বর্ষসেরা ক্রীড়া সাংবাদিকের পুরস্কার জিতেছেন দৈনিক আগামীর সময়ের রাহেনুর ইসলাম। বরাবরের মতো স্বাধীন বিচারক প্যানেলের মার্কিংয়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে তওফিক আজিজ খান ট্রফি এবং ১ লক্ষ টাকার চেক জিতে নেন রাহেনুর। রানার-আপ হয়েছেন প্রথম আলো’র ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ ও ঢাকা পোস্ট ডটকমের সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের।

বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সিনিয়র সহ- সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় বিএসপিএ টানা ১১তম বারের মতো আয়োজন করেছে ক্রীড়া সাংবাদিকদের এই স্বীকৃতি প্রদান অনুষ্ঠান।
এবারও আটটি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে। ২০২৫ সালে এক্সক্লুসিভ রিপোর্ট বিভাগে সেরা হয়ে বদি-উজ- জামান ট্রফি জিতেছেন সময় টিভির সিনিয়র রিপোর্টার এস এম ইকবাল কাউসার। রানার্স-আপ হয়েছেন তিনজন- দৈনিক প্রথম আলো’র তারেক মাহমুদ, দ্য রিয়াসাদ আজিম- এর রিয়াসাদ আজিম ও দৈনিক প্রথম আলো’র জহির উদ্দিন। ইন্টারভিউ (প্রিন্ট ও অনলাইন) বিভাগে সেরা হয়ে আতাউল হক মল্লিক ট্রফি জিতেছেন রাহেনুর ইসলাম। এই বিভাগে দুই রানার্স- আপ হয়েছেন দৈনিক প্রথম আলো’র তারেক মাহমুদ ও বাংলাট্রিবিউন ডট কম- এর তানজীম আহমেদ। ইন্টারভিউ (টিভি) বিভাগে সেরা হয়েছেন নিউজ টোয়েন্টি ফোর- এর শুভ দেবনাথ। এই বিভাগে দুই রানার্স- আপ যমুনা টেলিভিশনের মেহেদী হাসান নাঈম ও টি স্পোর্টস- এর মৌসুমী মৌ।
সিরিজ রিপোর্ট বিভাগে সেরা হয়ে আব্দুল হামিদ ট্রফি জিতে নিয়েছেন ঢাকা পোস্ট ডট কম- এর আরাফাত জোবায়ের। এই বিভাগের দুই রানার্স-আপ দৈনিক আগামীর সময়ের রাহেনুর ইসলাম ও টি স্পোর্টস- এর রুবেল রেহান। ফিচার (প্রিন্ট ও অনলাইন) বিভাগে সেরা হয়ে রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন দৈনিক কালের কণ্ঠের শাহজাহান কবীর। এই বিভাগে দুই রানার্স-আপ দৈনিক সমকালের সঞ্জয় সাহা পিয়াল ও দ্য ডেইলি স্টার- এর আশফাক উল আলম। ডকুমেন্টরি (টিভি) বিভাগে সেরা হয়ে রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন এখন টিভি’র এসকে শাওন। এই বিভাগে দুই রানার্স- আপ শরীফ এখন টিভি’র রওশন ও টি স্পোর্টস- এর রাহুল রায়। ফটোগ্রাফি বিভাগে সেরা হয়ে বদরুল হুদা চৌধুরী ট্রফি জিতেছেন প্রথম আলো’র শামসুল হক টেংকু। এই বিভাগে দুই রানার্স- আপ ডেইলি স্টার- এর ফিরোজ আহমেদ ও দৈনিক আগামীর সময়ের মোশারফ হোসেন।
এই অনুষ্ঠানে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে সিনিয়র ক্রীড়া সাংবাদিক জনাব মোস্তফা কামাল ও সিনিয়র ক্রীড়ালেখক জনাব মেজর (অব.) শাহাবউদ্দিন চাকলাদারকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।


