রাজধানীর লালবাগের পোস্তা এলাকার বাসা থেকে ফারহান রহমান জিহাদ নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করেছে বলে পরিবার থেকে জানানো হয়।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসার ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় জিহাদকে উদ্ধার করেন স্বজনরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সাড়ে ৮টায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
১৭ বছর বয়সী ফারহান রহমান জিহাদ ইসলামবাগ আইডিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুই ভাই এক বোনের মধ্যে জিহাদ সবার ছোট। তার বাবার নাম ফজলুর রহমান। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাইমচড় উপজেলায়। পরিবারটি লালবাগ এলাকায় ওই ভাড়া বাসায় থাকে।
জিহাদের বড় ভাই ফাহিম রহমান রুদ্র বলেন, ‘জিহাদের বন্ধুদের মাধ্যমে জানতে পেরেছি, একই স্কুলে একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। দুপুরে তারা এক সঙ্গে ঘুরতে বের হয়েছিল। বাসায় ফিরে সন্ধ্যায় মোবাইলে কথা বলছিল জিহাদ। এর মধ্যে ঝগড়াঝাঁটি করে সে ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ ডাকাডাকির পরও দরজা খুলেনি। পরে দরজা ভেঙে দেখা যায়- জিহাদ ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় রয়েছে।’
তিনি আরও বলেন, জিহাদকে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও পরিদর্শক মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। স্বজনরা আত্মহত্যার কথা বলেছেন। বিষয়টি যাচাই করার পাশাপাশি আত্মহত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ।




