চঞ্চল-নিশো মুগ্ধ করলেও ‘দম’ লম্বা লেগেছে শাওনের কাছে

0
3

ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলো নিয়ে দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও দিচ্ছেন নিজেদের প্রতিক্রিয়া। এবারের ঈদে মুক্তি পাওয়া পাঁচ ছবির দৌড়ে যেমন আছেন শাকিব খান, তেমনি আলোচনায় আছেন আফরান নিশো ও সিয়াম আহমেদও। সিনেমাগুলো ঘিরে তৈরি হয়েছে নানা ধরনের প্রতিক্রিয়া—কোথাও প্রশংসা, কোথাও সমালোচনা।

এই তালিকায় যোগ দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। তিনি প্রেক্ষাগৃহে গিয়ে দেখেছেন রেদওয়ান রনি পরিচালিত আলোচিত সিনেমা ‘দম’। সিনেমা দেখার পরপরই নিজের সোশ্যাল মিডিয়ায় সংক্ষিপ্ত এক প্রতিক্রিয়ায় অনুভূতি প্রকাশ করেন তিনি।

সোমবার (২৩ মার্চ) বিকেলে দেওয়া পোস্টে শাওন লিখেছেন, দম দেখে আসলাম। সারাক্ষণ উত্তেজনা আর দুঃখের আবহে ডুবে থাকতে থাকতে সিনেমাটির দৈর্ঘ্য অনেক বেশি লম্বা মনে হয়েছে।

সিনেমাটিতে বিনোদন বা হালকা মুহূর্তের অভাবও অনুভব করেছেন তিনি। শাওনের ভাষায়, রিলিফ স্পেস খুব কম ছিল। তবে চঞ্চল চৌধুরী যতবার পর্দায় এসেছেন, দর্শক ততবারই কিছুটা স্বস্তি পেয়েছে। একইসঙ্গে তিনি আফরান নিশোর অভিনয়ের প্রতি নিষ্ঠার প্রশংসা করে বলেন, তার উৎসর্গ পর্দায় স্পষ্টভাবে ধরা পড়েছে।

‘দম’ সিনেমায় শাহজাহান ইসলাম নূর চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। তার মায়ের চরিত্রে দেখা গেছে বরেণ্য অভিনেত্রী ডলি জহুরকে। অল্প সময়ের উপস্থিতিতেই ডলি জহুরের অভিনয় মুগ্ধ করেছে শাওনকে। তিনি লেখেন, কয়েকটি দৃশ্যেই ডলি জহুর যে অভিব্যক্তি দেখিয়েছেন, তা থেকে বারবার অভিনয় শিখতে ইচ্ছে করে।

উল্লেখ্য, ‘দম’ সিনেমার চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর ও মো. সাইফুল্লাহ রিয়াদ। ছবিটিতে আফরান নিশোর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here