বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বলেছেন, জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে ও প্রত্যাশা পূরণ করাই সরকারের লক্ষ্য। ইতিমধ্যে নির্বাচনী ওয়াদা মোতাবেক ফ্যামিলি কার্ড বাস্তবায়ন শুরু হয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার কথায় না কাজে বিশ্বাসী।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
আব্দুল খালেক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং খালেদা জিয়ার নেতৃত্বের ধারাবাহিকতায় তারেক রহমান দেশের নেতৃত্ব দিচ্ছেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
তিনি আরো বলেন, উলিপুর যেন উন্নয়ন থেকে বঞ্চিত না হয়, সেই বিষয়ে আমি কাজ করবো। আগামী ১৬ ই মার্চ রংপুর বিভাগের দিনাজপুর থেকে খাল খনন কর্মসুচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির সরকার সকলের সমান অধিকার ও উন্নয়ন নিশ্চিত করবে ইনশাআল্লাহ।
এ সময় উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা- জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আবু জাফর সোহেল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, সদস্য আশরাফুল হক রুবেল, উপজেলা বিএনপি নেতা ইকবাল হোসেন চাঁদ, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবির কাজল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মঈন ইসলাম, শামীম আহমেদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহমান রাজু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম প্রমুখ।




