জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার জরুরি বার্তা!

0
6

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার এক বার্তায় তিনি জামায়াত আমিরের নেতৃত্ব এবং নির্বাচনের ফলাফলকে শান্ত ও গঠনমূলকভাবে গ্রহণ করার প্রশংসা করেন।

প্রধান উপদেষ্টা তাঁর বার্তায় উল্লেখ করেন যে, নির্বাচনী প্রচার থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত জামায়াতে ইসলামীর রাজনৈতিক শিষ্টাচার, সংযম এবং কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে দলটির পক্ষ থেকে যে গঠনমূলক সমর্থন ও সহযোগিতা পাওয়া গেছে, সেটির জন্যও তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ড. মুহাম্মদ ইউনূস বর্তমান সময়কে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেন। তিনি মনে করেন, বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত পরিবর্তন, জলবায়ু রক্ষা এবং সামাজিক ন্যায়বিচারের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ও বিরোধী দল উভয়েরই দায়িত্বশীল ভূমিকা থাকা প্রয়োজন। এই প্রেক্ষাপটে গণতন্ত্রকে শক্তিশালী ও অংশগ্রহণমূলক করতে জামায়াতে ইসলামী একটি নীতিনিষ্ঠ বিরোধী শক্তি হিসেবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বার্তায় প্রধান উপদেষ্টা আরও প্রত্যাশা করেন যে, জাতীয় সংসদে নীতিগত বিতর্ক, আইন প্রণয়ন এবং রাষ্ট্রের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে। জাতীয় ঐক্য বজায় রাখতে জামায়াত আমিরের অতীত ভূমিকার প্রশংসা করে তিনি ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। পরিশেষে তিনি ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here