খেজুর পুষ্টিগুণে ভরপুর ফল। এর স্বাস্থ্য উপকারিতা অনেক। প্রতিদিন দুইটি করে টানা দুই মাস খেজুর খেলে শরীরে অনেক পরিবর্তন ঘটবে। খেজুরে প্রচুর ফাইবার থাকে। ফাইবার হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এর ফলে পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
খেজুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক শর্করা বা কার্বোহাইড্রেট রয়েছে। কার্বোহাইড্রেট পেটে খুব দ্রুত হজম হয়ে রক্তে পৌঁছায়। এটি শরীরকে এনার্জি দেয়। প্রায় ৩ থেকে ৪টি খেজুরে, অর্থাৎ ৪০ গ্রাম খেজুরে ৩০ গ্রাম কার্বোহাইড্রেট থাকে। এছাড়া এতে ৩.২ গ্রাম ফাইবার ও ০.৯৮ গ্রাম প্রোটিনও রয়েছে। পাশাপাশি খেজুরে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন ও অনেক ধরনের ভিটামিনও রয়েছে।
খেজুরে থাকা কার্বোহাইড্রেটের মধ্যে ফ্রুকটোজ ও গ্লুকোজ অন্তর্ভুক্ত। এগুলো শক্তি যোগায়। সারাদিন কর্মক্ষম থাকলে সকালে কয়েকটি খেজুর খেতে পারেন।
খেজুরে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে। এই খনিজগুলো রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ও সুস্থ হার্টবিট বজায় রাখতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত খেজুর খেলে এলডিএল তথা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে। এছাড়া খেজুরে ফ্ল্যাভোনয়েড ও ক্যারোটিনয়েডের মতো অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে, যা কোষের প্রদাহ কমাতে সাহায্য করে।
টানা দুই মাস রোজ দুইটি করে খেজুর খেলে আপনার হজমের কোনো সমস্যা থাকবে না। পেট ফাঁপবে না, সকালে সহজেই পেট পরিষ্কার হয়ে যাবে।
খেজুরে ভালো মাত্রায় আয়রনও থাকে, যা অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা প্রতিরোধ করতে সাহায্য করে।
গর্ভবতী নারীদের কেন খেজুর খাওয়া জরুরি
‘রিসার্চ রিভিউ অ্যান্ড অ্যানালিসিস ২০২৪’ জার্নালে প্রকাশিত একটি রিপোর্ট বলছে, খেজুর গর্ভবতী নারীদের জন্য বিশেষ উপকারী। এই গবেষণায়, ১২০ জন নারীকে গর্ভাবস্থার শেষ ৪ থেকে ৬ সপ্তাহে রোজ ৬টি করে খেজুর দেওয়া হয়। এই সময়ে নারীদের জরায়ু প্রসারণ দ্রুত হয়। খেজুরে থাকা ফ্যাটি অ্যাসিড নারীদের শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিন উৎপাদন বাড়ায়, জরায়ুর সংকোচনে সাহায্য করে। গবেষণা বলছে, এটি স্বাভাবিক প্রসবকে সহজ করে।


