আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার থেকে কোম্পানি নিবন্ধনে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হচ্ছে। ওই দিন সকাল ১০টা থেকে চালু হবে নতুন ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম বা ইবিআরএস। নামের ছাড়পত্র ও নিবন্ধনের সব নতুন আবেদন এ ব্যবস্থায় করতে হবে। নির্ধারিত শর্ত পূরণ করে আবেদন করলে কোম্পানিগুলো তাৎক্ষণিক নিবন্ধন পাবে। নামের ছাড়পত্র পেতেও সময় কম লাগবে।
কোম্পানি গঠন ও নিবন্ধনের জন্য নতুন সফটওয়্যারে তথ্য স্থানান্তর ও কারিগরি প্রস্তুতির কাজ চলছে। এ কারণে যৌথমূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের (আরজেএসসি) পুরোনো ই-সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। গতকাল সোমবার বিকেল ৫টা থেকে ১২ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত ই-সেবা সফটওয়্যারে নতুন আবেদন জমা দেওয়ার স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে।
নামের ছাড়পত্র, কাগজপত্র জমা, আবেদন যাচাই ও নিবন্ধন সনদ পেতে ব্যবসায়ীদের দীর্ঘদিন একাধিক ধাপ পেরোতে হয়। কোথাও তথ্যের ঘাটতি বা কাগজে অসংগতি থাকলে সময় আরও বাড়ে। ব্যবসা শুরুর আগেই এ জটিলতা উদ্যোক্তাদের বাড়তি খরচ ও অনিশ্চয়তায় ফেলে। এ পরিস্থিতি বদলাতে আরজেএসসি নামের ছাড়পত্র ও নিবন্ধন কার্যক্রম স্বয়ংক্রিয় করার উদ্যোগ নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আরজেএসসির এ বিষয়ে পরিপত্র জারি করেছে।
এতে বলা হয়েছে, নামের ছাড়পত্র ও নিবন্ধন কার্যক্রম নতুন ব্যবস্থার আওতায় আসবে। তবে সব আবেদন একইভাবে স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি হবে না। আবেদনকারীর ব্যবহৃত দলিল ও তথ্যের ধরন অনুযায়ী কিছু আবেদন স্বয়ংক্রিয়ভাবে, কিছু কর্মকর্তাদের যাচাইয়ের মাধ্যমে নিষ্পত্তি হবে। আবেদনকারী নির্ধারিত মডেল সংঘস্মারক ও সংঘবিধি ব্যবহার করলে এবং সব তথ্য, ফি, পরিচয় যাচাই ও ওটিপি সম্মতি নিশ্চিত করলে আবেদন তাৎক্ষণিক অনুমোদিত ও নিবন্ধিত হবে। নিজেদের তৈরি সংঘস্মারক ও সংঘবিধি দাখিল করলে আরজেএসসির কর্মকর্তারা তা যাচাই করে সিদ্ধান্ত নেবেন।
নতুন ব্যবস্থায় বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র, ই-টিআইএন ও মোবাইল নম্বর রিয়েল-টাইম যাচাই করা হবে। মোবাইল নম্বর ব্যক্তির নিজের এনআইডিতে নিবন্ধিত না হলে তাঁকে শেয়ারহোল্ডার, পরিচালক, সদস্য বা অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে না। নিবাসী শেয়ারহোল্ডার, পরিচালক ও সদস্যদের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। বিদেশি নাগরিকদের বৈধ পাসপোর্ট নম্বর ও স্ক্যান কপি দিতে হবে। সংশ্লিষ্ট সবার সম্মতি ই-মেইলে পাঠানো লিংকের মাধ্যমে ওটিপি দিয়ে নিশ্চিত করতে হবে।
নামের ছাড়পত্রের আবেদন প্রাথমিক পর্যায়ে সিস্টেম যাচাইয়ের পর পরিদপ্তরের কর্মকর্তারা পুনরায় যাচাই করে ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করবেন। সিস্টেমের অ্যালগরিদম উন্নত হলে পরে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে তাৎক্ষণিক ছাড়পত্র দেওয়া হবে।
পুরোনো সিস্টেমের আবেদনের বিষয়েও নির্দেশনা আছে পরিপত্রে। গতকাল সোমবার বিকেল ৫টা পর্যন্ত পাওয়া যেসব নামের ছাড়পত্রের বিপরীতে নিবন্ধনের আবেদন হয়নি, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নতুন সিস্টেমে যাবে এবং মেয়াদ বহাল থাকবে। ১ জুলাই থেকে ৯ নভেম্বর পর্যন্ত দাখিল করা নিবন্ধন আবেদনও স্থানান্তর হবে।
নিবন্ধন অনুমোদনের পর ডিজিটাল স্বাক্ষরযুক্ত নিবন্ধন সনদ ও অন্যান্য ফরম সংশ্লিষ্টদের ই-মেইলে স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হবে। আবেদন করা যাবে ebrs.rjsc.gov.bd লিংকে, আরজেএসসির ওয়েবসাইট বা প্রচলিত ই-সেবার মাধ্যমেও।


