কুড়িগ্রামের উলিপুরে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। তিনি বলেছেন, চাঁদাবাজি, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে কোনো ধরনের আপোস করা হবে না।
সোমবার (২ মার্চ) সন্ধ্যায় উলিপুর পৌরশহরের ইমপাওয়ারমেন্ট হাব অফিসে সাংবাদিকদের সাথে ইফতার ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এমপি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, উলিপুরের উন্নয়ন নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজের স্বচ্ছতা, জবাবদিহীতা এবং সুশাসন নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য।
তিনি আরো বলেন, সড়কে যানজট নিরসনে ব্যবস্থা নেয়া হয়েছে। ধুলোমুক্ত শহর গড়তে পানির স্প্রে ও রাস্তাঘাট সংস্কার শুরু করা হয়েছে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় লাইটের ব্যবস্থা করা হচ্ছে। সরাসরি এমপি’র সাথে যোগাযোগ ও অভিযোগ জানাতে শীঘ্রই একটি মোবাইল অ্যাপ ও ফোন নম্বর চালু করা হবে।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটন, উপজেলা সেক্রেটারি হাফেজ তৌহিদুল ইসলাম, সাবেক উপজেলা আমীর মাও. মশিউর রহমানসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




