দুপক্ষকে আলোচনার টেবিলে আনার চেষ্টার মধ্যেই ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের পরিসর ক্রমে বড় হচ্ছে। সর্বশেষ তেহরানের সমর্থনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। সংঘাতে তাদের এ অংশগ্রহণ নতুন ঝুঁকিকে সামনে এনেছে। হুতিরা যদি বিশ্ববাণিজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ পথ লোহিত সাগরের বাব আল মান্দেব প্রণালি বন্ধ করে দেয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। সে ক্ষেত্রে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরেক দফা বাড়ার শঙ্কা রয়েছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আরও সেনা ও নতুন রণতরী মোতায়েনকে সামনে রেখে নতুন এ খবর সামনে এলো। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইরানকে এবার অস্ত্র দিয়ে সহায়তা করতে যাচ্ছে রাশিয়া। তারা তেহরানকে উন্নত সংস্করণের শাহেদ ড্রোন সরবরাহ করতে যাচ্ছে।
গতকাল শনিবার ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের চার সপ্তাহ পূর্ণ হয়েছে। এ অবস্থায় ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যস্থতায় আছে পাকিস্তান, তুরস্ক ও মিসর। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। পেজেশকিয়ান তাঁকে মধ্যস্থতার চেষ্টা করার জন্য ধন্যবাদও জানান। তবে তিনি আলোচনায় ইরানের অংশগ্রহণ নিশ্চিত করেননি।
গত কয়েক দিনে যুদ্ধের তীব্রতা না কমে আরও বেড়েছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে ইস্পাহান ও খুজেস্তান প্রদেশের মোবারাকে স্টিল ইন্ডাস্ট্রিজ, মারকাজি প্রদেশের খান্দাব ভারী পানি উৎপাদন কেন্দ্র। জবাবে ইরানও পাল্টা আক্রমণ চালিয়েছে। হামলা হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ও সৌদি আরবের রিয়াদের কাছে যুক্তরাষ্ট্রের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতেও।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আরও কিছু সময় যুদ্ধ চালিয়ে যেতে চান বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, ইরানে যুক্তরাষ্ট্র তার সামরিক লক্ষ্যগুলোর অধিকাংশই অর্জন করেছে। তবে প্রেসিডেন্ট পরিকল্পনা করেছেন, যুদ্ধ আরও কিছু সময় চালিয়ে যাবেন, যাতে ইরানকে ব্যাপকভাবে দুর্বল করা যায়।
ইসরায়েল জানিয়েছে, এই সপ্তাহান্তে ইরান ও লেবাননে ২৫০টি লক্ষ্যে আঘাত হানা হয়েছে। গতকাল ইসরায়েলের সামরিক বাহিনী ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি টেলিফোনে তাঁর গ্রিক প্রতিপক্ষ জর্জোস গেরাপেট্রিটিসের সঙ্গে চলমান যুদ্ধের অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন। আরাঘচি টেলিফোনে তাঁর আর্মেনীয় প্রতিপক্ষ আরারাত মিরজোয়ানের সঙ্গেও কথা বলেছেন। কুর্দি অঞ্চলের প্রেসিডেন্টের বাড়িতে হামলার নিন্দা জানিয়েছে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবাননে পাঁচটি পৃথক হামলায় ৯ জন প্যারামেডিক নিহত ও সাতজন আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে ১৪২ জন আহত হয়েছে বলে তাদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ফলে ইসরায়েলে যুদ্ধকালীন মোট আহতের সংখ্যা পাঁচ হাজার ৬৮৯ জনে পৌঁছেছে।
ওয়াশিংটন ডিসির রাস্তায় হাজার হাজার মানুষ ‘নো কিংস’ বিক্ষোভের অংশ হিসেবে মিছিল করছে। ইরানের যুদ্ধ নিয়ে মানুষ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, কোনো স্পষ্ট পরিণতি ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
ইরানের বুশেহর প্রদেশে হামলায় এক পরিবারের চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রদেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা।
ইসরায়েলে হুতির হামলা
ইরানসমর্থিত ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি যুদ্ধ শুরুর ২৮তম দিনে গতকাল শনিবার প্রথমবার ইসরায়েলে হামলা চালিয়েছে। সংগঠনটির উদ্ধৃতি দিয়ে বিবিসি লিখেছে, তারা ‘সংবেদনশীল ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে’ একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরান, লেবানন, ইরাক ও ফিলিস্তিনি ভূখণ্ডে হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। তারা আরও জানায়, সব ফ্রন্টে ‘আগ্রাসন’ বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে।
এর আগে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে নিক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র ঠেকিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) টেলিগ্রামে লিখেছে, ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে নিক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে; হুমকি আটকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।
রুদ্ধ হতে পারে বিশ্ববাণিজ্যের আরেকটি পথ
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে যুদ্ধে হুতির অংশগ্রহণ বিশ্বের আরেকটি প্রধান জলপথ অবরুদ্ধ হওয়ার ঝুঁকিকে জোরালো করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের ওপর হুতিদের হামলা আবার শুরু হওয়া দেশটির জন্য বাড়তি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে, যদিও এটি বড় কোনো সামরিক চ্যালেঞ্জ তৈরি করার সম্ভাবনা কম। তবে হুতিরা যদি লোহিত সাগরে জাহাজ চলাচল লক্ষ্য করে নতুন করে হামলা শুরুর সিদ্ধান্ত নেয়, তবে এর প্রভাব হবে নাটকীয়। বর্তমানে সৌদি আরব হরমুজ প্রণালি এড়াতে লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দর দিয়ে পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে। এশিয়ার বাজারের উদ্দেশে পাঠানো এ তেলের জাহাজগুলো ইয়েমেনের পাশ দিয়ে দক্ষিণ দিকে অগ্রসর হয়।
২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫-এর শুরু পর্যন্ত হুতিরা লোহিত সাগরে চলাচলকারী জাহাজে প্রায় ২০০টি হামলা চালিয়েছে। এতে ৩০টির বেশি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়।
যুদ্ধ থামাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে তুরস্ক, জানাল ইরান
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে ‘গঠনমূলক ভূমিকা’ পালনের কথা জানিয়েছে তুরস্ক। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আঙ্কারা এ সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে আগ্রহী। সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির ফোনে কথা হয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যেখানে আঙ্কারার প্রচেষ্টার জন্য তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন আরাঘচি।
প্রতিবেশী দেশগুলোকে আবারও সতর্ক করল ইরান
ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও অর্থনৈতিক কেন্দ্রগুলোতে সাম্প্রতিক হামলার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, এসব হামলার ‘ভয়াবহ’ জবাব দেবে ইরান। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে আবারও সতর্কবার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি লেখেন, ‘আপনারা যদি নিজেদের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে চান, তবে আমাদের শত্রুদের আপনাদের দেশ থেকে যুদ্ধ পরিচালনার সুযোগ দেবেন না।’
পেজেশকিয়ানের সঙ্গে শাহবাজের ‘এক ঘণ্টারও বেশি’ ফোনালাপ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তিনি গতকাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ‘বিস্তারিত’ ফোনালাপ করেছেন। দ্য ডন অনলাইন জানিয়েছে, কলটি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে। এক্সে শরিফ লেখেন, তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করে ‘সংলাপ ও উত্তেজনা প্রশমন সহজতর করার’ উদ্যোগ নিচ্ছেন তারা।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, শাহবাজ শরিফের ‘আন্তরিক কূটনৈতিক প্রচেষ্টার’ প্রশংসা করেছেন পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ‘আলোচনা ও মধ্যস্থতা সহজতর করতে পারস্পরিক আস্থা তৈরি করা জরুরি।’
সৌদি আরব, তুরস্ক ও মিসরকে নিয়ে বসছে পাকিস্তান
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেছেন, দেশটি ২৯ ও ৩০ মার্চ ইসলামাবাদে বৈঠকে অংশ নিতে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন। এক্সে প্রকাশিত বিবৃতিতে তিনি লেখেন, তারা ‘গভীর আলোচনা’ করবেন, যার মধ্যে থাকবে ‘অঞ্চলে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা’-সম্পর্কিত আলাপ। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আলজাজিরা জানায়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছেন।
মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিশাল মার্কিন বিমানবাহী রণতরী
৮০টিরও বেশি বিমান বহনে সক্ষম যুক্তরাষ্ট্রের ভাসমান এয়ারবেস ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। একাধিক সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ জানায়, ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতায় এটিকে মোতায়েন করা হবে। মার্কিন কর্মকর্তারা বলেন, রণতরীটি ও এর স্ট্রাইক গ্রুপ চলতি মাসের শুরুতে মোতায়েন-পূর্ব প্রশিক্ষণ শেষ করেছে। এখন তারা ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানে যোগ দিতে পারে। এ ছাড়া দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার– ইউএসএস ডোনাল্ড কুক ও ইউএসএস ম্যাসন এ সপ্তাহে ইরানে চলমান মার্কিন অভিযানে যোগ দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ছেড়েছে। আরেকটি ডেস্ট্রয়ার ইউএসএস রস এ সপ্তাহে যুক্তরাষ্ট্র ছেড়েছে।
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় এর রাডার ব্যবস্থার ‘ব্যাপক ক্ষতি’ হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেএনএ (কুনা) এ তথ্য জানায়। সংবাদ সংস্থাটির বরাত দিয়ে দ্য গার্ডিয়ান অনলাইন লিখেছে, বিমানবন্দরটি ‘বেশ কয়েকটি ড্রোন হামলার শিকার’ হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইরানে উন্নত সংস্করণের শাহেদ ‘ড্রোন পাঠাচ্ছে’ রাশিয়া
মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত শাহেদ ড্রোনের উন্নত সংস্করণ ইরানে পাঠাচ্ছে রাশিয়া। মূলত ইরানের তৈরি অত্যাধুনিক শাহেদ ড্রোনই ইউক্রেন যুদ্ধে ব্যবহার করে আসছিল রাশিয়া। তবে এ ড্রোনে এখন জেট ইঞ্জিন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নেভিগেশন, উন্নত জ্যামার-প্রতিরোধী ব্যবস্থা ও স্টারলিংক ইন্টারনেট ডিভাইস যুক্ত করে আরও শক্তিশালী করেছে মস্কো। সেই ড্রোনই এখন তেহরানে পাঠানো হচ্ছে। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ খবরকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন।
হরমুজে জাহাজ চলাচলে ইরানের সঙ্গে থাইল্যান্ডের চুক্তি
দ্য গার্ডিয়ান অনলাইন জানায়, ইরানের হরমুজ প্রণালি দিয়ে থাইল্যান্ডের তেলবাহী জাহাজগুলো নিরাপদে চলাচলের বিষয়ে একটি চুক্তি হয়েছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এ তথ্য জানিয়েছেন। গতকাল শনিবার তিনি বলেন, ‘থাই তেলবাহী ট্যাঙ্কারগুলো যেন হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে যাতায়াত করতে পারে, সে বিষয়ে একটি সমঝোতা হয়েছে।’
তেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। ইরানের মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, গতকাল শনিবার ভোরে এ হামলা হয়।
ইরানে আরও ৩,৫৫৪টি লক্ষ্যবস্তুতে হামলা করা বাকি আছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার বলেছেন, ইরানে আঘাত করার জন্য যুক্তরাষ্ট্রের কাছে এখনও ‘আরও ৩,৫৫৪টি’ লক্ষ্যবস্তু বাকি আছে। সেগুলো খুব দ্রুত সম্পন্ন করা হবে। সিএনএন জানায়, ট্রাম্প বলেছেন, ইরান এর আগে কখনও এমন হামলা দেখেনি।
যুক্তরাষ্ট্রকে ন্যাটোর পাশে থাকা লাগবে না: ট্রাম্প
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের চার সপ্তাহ পার হয়েছে। এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশে এসে দাঁড়ায়নি সামরিক জোট ন্যাটোর ইউরোপীয় সদস্যরা। দ্য গার্ডিয়ান জানায়, এতে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে এক অনুষ্ঠানে গত শুক্রবার তিনি বলেন, ‘আমরা সব সময় তাদের (ন্যাটো) পাশে থাকতাম। কিন্তু এখন তাদের কার্যকলাপের ভিত্তিতে আমার মনে হয়, আমাদের (তাদের পাশে) থাকা লাগবে না, তাই তো?’ তিনি বলেন, ‘যদি তারা আমাদের পাশে না থাকে, আমরা কেন তাদের পাশে থাকব?’
সৌদি আরবে বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ মার্কিন সেনা আহত
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১২ মার্কিন সেনা আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, হামলায় ঘাঁটিতে থাকা অন্তত একটি সামরিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত সেনাদের মধ্যে দুজনের অবস্থা সংকটপূর্ণ। এ নিয়ে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর থেকে হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ৩০৩ সেনা আহত হলেন।
ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে ক্ষেপণাস্ত্রের আঘাত
ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। গত শুক্রবার রাতে এ হামলা চালানো হয়। ইরানের আণবিক শক্তি সংস্থার উদ্ধৃতি দিয়ে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানায়, এ পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৃতীয় হামলা এটি। তবে রাতের এ হামলায় কেউ হতাহত হননি। পরমাণু বিদ্যুৎকেন্দ্রটির কোনো প্রকার আর্থিক বা প্রযুক্তিগত ক্ষয়ক্ষতিও হয়নি।
লেবাননে ৯ ইসরায়েলি সেনা আহত
দক্ষিণ লেবাননে দুটি হামলায় নিজেদের ৯ সেনা আহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সামাজিক মাধ্যম এক্সে এ তথ্য জানানো হয়। আলজাজিরা জানায়, গত শুক্রবার লড়াই চলাকালে একটি ট্যাঙ্কবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে এক ইসরায়েলি সেনা গুরুতর ও অন্য একজন মাঝারি ধরনের আহত হন। আরেক ঘটনায় গতকাল শনিবার দক্ষিণ লেবাননে অভিযানরত সেনাদের ওপর রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এতে একজন গুরুতর আহত ও আরও ছয়জন মাঝারি ধরনের আহত হন। ইসরায়েলি বাহিনী লেবাননের ভূখণ্ডের আরও গভীরে প্রবেশের চেষ্টা করছে।




