এক দশকে কর্মক্ষম অর্ধেক তরুণ কাজ পাননি

0
3

গত এক দশকে শ্রমবাজারে প্রবেশ করা তরুণদের প্রায় অর্ধেক কাজ পাননি বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট। তিন দিনের সফর শেষে মঙ্গলবার ঢাকা ত্যাগ করার আগে এক বিবৃতিতে বাংলাদেশকে কর্মসংস্থানে জোর দেওয়ার সুপারিশ করেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংকের ঢাকা অফিস জানায়, সফরকালে জোহানেস জাট অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে সরকারের উন্নয়ন অগ্রাধিকার এবং কোন কোন ক্ষেত্রে বিশ্বব্যাংক গ্রুপ সহায়তা জোরদার করতে পারে, তা নিয়ে আলোচনা হয়।
জোহানেস জাট জানান, গত এক দশকে এক কোটি ৪০ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করেছে। তবে কর্মসংস্থান তৈরি হয়েছে মাত্র ৮৭ লাখের। অর্থাৎ বিপুলসংখ্যক কর্মক্ষম যুবক কাজের বাইরে থেকে গেছে। তরুণীদের ক্ষেত্রে পরিস্থিতি আরও কঠিন।

বিবৃতিতে জাট বলেন, সরকার বৃহৎ পরিসরে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং বিনিয়োগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, যা বিশ্বব্যাংক গ্রুপের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে যুবক ও নারীদের জন্য চাকরি সৃষ্টিতে সহায়তা বাড়ানো হচ্ছে।
তিনি আরও বলেন, বৈশ্বিক অনিশ্চয়তা বাড়তে থাকায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির পথে অনেক মৌলিক প্রতিবন্ধকতা আছে। এগুলো দূর করতে হবে। এজন্য দীর্ঘদিনের অপেক্ষমাণ সামষ্টিক অর্থনীতি ও আর্থিক খাতের সংস্কার দ্রুত বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে।

বিশ্বব্যাংক জানায়, সদস্য দেশগুলোতে প্রবৃদ্ধিকে স্থানীয় কর্মসংস্থানে রূপান্তর করতে তারা কাজ করছে। এ জন্য ভৌত ও মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং বেসরকারি খাতে বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্বাধীনতার পরপরই বাংলাদেশের পাশে দাঁড়ানো উন্নয়ন অংশীদারদের মধ্যে বিশ্বব্যাংক অন্যতম। সংস্থাটি এ পর্যন্ত বাংলাদেশকে ৪৬ বিলিয়ন ডলারের বেশি অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে অনুদান, সুদমুক্ত ঋণ এবং স্বল্প সুদের ঋণ অন্তর্ভুক্ত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here