প্রতিদিনের খাদ্যতালিকায় মাছ, মাংস, সবজি যা-ই থাকুক না কেন ডাল না হলে চলে না। ভাত-রুটি সব কিছুর সঙ্গে ডাল খাওয়া যায়। আগের দিনে রান্না করার আগে কমবেশি সব বাড়িতেই ডাল ভিজিয়ে রাখার চল ছিল। তবে আজকাল অনেকেই দ্রুত রান্না সারতে ডাল ভিজিয়ে রাখার সময় পান না। সরাসরি রান্না করে ফেলেন। এতে হজমের সমস্যা বাড়ে। ফোলেট, আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান ভরপুর ডাল রান্নার আগে অবশ্যই নির্দিষ্ট সময় ধরে ভিজিয়ে রাখা জরুরি।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোন ডাল কতক্ষণ ভিজিয়ে রাখলে বেশি উপকারিতা পাওয়া যাবে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সবুজ মুগডাল ভিজিয়ে রাখতে হবে ৬ থেকে ৮ ঘণ্টা, হলুদ মুগ ডাল অন্তত ৩০ মিনিট, ছোলার ডাল ৬ থেকে ৮ ঘণ্টা, অড়হড় ডাল ২ থেকে ৩ ঘণ্টা,রাজমা ১০ থেকে ১২ ঘণ্টা,
মুসুর ডাল ১ থেকে ২ ঘণ্টা, কালো ছোলা ৮ থেকে ১০ ঘণ্টা, মটর ৮ থেকে ১০ ঘণ্টা, কাবলি ছোলা ১০ থেকে ১২ ঘণ্টা
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ছোলার ডাল, মটর ডাল বেশ ভারী খাবার। হজম করা সহজ নয়। রান্নার আগে এই সব ডাল ভিজিয়ে রাখলে অ্যান্টি-নিউট্রিয়েন্টের মাত্রা কমে। এ ছাড়াও, ডালের উপরের অংশে ফাইটিক অ্যাসিড থাকায় পেটে গেলে বদহজম হতে পারে। ডাল কিছু ক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে সেই অ্যাসিড ধুয়ে যায়। পানিতে ভিজিয়ে রাখলে ডালে থাকা পলিফেনল এবং ট্যানিনও অনেকটা চলে যায়। এর ফলে ডালে উপস্থিত বাকি সব উপাদান, যেমন ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ক্যালশিয়াম, আয়রন— সব ভাল ভাবে শরীরে প্রবেশ করে ।




