নিজের ও পরিবারের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করলেন আসিফ মাহমুদ

0
9

সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতার আলোচনা শুরুর পর নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাবে সচ্ছতা নিশ্চিত করতে নিজের এবং পরিবারের সব সদস্যের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, “অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগের সময় আমি আমার আয় ও সম্পদের সম্পূর্ণ বিবরণী মন্ত্রিপরিষদ বিভাগের কাছে পেশ করে এসেছি। এরপরও যেহেতু কিছু মহলে জল্পনা তৈরির চেষ্টা চলছে, তাই আমি নৈতিক অবস্থান থেকে নিজের ও পরিবারের সবার ব্যাংক হিসাব জনগণের সামনে উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।”

ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য দিয়ে এনসিপির এই মুখপাত্র জানান, তাঁর বাবার পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা জমা থাকলেও শিক্ষক হিসেবে তিনি ১০ লাখ টাকার একটি সার্ভিস লোন নিয়েছিলেন। যার এখনো ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা পরিশোধ বাকি। অর্থাৎ তাঁর বাবা এখনো প্রায় ৮২ হাজার টাকার দেনায় আছেন।

এছাড়া তাঁর মায়ের একটি ব্যাংক অ্যাকাউন্টে ২১ হাজার ১৫৪ টাকা এবং স্ত্রীর অ্যাকাউন্টে মাত্র ৬১৩ টাকা রয়েছে বলে তিনি জানান।

আসিফ মাহমুদ নিজের দুটি ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ দিয়ে বলেন, সোনালী ব্যাংকের ব্যক্তিগত সেভিংস অ্যাকাউন্টে ৯ হাজার ৯৩০ টাকা রয়েছে। অন্যটি হলো তাঁর স্যালারি অ্যাকাউন্ট, যেখানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালীন ১৬ মাসের বেতন ও ভাতাসহ যাবতীয় লেনদেন হয়েছে। এই অ্যাকাউন্টে ১৬ মাসে মোট ৮৫ লাখ ৮১ হাজার টাকা ক্রেডিট (জমা) হয়েছে এবং ৭৬ লাখ ৩ হাজার টাকা ডেবিট (খরচ) হয়েছে। বর্তমানে এই স্যালারি অ্যাকাউন্টে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা জমা আছে। সব মিলিয়ে আসিফ মাহমুদের দুটি অ্যাকাউন্টে বর্তমান স্থিতি ৯ লাখ ৮৮ হাজার ৫৫৬ টাকা।

তিনি বলেন, “জনগণ যেন কোনো বিভ্রান্তিকর তথ্যে কান না দেয়, সেজন্যই এই ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করা। জনসেবার জন্য রাজনীতি করি এবং স্বচ্ছতা বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here