Home Blog Page 137

৯ জেলার জন্য দুঃসংবাদ, নদীবন্দরে সতর্কতা

৯ জেলায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে গতকাল বুধবার রাতে প্রকাশিত সারা দেশের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দুধের পুষ্টিগুণ সহজে পরিপাকের সাহায্যে আরলা ফুডস নিয়ে এলো ডানো ল্যাক্টো রিডিউসড

দুধ হজমে সমস্যা ভোগা ভোক্তাদের কথা মাথায় রেখে নতুন পণ্য ‘ডানো ল্যাক্টো রিডিউসড’ ফিলড মিল্ক পাউডার বাজারে আনার ঘোষণা দিয়েছে আরলা ফুডস বাংলাদেশ।

রাজধানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মুলার এবং ইউরোপিয়ান ইউনিয়ন চেম্বার অফ কমার্স এর চেয়ারপার্সন নুরিয়া লোপেজসহ সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশের অনেক মানুষ ল্যাক্টোজ ইনটলারেন্সের কারণে দুধ হজমে সমস্যায় ভোগেন, ফলে তারা দুধ গ্রহণ কমিয়ে দেন বা এড়িয়ে চলেন। এই বাস্তবতায় নতুন পণ্যটিতে ল্যাক্টেজ এনজাইম ব্যবহারের মাধ্যমে দুধে ল্যাক্টোজের পরিমাণ প্রায় ৩৬ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে, যা সহজ পরিপাকে সহায়ক।

আরলা ফুডস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক লরেন্ট পন্টি বলেন, ভোক্তাদের প্রয়োজনের ভিত্তিতেই তাদের উদ্ভাবন। তিনি বলেন, ডানো ল্যাক্টো রিডিউসড দুধের পুষ্টিগুণ অক্ষুণ্ণ রেখে পরিপাকের সমস্যার সমাধানে সহায়তা করবে।

ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মুলার বলেন, বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে এবং গুণমান ও উদ্ভাবনে ডেনমার্কের প্রতিশ্রুতির প্রতিফলন এই পণ্য।

প্রতিষ্ঠানটি জানায়, পণ্যটি মূলত গৃহস্থালী ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। বিশেষ করে ৫ বছরের বেশি বয়সী শিশু, প্রাপ্তবয়স্ক ও বয়স্কদের জন্য এটি উপযোগী, যারা দুধ গ্রহণে অস্বস্তি অনুভব করেন।

নিরাপদ, সহজলভ্য ও ভোক্তাকেন্দ্রিক দুগ্ধপণ্য সরবরাহের মাধ্যমে দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে কাজ করে যাওয়ার প্রত্যয়ও পুনর্ব্যক্ত করেছে আরলা ফুডস বাংলাদেশ।

যে ৬ কৌশলে চিনি খাওয়া ছাড়তে পারেন

যাদের প্রতিদিন চিনি ও মিষ্টি জাতীয় খাবার খাওয়ার অভ্যাস রয়েছে, তারা সহজেই তা ছাড়তে পারেন না। কেননা শরীর নিয়মিত চিনি পেতে পেতে অভ্যস্ত হয়ে যায়। এরপর সেটিকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করে। ফলে শরীর এক রকম ভাবে চিনির উপর নির্ভরশীল হয়ে পড়ে। হঠাৎ সেই জোগান থমকে গেলে শরীর যেন শক্তি হারিয়ে ফেলে এবং তখনই শুরু হয় প্রত্যাহারের প্রতিক্রিয়া। এর সঙ্গে জড়িয়ে রয়েছে মস্তিষ্কের অভ্যাস। চিনি খেলে শরীরে ডোপামিন নামে রাসায়নিক বের হয়, যা আনন্দের অনুভূতি দেয়। হঠাৎ চিনি খাওয়া বন্ধ করলে এই আনন্দের উৎস কমে যায়। ফলে মন খারাপ, বিরক্তি, উদ্বেগ ইত্যাদি অনুভূতি বাড়তে পারে।

চিনি ও মিষ্টি জাতীয় খাবারের অভ্যাস সহজে ত্যাগ করার কৌশল

চিনির বদলে মিষ্টি স্বাদের ফল খান 
চিনি বা মিষ্টি খাবারের পরিবর্তে স্বাস্থ্যকর বিকল্পগুলো খুঁজে নিতে পারেন। যেমন, চিনির বদলে মিষ্টি ফল খেতে পারেন। তাতে মিষ্টি স্বাদের সঙ্গে শরীর ফাইবারও পাবে।

পর্যাপ্ত পানি পান
পানি পানের ঘাটতি থাকলে বার বার মিষ্টি খেতে ইচ্ছে করতে পারে। তাই পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত।

ডার্ক চকোলেট 
চিনি খাওয়ার অভ্যাস ছাড়তে ৭০ শতাংশ কোকো পাউডার দিয়ে বানানো ডার্ক চকোলেট খাওয়া যেতে পারে। কিন্তু পরিমাপের দিকে নজর দিতে হবে।

সালাদ বা স্যুপ 
খাবার খাওয়ার আগে সালাদ বা স্যুপ খেলে পেট ভর্তি থাকে এবং হঠাৎ মিষ্টির লোভ কমতে পারে।

জরুরি পর্যাপ্ত ঘুম 
ঘুম কম হলে শরীরের বেশি মিষ্টির প্রয়োজন হতে পারে। ভালো ও পর্যাপ্ত ঘুম এই আকাঙ্ক্ষা কমাতে সাহায্য করে।

ছোলা ও বাদাম
মিষ্টির অভ্যাস ছাড়তে রোস্ট করা ছোলা, অঙ্কুরিত ডাল বা বাদাম খেতে পারেন। এসব  খাবার পেট ভরায় এবং রক্তে শর্করার ওঠানামা কমায়। এগুলো খেলে মিষ্টির প্রতি আকর্ষণ খানিক কমতে পারে।

যা বাদ দেবেন

চিনি বাদ দেওয়ার পর আরও কিছু বিষয় খেয়াল রাখুন। যেমন সকালের নাশতায় কিংবা সারাদিনের খাবারে কৌটোর জুস, ড্রিংস ইত্যাদি রাখবেন না। ঘরে চিনি ছাড়া ফলের জুস বানিয়ে পান করতে পারেন।

চিনিযুক্ত ডেজার্ট যেমন কেক-পেস্ট্রি ইত্যাদি এড়িয়ে চলুন। নয়তো কোনোভাবেই সুফল মিলবে না।

ক্যানযুক্ত খাবার, সস, প্রসেসড খাবারের মাধ্যমেও শরীরে চিনি প্রবেশ করে। এগুলো এড়িয়ে চলা উত্তম।

‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

০

শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদাসম্পন্ন ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা। ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

ভারতের চলচ্চিত্র ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি অঙ্গ সংস্থা হিসেবে কাজ করে দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ৪ থেকে ৮ মে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন।

‘মিনার-এ-দিল্লি’ পুরস্কার প্রসঙ্গে রুনা লায়লা বুধবার সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মানে ভূষিত করার নিমন্ত্রণের জন্য দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। এর অপেক্ষায় রইলাম… দেখা হবে সেখানে!’

সম্প্রতি রুনা লায়লাকে একটি চিঠি পাঠিয়েছেন উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পরচা। তিনি লিখেছেন, ‘কয়েক দশক ধরে আপনার সুমধুর কণ্ঠ এবং বর্ণাঢ্য শৈল্পিক যাত্রা ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে। আমাদের অনেকের কাছে আপনার গান শুধু সংগীত নয়, বরং আবেগ, স্মৃতি এবং আমাদের দুই দেশের মধ্যে এক সুন্দর সেতুবন্ধন। সংগীত ও চলচ্চিত্রে আপনার অবদান এমন এক সাংস্কৃতিক ঐতিহ্য সৃষ্টি করেছে, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।’

রুনা লায়লাকে রাম কিশোর পরচা আরও লিখেছেন, ‘আপনি পুরস্কারটি গ্রহণ করলে আমাদের জন্য এক বিরাট আশীর্বাদ হবে। এটি শুধু ভারত ও বাংলাদেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও উন্নতই করবে না, বরং আরও শক্তিশালী করবে।’

নয়াদিল্লিতে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ড. আম্বেদকার আন্তর্জাতিক কেন্দ্রে উৎসবটি অনুষ্ঠিত হবে। এবারের আসরে বিশ্ব জুড়ে নারী ক্ষমতায়ন, সামাজিক ও শিশুবিষয়ক চলচ্চিত্র এবং নারী নির্মাতাদের উৎসাহিত করা হবে।

এর আগে ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পেয়েছেন ভারতীয় অভিনেত্রী-নৃত্যশিল্পী জোহরা সেহগাল (২০১২), শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা (২০১৫) ও ‘মেরা নাম জোকার’ ছবির রুশ অভিনেত্রী সেনিয়া রেবেক্কানা (২০১৬)।

ট্রাম্পের নীতির সঙ্গে বিরোধ, দায়িত্ব ছাড়ছেন ইউক্রেনে মার্কিন রাষ্ট্রদূত

ইউক্রেনে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত জুলি ডেভিস তাঁর দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। ট্রাম্পের নীতির সঙ্গে মতপার্থক্যের কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এমন দাবি নাকচ করেছে।

গত বছরের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধের চেষ্টা চালিয়েছেন। তবে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছেন। ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও তাঁর সম্পর্ক ওঠানামা করেছে। ওয়াশিংটন ইরান যুদ্ধে জড়ানোর পর থেকে ইউক্রেনে যুদ্ধবিরতির আলোচনায়ও ভাটা পড়েছে। বিপরীতে বেশ কিছু ক্ষেত্রে ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখিয়েছেন।

ফিনান্সিয়াল টাইমস বলছে, ট্রাম্পের নীতির সঙ্গে মতপার্থক্য এবং ইউক্রেনের প্রতি সমর্থন ধীরে ধীরে কমে আসায় রাষ্ট্রদূত ডেভিস নিজের ভূমিকা নিয়ে হতাশ হয়ে পড়েছিলেন। তবে স্টেট ডিপার্টমেন্ট বা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই বর্ণনা প্রত্যাখ্যান করে বলেছে, ট্রাম্পের সঙ্গে মতবিরোধের কারণে ডেভিস দায়িত্ব ছাড়ছেন না।

মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেন, রাষ্ট্রদূত ডেভিস রাশিয়া ও ইউক্রেনের মধ্যে টেকসই শান্তি আনতে ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার একজন দৃঢ় সমর্থক। তিনি আগামী জুনে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন। এর আগ পর্যন্ত তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি এগিয়ে নিয়ে যাবেন।

গত বছরের মে মাসে ইউক্রেনে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব নেন ডেভিস। তাঁর আগে আরেক কূটনীতিক ব্রিজেট ব্রিংক ট্রাম্পের ইউক্রেন নীতির বিরোধিতা করে পদত্যাগ করেছিলেন।

ওয়ানডে র‍্যাংকিংয়ে বড় লাফ টাইগার ৩ পেসারের

০

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতার পুরস্কার হাতে হাতেই পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানার। সিরিজজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে র‍্যাংকিংয়ে প্রভাব পরেছে তাদের।

সবচেয়ে বড় লাফ দিয়েছেন ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় নাহিদ রানা। ১৬ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৪৮তম স্থানে। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ১১ ধাপ এগিয়ে এখন বিশ্বের ২৮ নম্বর ওয়ানডে বোলার। আর ১৪ ধাপের বড় লাফ দিয়ে ৪১তম স্থানে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান।

ব্যাটিংয়েও পিছিয়ে নেই টাইগাররা। নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ এগিয়ে ৩২তম স্থানে উঠেছেন। ওপেনার লিটন দাসও ১৫ ধাপ এগিয়ে এখন ৬৫ নম্বরে। অন্যদিকে, অলরাউন্ডারদের তালিকায় আরও এক ধাপ এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বর্তমানে তিনি যৌথভাবে বিশ্বের ৩ নম্বর ওয়ানডে অলরাউন্ডার।

নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে টাইগারদের। প্রথম ম্যাচে ম্যাচজয়ী হাফ সেঞ্চুরি করা তাওহিদ হৃদয় ৯ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে উঠে এসেছেন। তার সতীর্থ পারভেজ হোসেন ইমন ৩ ধাপ এগিয়ে এখন যৌথভাবে ৪০ নম্বরে। বোলারদের তালিকায় ৩ ধাপ উন্নতি হয়েছে অফস্পিনার শেখ মেহেদী হাসানের। তিনি এখন যৌথভাবে ১৮তম স্থানে।

যুদ্ধ শুরুর পর ইরানে ২১ জনের ফাঁসি, গ্রেপ্তার ৪ হাজার: জাতিসংঘ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ইরানে অন্তত ২১ জনের ফাঁসি কার্যকর হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৪ হাজারের বেশি নাগরিককে। বুধবার এমন তথ্য জানিয়েছে জাতিসংঘ।

সংস্থাটির মানবাধিকার দপ্তর জানিয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর শুরু হওয়ার পর এই সাজা কার্যকর করা হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে গত জানুয়ারিতে বিক্ষোভের জেরে গ্রেপ্তার হওয়া নয়জন আছেন। এ ছাড়া, বিরোধী গোষ্ঠীর সদস্য অভিযোগে ১০ এবং গুপ্তরচৃত্তির অভিযোগে গ্রেপ্তার দুজনকে ফাঁসি দেওয়া হয়েছে।

জাতিসংঘ আরও জানায়, জাতীয় নিরাপত্তা সম্পর্কিত অভিযোগে ৪ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সংস্থাটি বলেছে, অনেক বন্দি জোরপূর্বক গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের পর কখনো কখনো তা টেলিভিশনেও প্রচার করা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের প্রধান ফলকার তুর্ক এক বিবৃতিতে বলেন, ইরানিরা একদিকে যেমন সংঘাতের প্রভাব সামলাচ্ছেন, তেমনি তাদের অধিকারও কঠোরভাবে কেড়ে নেওয়া হচ্ছে। বিষয়টি উদ্বেগের।

ময়মনসিংহে ৮ বছরের শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ময়মনসিংহে ৮ বছরের শিশু ধর্ষণ মামলায় কবির হোসেন রুবেল মিয়া (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া শহরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাবুল মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, দীর্ঘ ১০ বছরের বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে বিচারক এই রায় প্রদান করেন। ময়মনসিংহ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের ইতিহাসে এটিই প্রথম যাবজ্জীবন কারাদণ্ডের রায়। রায় ঘোষণার পর কড়া নিরাপত্তায় আসামিকে জেলহাজতে পাঠানো হয়।

আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান জানান, ২০১৬ সালের ৩১ আগস্ট সন্ধ্যায় ভুক্তভোগী শিশুটি নিজ বাড়িতে ফিরছিল। পথে রুবেল মিয়া শিশুটির মুখ চেপে ধরে চাকুর ভয় দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যায় এবং তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকিও দেয় সে। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে পরিবারের কাছে বিস্তারিত জানালে তার বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ সরকারি কৌঁসুলি মজিবুর রহমান এই রায় নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘ সময় পর হলেও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এই রায় সমাজে শিশু সহিংসতা রোধে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

ঢাকাকে ক্লিন-গ্রিন সিটি রূপে গড়ে তুলতে নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বুধবার জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য মো. আবুল কালামের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নানাবিধ পদক্ষেপ নেয়া হচ্ছে-

এরমধ্যে হচ্ছে: নাগরিক সচেতনতা ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক ভিত্তিতে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের পাশাপাশি বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে। সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনসমূহ (বর্জ্য ফেলার স্থান) আধুনিকায়নের লক্ষ্যে ল্যান্ডস্কেপিং, সবুজায়ন সচেতনতামূলক গ্রাফিতি কাজ অন্তর্ভুক্ত করে পরিবেশসম্মতভাবে বর্জ্য ব্যবস্থাপনা করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার রোড মিডিয়ান, সড়ক দ্বীপ ও উন্মুক্ত স্থানসমূহ সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক কোরিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতুয়াইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরশনের আওতাভুক্ত বিভিন্ন এলাকায় নগর বনায়ন (মিয়াওয়াকি ফরেস্ট) উন্মুক্ত মিডিয়ান জিরো সয়েল/সবুজে আবৃত করা হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় আগামী ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মেট্রোরেলের নিচের খালি অংশে (মিরপুর-১২ হতে মিরপুর ডিওএইচএস পর্যন্ত) এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে (আব্দুল্লাহপুর হতে ফার্মগেট পর্যন্ত অংশের) নীচে খালি জায়গায় বৃক্ষরোপণ করা হবে।

তিনি বলেন, রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তোলার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ঢাকা শহরের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে অগ্রাধিকার দেয়া হয়েছে। এ লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর নিম্নরূপ ব্যবস্থা গ্রহণ করেছে- এরমধ্যে হচ্ছে- ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) সমন্বিতভাবে আধুনিক বাস সার্ভিস ও ২৫০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেয়া হচ্ছে।

ইতোমধ্যে বিশ্ব ব্যাংকের সহায়তায় ঢাকার বায়ুদূষণের উল্লেখযোগ্য উৎসসমূহ চিহ্নিত করা হয়েছে। সে অনুযায়ী পরিবেশ অধিদপ্তর ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন, কনস্ট্রাকশন কার্যক্রম ও নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

এছাড়াও ঢাকা শহরের বায়ুদূষণ রোধে ঢাকার চারদিকে অবস্থিত অবৈধ দূষণকারী ইটভাটাসমূহ বন্ধে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এ লক্ষ্যে নিয়মিত মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অধিকন্তু ঢাকা মহানগরীর বায়ুদূষণ হ্রাস করার লক্ষ্যে ঢাকার সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করা হয়েছে এবং উক্ত এলাকায় ইটভাটার কার্যক্রম পরিচালনা, খোলা জায়গায় বর্জ্য পোড়ানো ইত্যাদি কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ও আশেপাশের নদী, খাল ও জলাশয় দূষণরোধে তরল বর্জ্য নির্গমনকারী প্রতিষ্ঠানসমূহে ইটিপি (Effluent Treatment Plant) স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। অদ্যাবধি ২৪৮টি প্রতিষ্ঠানে ইটিপি স্থাপন করা হয়েছে এবং প্রতিষ্ঠানসমূহের তরল বর্জ্য পরিশোধনের জন্য স্থাপিত ইটিপির রিয়েল-টাইম পর্যবেক্ষণের জন্য Internet Protocol (IP) ক্যামেরা স্থাপন চলমান রয়েছে। পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইতোমধ্যে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ নদীর দূষণের উৎস এবং প্রকৃতি নির্ধারণ করা হয়েছে। একই সাথে ঢাকা মহানগরে প্রবাহিত ১৯টি প্রধান খালের দূষণের উৎস এবং প্রকৃতি নির্ধারণ করা হয়েছে।

তারেক রহমান বলেন, ঢাকা শহরকে সবুজে আচ্ছাদিত করা, পরিবেশ দূষণ কমানো এবং নগরীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বন অধিদপ্তর কর্তৃক ঢাকা উত্তর/দক্ষিণ সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগ এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে যৌথভাবে রাস্তার মিডিয়ান, ইউলুপ, পন্ডিং এরিয়া এবং খালের পাড়সমূহে বৃক্ষরোপণ এবং জিরো সয়েল কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, এ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ৪১ হাজার ৫ শত ৬৫টি ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। এছাড়াও ঢাকা শহরের দূষণ কমানোর জন্য বিভিন্ন প্রজাতির লতা, গুল্ম ও ঘাস দ্বারা মাটি আবৃত করা হয়েছে। আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে বনায়নযোগ্য খালি জায়গায় বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আশা করি এ সকল কার্যক্রম ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে ধীরে ধীরে পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা শহর গড়ে তোলা সম্ভব হবে।

ঢাকায় বাংলা বৌদ্ধ শিল্পের চতুর্থ জাতীয় প্রদর্শনী শুরু

রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে বাংলা বৌদ্ধ শিল্পের চতুর্থ জাতীয় প্রদর্শনী ‘বাংলার বুদ্ধ: আমাদের পবিত্র সংঘ’। মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধন হওয়া এই প্রদর্শনী চলবে আগামী ৬ মে পর্যন্ত।

আয়োজকরা জানান, এটি শুধু একটি শিল্প প্রদর্শনী নয়; বরং দর্শকদের জন্য এক ধরনের অন্তর্জাগতিক অভিজ্ঞতার ক্ষেত্র। এখানে শিল্পকর্মের মাধ্যমে করুণা, ধ্যান এবং মানবতার বার্তা তুলে ধরা হয়েছে। প্রতি বছরের মতো এবারও বাংলার ঐতিহ্যবাহী বৌদ্ধ শিল্পচর্চাকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি সমসাময়িক প্রেক্ষাপটে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

এবারের প্রদর্শনীর মূল প্রতিপাদ্য বৌদ্ধধর্মের তৃতীয় রত্ন ‘সংঘ’। এই ভাবনার প্রতিফলন ঘটেছে প্রদর্শনীতে স্থান পাওয়া ৯১টি শিল্পকর্মে। বিভিন্ন মাধ্যমে নির্মিত এসব শিল্পকর্মে ধ্যান, পারস্পরিক নির্ভরতা এবং মানুষ-প্রকৃতির সম্পর্ক ফুটে উঠেছে।

প্রদর্শনীতে দেশের ৮০ জন শিল্পী অংশ নিয়েছেন। তাঁদের কাজের মাধ্যম হিসেবে রয়েছে জলরং, গোয়াশ, টেম্পেরা, ভাস্কর্য, মিনিয়েচার, বাটিক, অ্যাপ্লিক, উডকাট, নকশিকাঁথা, সিরামিক, প্রিন্টমেকিং ও ধাতুশিল্প। শিল্পীরা তাঁদের কাজে সম্প্রীতি, সহমর্মিতা ও অস্তিত্বের আন্তঃসম্পর্ক তুলে ধরেছেন। শিল্পীরা তাঁদের নিজস্ব ভাষায় ফুটিয়ে তুলেছেন সম্প্রীতি, করুণা, মানবিক সহমর্মিতা এবং অস্তিত্বের পারস্পরিক সংযোগ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক ও প্রদর্শনীর কিউরেটর ড. মলয় বালা বলেন, বুদ্ধের করুণা, মৈত্রী ও প্রজ্ঞার শিক্ষা এই প্রদর্শনীর মাধ্যমে দৃশ্যমান রূপ পেয়েছে।

সহ-কিউরেটর মিখাইল ইদ্রিস বলেন, সত্তার সংঘ মানবতার আধ্যাত্মিক সংকটের বিরুদ্ধে এক গভীর প্রতিষেধক। এই উপলব্ধিই শিল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আমরা।

art

দেশের ১৫টি বিশ্ববিদ্যালয় ও শিল্প-প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নবীন শিল্পীরা এখানে তাঁদের সৃজনশীলতা মেলে ধরেছেন। এছাড়াও যুক্ত হয়েছেন বুলবুল ললিতকলা একাডেমি এবং চীনের ইউনান আর্ট ইউনিভার্সিটির শিল্পীরাও।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনীতে শ্রী বুদ্ধের জীবন ও দর্শন নতুনভাবে উপস্থাপনের পাশাপাশি দর্শকদের তা অনুভব করার সুযোগ তৈরি হয়েছে। আয়োজকরা জানান, শিল্প এখানে ধর্মীয় সীমা ছাড়িয়ে সার্বজনীন মানবিক ভাষায় রূপ নিয়েছে।

প্রদর্শনীর অংশ হিসেবে প্রতিদিন আয়োজন করা হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান। এর মধ্যে রয়েছে সংগীত পরিবেশনা, জলরং কর্মশালা, শিল্পীদের সঙ্গে গ্যালারি ভ্রমণ এবং বৌদ্ধ দর্শনভিত্তিক আলোচনা।

উদ্বোধনী অনুষ্ঠানে বাঁশিতে এস. এম. রাকিবুল হাসান এবং ভারতনাট্যম নৃত্যে শেওলা রভর্তী আড়োজার পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

সমাপনী দিনে প্রথমবারের মতো ‘বেস্ট আর্টিস্টস অ্যাওয়ার্ডস’ প্রদান করা হবে। এতে প্রথম পুরস্কার ৮০ হাজার টাকা, দ্বিতীয় ৫৮ হাজার, তৃতীয় ৩৫ হাজার এবং সেরা শিক্ষার্থী শিল্পকর্মের জন্য ৩৫ হাজার টাকা সম্মাননা দেওয়া হবে।

ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপ ও লার্নিং ডিজাইন স্টুডিওর উদ্যোগে, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।