তাসিনের শেষ বিদায়

জন্মভূমি প্রতিবেদকঃ গভীর ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো নৃত্যশিল্পী ও শিক্ষক তাসিন ফেরদৌসকে। ২২ অক্টোবর বৃহস্পতিবার নিউইয়র্কের ফরেস্ট হিলসের ফরেস্ট পার্ক ফিউনেরাল হোমে তার জানাজা ও শেষ বিদায়ের আয়োজনে সমবেত হন শত শত মানুষ। প্রিয়জনকে হারানোর বেদনায় শোকাতুর হয়ে ওঠে পুরো পরিবেশ।
তাসিন ছিলেন নিউইয়র্কের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টসের (বিপা) অন্যতম প্রতিষ্ঠাতা ও শৈল্পিক পরিচালক অ্যানি ফেরদৌস এবং প্রকৌশলী জাফর আহমেদ দম্পতির একমাত্র কন্যা। গত ১৮ অক্টোবর রোববার ভোরে নিউইয়র্ক সিটির কুইন্সের জ্যামাইকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৩৫ বছর। তিনি স্বামী, শিশুপুত্র লুকাস, বাবা-মাসহ অসংখ্য স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তাসিনকে শেষ বিদায় জানাতে উপস্থিত হন নিউইয়র্কের সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী ও সংগঠক, বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ, বন্ধু ও স্বজনেরা। মানুষের ভিড়ে ফিউনেরাল হোমে তিল ধারণের ঠাঁই ছিল না। কেউ এসেছিলেন তাসিনকে শেষবারের মতো দেখতে, কেউ শোকাহত বাবা-মায়ের পাশে দাঁড়াতে। অনেকের হাতে ছিল ফুলের গুচ্ছ। কেউ নীরবে চোখের জল মুছছিলেন, কেউ স্মৃতিচারণ করছিলেন সদা হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত ও প্রতিভাবান তাসিনকে নিয়ে।
জানাজা শেষে পরদিন ২৩ অক্টোবর শুক্রবার সকালে ফরেস্ট পার্ক ফিউনেরাল হোমে বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর সকাল ১১টার দিকে মাসপেথের মাউন্ট ওলিভেট সেমিট্রিতে তাসিনের মরদেহ সমাহিত করা হয়।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর