জামালপুরে রাত ৯টার পর হঠাৎ একযোগে বন্ধ পেট্রোল পাম্প

0
6

জামালপুরে হঠাৎ করেই জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে জেলার শহরসহ বিভিন্ন স্থানের বেশ কয়েকটি পেট্রোল পাম্প একযোগে বন্ধ হয়ে যায়। এতে তেল নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল, প্রাইভেটকার, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালকরা।

স্থানীয়দের অভিযোগ, কোনো পূর্বঘোষণা ছাড়াই রাত ৯টার পর থেকে একের পর এক পেট্রোল পাম্পে তেল বিক্রি বন্ধ করে দেওয়া হয়। অনেক চালক পাম্পে গিয়ে দেখেন, পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে অথবা তেল নেই বলে জানানো হচ্ছে।

এদিকে হঠাৎ এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, সরকারিভাবে এখনো কোনো পেট্রোলিয়ামজাত দ্রব্যের মূল্যবৃদ্ধির ঘোষণা না থাকলেও সম্ভাব্য দাম বাড়ার আশঙ্কায় কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিমভাবে এই সংকট তৈরি করেছেন।

ভুক্তভোগী চালকরা জানান, হঠাৎ করে অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ায় তারা বিপাকে পড়েছেন। অনেকেই জরুরি কাজে বের হয়ে মাঝপথে তেল না পেয়ে চরম সমস্যার সম্মুখীন হয়েছেন।

সচেতন মহল ও সাধারণ মানুষের দাবি, যদি কৃত্রিমভাবে এই সংকট সৃষ্টি করা হয়ে থাকে তবে দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here