আবারো বড় পর্দায় শাকিব-অপু? জুটি বাঁধার ইচ্ছা প্রকাশ করলেন অপু বিশ্বাস

0
49

ঢালিউডে আবারও আলোচনার কেন্দ্রে জনপ্রিয় শাকিব–অপু জুটি। সুযোগ পেলে ফের শাকিব খানের সঙ্গে পর্দা ভাগাভাগি করতে আগ্রহী এমন ইঙ্গিতই দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রায় দুই বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন তিনি, আর সেই ফেরা ঘিরেই নতুন করে উসকে উঠেছে পুরোনো স্মৃতি ও ভক্তদের প্রত্যাশা।
সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘দুর্বার’ নিয়ে একটি আয়োজনে কথা বলতে গিয়ে শাকিব খানের প্রসঙ্গ আসে। সেখানেই শাকিবের সঙ্গে আবার কাজ করার সম্ভাবনা নিয়ে খোলামেলা মন্তব্য করেন অপু বিশ্বাস।
ঢালিউডের ইতিহাসে সবচেয়ে সফল জুটিগুলোর একটি শাকিব খান ও অপু বিশ্বাস। একসঙ্গে অর্ধশতাধিক, এমনকি ৭০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তারা। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের পর দীর্ঘ সময় এই জুটিকে একসঙ্গে বড় পর্দায় দেখা যায়নি। তাই ভক্তদের মনে বহুদিন ধরেই প্রশ্ন আবার কি ফিরবে শাকিব–অপু জুটি?
এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, “তিনি একজন গ্লোবাল স্টার, সুপারস্টার, মেগাস্টার। তাঁকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমি যেহেতু বিরতি কাটিয়ে আবার কাজে ফিরছি এবং সবার সহযোগিতা পাচ্ছি, তাই যদি কোনো হৃদয়বান প্রযোজকের কানে এই কথাটা পৌঁছায় এবং তিনি উদ্যোগ নেন, তাহলে আপনাদের সেই চাওয়া পূরণ হতেও পারে।”
শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা স্মরণ করে অপু আরও বলেন, “আমি আর শাকিব একসঙ্গে ৭২টি সিনেমা করেছি। প্রযোজক ও পরিচালকদের সহযোগিতা না পেলে এতগুলো কাজ সম্ভব হতো না।”
উল্লেখ্য, অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমা ‘দুর্বার’ পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ। এতে তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা আব্দুন নূর সজল। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের কোনো বড় উৎসবকে কেন্দ্র করে সিনেমাটি দেশজুড়ে মুক্তি দেওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here