হাসিনার সমর্থক সন্দেহে বাংলাদেশে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি

হাসিনার সমর্থক সন্দেহে বাংলাদেশে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি
রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে উদ্বেগ প্রকাশ; ৪০৪ শিক্ষক তদন্তের আওতায়,
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বরখাস্ত ও একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞার তথ্য প্রকাশ

জন্মভূমি প্রতিবেদকঃ বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগের সঙ্গে কথিত রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে বহু শিক্ষক ও শিক্ষার্থীকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির মতে, রাজনৈতিক বিশ্বাস বা শান্তিপূর্ণ রাজনৈতিক সম্পৃক্ততার কারণে কাউকে শাস্তি দেওয়া এবং যথাযথ তদন্ত ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন হতে পারে। মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক মতপ্রকাশ ও ভিন্নমত দমনের যে সংস্কৃতি অতীতে বিভিন্ন সরকারের আমলে দেখা গেছে, সাম্প্রতিক ঘটনাগুলো সেই প্রবণতার পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি করছে।
সংস্থাটির উপ-এশিয়া পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক বিতর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। এ ধরনের আলোচনা নিয়ে ভয় পাওয়ার কথা স্বৈরশাসকদের, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে গঠিত কোনো সরকারের নয়। অতীতের দমন-পীড়নের অধ্যায় পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার পরিবর্তে ক্ষমতাসীন ও বিরোধী দলের অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে একই আচরণের পুনরাবৃত্তি করা উচিত নয়।
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪ সালের আন্দোলন দমনে সংঘটিত সহিংসতায় সহযোগিতার অভিযোগ, আওয়ামী লীগের সমর্থনে কথিত ‘ধ্বংসাত্মক’ কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং ইসলামী পোশাক পরা শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসব ব্যবস্থার মধ্যে রয়েছে চাকরিচ্যুতি, সাময়িক বরখাস্ত, পাঠদানের দায়িত্ব সীমিত করা এবং একাডেমিক কার্যক্রম থেকে সরিয়ে দেওয়া। পাশাপাশি আওয়ামী লীগের সদস্য ও সমর্থক হিসেবে চিহ্নিত শত শত শিক্ষার্থীকে বহিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, যা তাঁদের শিক্ষার অধিকার ক্ষুণ্ন করছে বলে উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।
এইচআরডব্লিউ জানিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত এক ডজনের বেশি শিক্ষকের সাক্ষাৎকার নিয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চিঠিপত্র, টেলিভিশনে প্রচারিত একটি আলোচনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও পর্যালোচনা করেছে। শিক্ষক ও শিক্ষার্থীদের সাক্ষাৎকারে বহিষ্কার, পরীক্ষার সনদ আটকে রাখা এবং ক্যাম্পাসে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাও উঠে এসেছে। সংস্থাটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালের আগস্টে প্রকাশিত সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগপন্থী শিক্ষকদের একটি টেলিগ্রাম গ্রুপের সদস্য হওয়ার অভিযোগে ২২টি বিশ্ববিদ্যালয়ের অন্তত আরও ৪০৪ জন শিক্ষককে তদন্তের আওতায় আনা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক হিউম্যান রাইটস ওয়াচকে বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আওয়ামী লীগপন্থী এবং ২০২৪ সালের ছাত্র আন্দোলনকে সমর্থন না করা শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ব্যবস্থা নিচ্ছে। তাঁদের ক্লাস নিতে দেওয়া হচ্ছে না, গবেষণার কাজ করতে দেওয়া হচ্ছে না, এমনকি স্বাভাবিক একাডেমিক কার্যক্রমও পরিচালনা করতে দেওয়া হচ্ছে না।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ২০টির বেশি সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে নতুন প্রশাসন ৪৪ জন শিক্ষককে তাঁদের দায়িত্ব পালন বন্ধ রাখার নির্দেশ দেয়। আরও ২৫ জন শিক্ষকের পাঠদানের দায়িত্ব সীমিত করা হয়। হিউম্যান রাইটস ওয়াচের পর্যবেক্ষণ অনুযায়ী, এসব প্রাথমিক ব্যবস্থা নেওয়ার সময় স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য কোনো শৃঙ্খলাজনিত তদন্ত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
পরবর্তী সময়ে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ছয়জন শিক্ষককে আনুষ্ঠানিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়।
আরও ১৪ জন শিক্ষকের বিরুদ্ধে একই ধরনের তদন্ত শুরু হয়েছে। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১২ জন শিক্ষককে চাকরিচ্যুত, সাময়িক বরখাস্ত অথবা তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আরও ৩৪ জন শিক্ষকের পদাবনতি ঘটানো হয়েছে কিংবা তাঁদের একাডেমিক কার্যক্রম সীমিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিশন গঠন করলেও সেটি বিশ্ববিদ্যালয়ের আইনসম্মত শৃঙ্খলাবিধি অনুসরণ করেছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ।
অন্যদিকে, ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১২ জন শিক্ষককে সাময়িক বরখাস্ত এবং আরও ১০ জনকে একাডেমিক কার্যক্রম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শিক্ষকদের অভিযোগ, তদন্ত প্রক্রিয়ায় তাঁদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। এ ছাড়া আরও ৮৫ জন শিক্ষক পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন।
শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে। ২০২৫ সালের মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ১২৬ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করে এবং তাঁদের পরীক্ষার সনদ আটকে দেয়। কমিটির দাবি ছিল, ছবি, ভিডিও এবং সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য থেকে এসব শিক্ষার্থীর বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর হামলার প্রমাণ পাওয়া গেছে।
এ ছাড়া পুলিশের কাছে দায়ের করা মামলায় আওয়ামী লীগপন্থী আরও ২৭৭ জন শিক্ষার্থীর সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো ব্যবস্থা না নিলেও গ্রেপ্তারের আশঙ্কায় তাঁরা ক্যাম্পাসে আসা বন্ধ রেখেছেন বলে শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন। অভিযুক্ত অনেক শিক্ষার্থী তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু অভিযোগের জবাব দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের কোনো কার্যকর আনুষ্ঠানিক সুযোগ দেয়নি বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।শাস্তিমূলক ব্যবস্থার শিকার শিক্ষকদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মশিউর রহমান। ২০১৭ সাল থেকে তিনি অন্য একটি বিশ্ববিদ্যালয়ে প্রেষণে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর তাঁকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে, ২০২৪ সালের জুলাইয়ে একটি টেলিভিশন আলোচনায় তিনি ছাত্র আন্দোলনকে অবৈধ, ভিত্তিহীন ও অযৌক্তিক বলে সরাসরি বিরোধিতা করেছিলেন। তবে হিউম্যান রাইটস ওয়াচ ওই অনুষ্ঠানের ভিডিও পর্যালোচনা করে এমন বক্তব্যের কোনো প্রমাণ পায়নি বলে জানিয়েছে।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর