সারা বছর দর্শকখরা গেলেও ঈদে সিনেমা হলে থাকে উপচে পড়া ভিড়। এবার ঈদের দিন থেকে প্রেক্ষাগৃহে পাঁচটি সিনেমার প্রদর্শনী হচ্ছে। সিনেমাগুলো হলো- ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’। ঈদের দিন থেকেই নিজেদের সিনেমার প্রচারে হল থেকে হল ঘুরছেন তারকারা। তবে নির্মাতা-প্রযোজক ছাড়া প্রচারে পাওয়া যায়নি ‘প্রিন্স’ সিনেমার কোনো তারকাশিল্পীকে।
রোববার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধারা শাখায় দেখা যায় অভিনেতা আফরান নিশো, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ পূজা চরি, আজমেরী হক বাঁধন, অভিনেত্রী নাজিফা টুষি, নির্মাতা রেদওয়ান রনি, আবু হায়াত মাহমুদ, মেহেদি হাসান হৃদয়সহ অনেক তারকাকে।
এদিন মেয়েকে নিয়ে সিনেমা দেখেতে এসেছিলেন হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’এর অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কিন্তু সিনেমার টিকিট না পেয়ে সেটা আর হয়নি।
আজমেরী হক বাঁধন, “আজ মেয়েকে নিয়ে নিজের সিনেমা দেখতে এসেছিলাম। কিন্তু টিকিট পাইনি। তাই এখান থেকে নিজের সিনেমাসহ ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর দর্শক প্রতিক্রিয়া জানছি। খুশির খবর হল- আমাদের ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার দর্শক প্রতিক্রিয়া পেয়ে আমি আপ্লুত। সেই সঙ্গে অন্য সিনেমাগুলোর প্রতিক্রিয়াও দারুণ।”
এবার ঈদে তিনটি সিনেমা দেখা যাচ্ছে চঞ্চল চৌধুরীকে। ‘দম’ ‘প্রেসার কুকার ও ‘বনলতা এক্সপ্রেস’ এই তিন সিনেমার প্রচারণায় ঈদের দিন থেকেই তিনিও ছুটছেন বিভিন্ন হলে।
চঞ্চল চৌধুরী বলেন, ‘এবার ঈদে আমার তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এজন্য চাপটা একটু বেশি। প্রতিদিন দর্শকের প্রতিক্রিয়া জানার জন্য হলে হলে যাচ্ছি। ভালো লাগার বিষয় হল অডিয়েন্সে (দর্শক) ভর্তি ছিল। হাউসফুল হলে যে কারও ভালো লাগে। দর্শকের মধ্যে যে উচ্ছ্বাস দেখলাম, সেটাই আমাদের ভালো লাগা।’
ঈদের আরেক সিনেমা ‘দম’–এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। সিনেমাটি নিয়ে নিশোও হলে হলে ছুটছেন। রোববার স্টার সিনেপ্লেক্সে হাজির হন নিশো, সঙ্গে সিনেমার পূজা চেরী, প্রযোজক শাহরিয়ার শাকিল। নির্মাতা রেদওয়ান রনিকেও দেখা গেছে।
নিশো বলেন, ‘দর্শকের এক্সপ্রেশন ও রিঅ্যাকশন খুবই ভালো। আমরা খুবই আনন্দিত। গোয়িং গ্রেট সো ফার। এটা তো আজকে শুরু। আমি যত দিন বেঁচে আছি, হলে অডিয়েন্সের রিঅ্যাকশন ফিজিক্যালি এক্সপেরিয়েন্স করতে চাই। এর থেকে সুন্দর আর কিছু হয় না।’
মেহেদী হাসানের ‘রাক্ষস’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুস্মিতা চ্যাটার্জি। হল থেকে হলে ঘুরেছেন সিয়াম। রোববার তিনি সাংবাদিকদের বলেন, “আমরা ‘রাক্ষস’ যেটা ভেবে বানিয়েছিলাম, অডিয়েন্সরা সেটার সঙ্গে কানেক্ট করতে পারছেন। বারবার বলছিলাম, দিস ইজ নট জাস্ট অ্যানাদার কমার্শিয়াল ফিল্ম। আজকে থেকে ‘রাক্ষস’ আপনাদের হয়ে গেছে।”
স্টার সিনেপ্লেক্সে বসুন্ধরা সিটি শপিং মল শাখায় ‘প্রেশার কুকার’ সিনেমার প্রচারে গিয়েছিলেন নাজিফা তুষি, মারিয়া শান্ত, রায়হান রাফীসহ আরও কয়েকজন।
রায়হান রাফী বলেন, ‘‘প্রেশার কুকার’ সিনেমার দারুণ সারা পাচ্ছি। দর্শক সিনেমাটি নিয়ে তৃপ্তি নিয়ে হলে থেকে বের হচ্ছে। একজন নির্মাতা হিসেবে এটাই বড় পাওয়া।”
আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। বরাবরের মতো এবারও তাঁকে সিনেমার প্রচারে দেখা যায়নি। কোনো হলে যাওয়ার খবরও মেলেনি।




