Home Blog Page 2

লক্ষ্মীপুরে সুপারি গাছে উঠতে না চাওয়ায় শিশুকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ১

লক্ষ্মীপুরে সুপারি গাছে উঠতে না চাওয়ায় রিসাদ (১২) নামের এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় সদর উপজেলার ৮ নম্বর চর রুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর রুহিতা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সুপারি পাড়া নিয়ে রিসাদের সঙ্গে রুবেলের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রুবেল ছুরি দিয়ে রিসাদের বুক, পেট ও বাঁ পায়ের হাঁটুর নিচে আঘাত করে। এতে গুরুতর আহত হয় রিসাদ।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিসাদকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত শিশুর বাবা সাহেদ হোসেন বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ব্যবহৃত ছুরিসহ রুবেলকে গ্রেপ্তার করে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, ঘটনার পরপরই অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

শিরোপা খরা কাটবে জকোর!

ইউএস ওপেনের শিরোপা ধরে রাখার মিশনে নামছেন কার্লোস আলকারাজ। চোটের কারণে শীর্ষ বাছাই ইয়ানিক সিনার না থাকায় স্প্যানিশ এ তরুণই এবার ফেভারিট। তাঁর টানা দ্বিতীয় ইউএস ওপেন জয়ে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন আলেকজান্ডার জেরেভ। ইতিহাস গড়তে নামা সাবেক চ্যাম্পিয়ন নোভাক জকোভিচও চ্যালেঞ্জ জানাতে পারেন। সেমিতে জোকোভিচের মুখোমুখি হতে পারেন আলকারাজ। হ্যাটট্রিক ইউএস ওপেন শিরোপার মিশনে নামা বেলারুশ সুন্দরী আরিনা সাবালেঙ্কা অবশ্য বেশ আত্মবিশ্বাসী।

ড্রতে একই অর্ধে পড়েছেন আলকারাজ ও জকোভিচ। আসরের বর্তমান চ্যাম্পিয়ন আলকারাজ মাত্রই চোট থেকে উঠেছেন বলেই এবার জকোভিচের জোরালো সম্ভাবনা রয়েছে। রেকর্ড ২৫ নম্বর গ্র্যান্ডস্লামের মিশনে নামছেন জকোভিচ। তবে ক্রোয়াট এ তারকা সর্বশেষ গ্র্যান্ডস্লাম জিতেছিলেন সেই ২০২৩ সালে। ৩৯ বছর বয়সী এ তারকা গত ১১টি গ্র্যান্ডস্লামের মধ্যে ৮টিতেই আলকারাজ বা সিনারের কাছে হেরে বাদ পড়েছেন। এবার চোটের কারণে সিনার নেই, আলকারাজও চার মাস পর কোর্টে নামছেন। তাই তিন বছরের শিরোপা খরা ঘোচানোর সুবর্ণ সুযোগ সার্ব এ তারকার সামনে। নারী-পুরুষ উভয় বিভাগ মিলিয়ে সর্বোচ্চ ২৪টি করে গ্র্যান্ডস্লাম জিতে যৌথভাবে শীর্ষে আছেন নোভাক জকোভিচ ও মার্গারেট কোর্ট। ইউএস ওপেন জিততে পারলে এককভাবে সে রেকর্ডের মালিক হয়ে যাবেন জকোভিচ।

কবজির চোট সারিয়ে চার মাস পর বছরের শেষ গ্রান্ডস্ল্যামে ফিরেছেন টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আলকারাজ। গত শুক্রবার ‘মিডিয়া ডে’তে আলকারাজ জানিয়েছেন, তিনি এখন শতভাগ ফিট। বিরতির কারণে নিজের সেরা ছন্দ ফিরে পাওয়া নিয়ে কিছুটা উদ্বিগ্ন তিনি। ২৩ বছর বয়সী এ তারকা গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে বছরের দারুণ সূচনা করেছিলেন। কবজির চোটের কারণে গত ১৬ এপ্রিল থেকে কোর্টের বাইরে আছেন।

শিরোপার আরেক দাবিদার হলেন র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা আলেকজান্দার জেরেভ। জার্মান এ তারকা দারুণ ফর্মে আছেন। গত জুনে ইতালির ফ্যাবিও কোবোলিকে পাঁচ সেটের রোমাঞ্চকর ফাইনালে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন জিতে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পেয়েছেন। এক মাস পর উইম্বলডনের ফাইনালেও উঠেছিলেন তিনি। কিন্তু সেখানে সিনারের কাছে হেরে শিরোপা জিততে পারেননি। এবার সিনার নেই, আলকারাজও দীর্ঘ বিরতির পর এসেছেন। তাই তাঁর সামনে সুবর্ণ সুযোগ। যদিও জেরেভ মনে করছেন, দীর্ঘ বিরতির কারণে প্রথম এক-দুই ম্যাচে আলকারাজকে কিছুটা বিবর্ণ লাগতে পারে। তবে ছন্দ ফিরে পেলে তাঁকে আটকানো কঠিন। নবম বাছাই যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজ হলেন আরেক ফেভারিট। এন্ডি রডিকের পর স্বাগতিক আর কেউ ইউএস ওপেন জেতেননি। সে খরা কাটাতে পারেন ১৮ বছরের ফ্রিটজ।

নারী বিভাগে এবারও ফেভারিট সাবালেঙ্কা। তবে শীর্ষ বাছাই এ তারকা হতাশা নিয়ে নিউইয়র্কে এসেছেন। গত মার্চে মায়ামি ওপেন জেতার পর আর কোনো শিরোপা জেতেননি। তবে ২৮ বছর বয়সী এ তারকার দৃঢ়বিশ্বাস, ফ্ল্যাশিং মিডোসে তিনি ঠিকই জ্বলে উঠবেন। ২০২৪, ২০২৫ সালে এখানে আসার আগে তেমন একটা ছন্দে ছিলেন না তিনি। এর পরও শিরোপা জিতেছিলেন। এবারও তেমন কিছুই প্রত্যাশা করছেন সাবালেঙ্কা। সব বাধা পেরিয়ে যদি তিনি এখানে শিরোপা জিততে পারেন, তাহলে ক্রিস এভার্ট ও সেরেনা উইলিয়ামসের পর সাবালেঙ্কা হবেন হ্যাটট্রিক ইউএস ওপেনজয়ী তৃতীয় নারী।

দিনে ১০ খুন সরকারের ব্যর্থতার প্রমাণ: চরমোনাই পীর

ছয় মাসে হাজার হাজার মানুষ বেকার এবং দিনে গড়ে ১০ জন খুন হওয়া সরকারের ব্যর্থতারই সাক্ষ্য দেয় বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শনিবার রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনের জেলা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি অনেক আশার বাণী শুনিয়েছিল। বিএনপি সরকার গঠনের পরে ছয় মাস চলে গেছে, কিন্তু তাদের দেওয়া কোনো প্রতিশ্রুতি বাস্তবে রূপ পাওয়ার ন্যূনতম লক্ষণও প্রকাশ পায়নি। বরং অধিকাংশ ক্ষেত্রে পরিস্থিতি আরও নাজুক হয়েছে।

চরমোনাই পীর বলেন, গত ছয় মাসে শুধু গার্মেন্টস খাতেই বেকার হয়েছেন ২০ হাজারের মতো কর্মী। প্রতিদিন গড়ে ১০ জন করে মানুষ খুন হচ্ছে, লোডশেডিং মাত্রা ছাড়িয়েছে, জ্বালানি সংকটে দেশের স্থিতিশীলতা প্রশ্নের মুখে পড়েছে। সার্বিকভাবে সরকারের প্রথম ছয় মাস সরকারের ব্যর্থতার সাক্ষ্য দেয়।

ইসলামী আন্দোলনের আমির সরকারকে পরামর্শ দিয়ে বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন, লোডশেডিং কমান, জ্বালানি সংকট সমাধান করুন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন। অন্যথায় মানুষের ক্ষোভ সীমা স্পর্শ করতে পারে।

রেজাউল করীম বলেন, সংস্কারের বিষয়ে আমরা বলে আসছি। কিন্তু এই বিষয়ে সরকারের ভূমিকা হতাশাজনক। জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছিল। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে সেই সর্বসম্মত বিষয়টিও অনুসরণ করা হয়নি। যদি সরকার সংস্কার না করে তাহলে যে ভয়াবহ পরিণতির আশঙ্কা তৈরি হবে, তার দায় সরকারকে নিতে হবে।

এবি পার্টির আশঙ্কা দুর্বল আইনে রক্ষা হবে গুমকারীর বিএনপির এমপি বললেন, ‘গুজব’

গুম প্রতিরোধে যে বিল সংসদে উত্থাপন করা হয়েছে, তা পাস হলে গুমকারীদের বিচারের পরিবর্তে দায়মুক্তির সুযোগ তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে এবি পার্টি।
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘রোহিঙ্গা গণহত্যা ও গুমের বিরুদ্ধে বাংলাদেশ: জবাবদিহিতা, মানবাধিকার ও ন্যায়বিচারের প্রত্যয়’ শীর্ষক সেমিনারে এ আশঙ্কা প্রকাশ করেন দলটির নেতারা। তবে এবি পার্টি আয়োজিত সেমিনারে অংশ নেওয়া বিএনপির এমপি এবং গুম থেকে ফিরে আসা হুম্মাম চৌধুরী একে গুজব বলে আখ্যা দিয়েছেন।

সেমিনারে সভাপতিত্ব করেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. ওহাব মিনার। তিনি বলেন, গুমের সংস্কৃতিতে দেশকে আর ফিরে যেতে দেওয়া হবে না।
স্বাগত বক্তব্যে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, নতুন বাংলাদেশে আমরা আর গুম দেখতে চাই না।

আরও বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, এফএসডিএসের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক যোবায়ের আহমেদ ভূঁইয়া।

তিন দফা বাড়ার পর স্বর্ণের দাম কমলো

দেশের বাজারে গত এক সপ্তাহে তিন দফা বাড়ার পর স্বর্ণের দাম কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম কমেছে সাত হাজার ১১৫ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম পড়বে দুই লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম বাড়ানো হয় ১০ হাজার ৯৬৪ টাকা। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ছয় হাজার ৮২৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৯ হাজার ৭৮১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পাঁচ হাজার ৮৩২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম চার হাজার ৭২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।

মাস্তুল ফাউন্ডেশনের ডিরেক্টর হলেন ইফতেখার-উল-আলম

দেশের বেসরকারি দাতব্য প্রতিষ্ঠান মাস্তুল ফাউন্ডেশনের ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইফতেখার-উল-আলম। সম্প্রতি এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে তার দায়িত্ব গ্রহণের বিষয়টি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মাস্তুল ফাউন্ডেশন জানিয়েছে, প্রশাসন, নেতৃত্ব ও সাংগঠনিক ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে মেজর জেনারেল ইফতেখার-উল-আলমের। তার অভিজ্ঞতা ও দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটির মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

দায়িত্ব গ্রহণের বিষয়ে মেজর জেনারেল ইফতেখার-উল-আলম (অব.) বলেন, ‘মানবিক সেবা শুধু দান নয়, এটি সমাজের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব। মাস্তুল ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়ে দেশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন ও মানবিক মূল্যবোধের মাধ্যমে আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারব বলে আমি বিশ্বাস করি।’

ফাউন্ডেশনের চিফ অপারেটিং অফিসার ফারহানা ইয়াসমিন বলেন, দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধকে ভিত্তি করে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও বিভিন্ন উদ্ভাবনী ও টেকসই উদ্যোগ নেবে। মেজর জেনারেল ইফতেখার-উল-আলমের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা এ যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

মাস্তুল ফাউন্ডেশন জানায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিশু, অসহায় পরিবার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা, পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে প্রতিষ্ঠানটি। দেশের বাইরে বিভিন্ন মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের জন্যও সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে তারা।

প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে করোনাকালে মরদেহ দাফন সেবা, ২০২২, ২০২৪ ও ২০২৬ সালের বন্যায় ত্রাণ বিতরণ, দেশব্যাপী বৃক্ষরোপণ, ‘যাকাত স্বাবলম্বী’ প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, টিউবওয়েল স্থাপন, মসজিদ পুনর্নির্মাণ এবং রাজধানীর বিভিন্ন স্থানে ‘মেহমানখানা’ উদ্যোগে বিনামূল্যে খাবার বিতরণ।

এ ছাড়া তুরস্কের ভূমিকম্প, গাজা ও সুদানের মানবিক সংকটে সহায়তা পাঠানোর কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। ঢাকার হাজারীবাগে নিজস্ব মাদ্রাসা, সেল্টার হোম ও এতিমখানাও পরিচালনা করছে মাস্তুল ফাউন্ডেশন।

প্রতিষ্ঠানটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত একটি অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী মানবিক সংস্থা বলে জানিয়েছে মাস্তুল ফাউন্ডেশন।

নতুন ডিরেক্টরের দিকনির্দেশনা ও অভিজ্ঞতার মাধ্যমে মাস্তুল ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আইন অনুযায়ী, মাস্তুল ফাউন্ডেশনকে প্রদত্ত যেকোনো দান, যাকাত বা সাদাকা আয়করমুক্ত, যা দাতাদের জন্য আয়কর রেয়াত হিসেবে গণ্য হবে।

২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার: মাহদী আমিন

২০২৮ শিক্ষাবর্ষ থেকে দেশের শিক্ষাক্রমে ব্যাপক ও বিস্তৃত সংস্কার আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, মেধা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহদী আমিন বলেন, ২০২৮ সালের শিক্ষাক্রমে বর্তমান বৈশ্বিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি টেকসই ও যুগোপযোগী শিক্ষাক্রমের রূপরেখা তৈরি করা হবে। এর প্রস্তুতি হিসেবে ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে প্রয়োজনীয় পরিমার্জন, সংযোজন ও বিয়োজন করা হচ্ছে।

মাহদী আমিন বলেন, শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে শিক্ষা সংস্কার কমিশন গঠনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই শিক্ষাক্রমে চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও খেলাধুলাসহ নতুন বিষয় যুক্ত করা হচ্ছে।

তিনি জানান, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে চারটি নতুন বই ও বিষয় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা ও শারীরিক শিক্ষাভিত্তিক ‘স্পোর্টস অ্যান্ড কালচার’ এবং ষষ্ঠ শ্রেণি থেকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘টেকনিক্যাল এডুকেশন’ অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের রোবটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে মাহদী আমিন বলেন, আগের সময়ে ফলাফল ভালো দেখাতে কৃত্রিমভাবে জিপিএ-৫ বাড়ানোর প্রবণতা ছিল। এবার কোনো গ্রেস নম্বর দেওয়া হয়নি। শিক্ষার্থীরা নিরপেক্ষ ও স্বচ্ছ মূল্যায়নের মাধ্যমে প্রকৃত ফলাফল পেয়েছে।

তিনি বলেন, শিক্ষা থেকে ঝরে পড়া বা এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের রাষ্ট্র বোঝা হিসেবে দেখবে না। তাদের জন্য বিশেষ নীতি তৈরি করা হচ্ছে। এসব তরুণকে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), স্বল্পমেয়াদি কারিগরি ও ভোকেশনাল প্রশিক্ষণে যুক্ত করে কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আর্থিক সহায়তাও দেওয়া হবে।

বেকারত্ব কমাতে বিভাগ ও জেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ বা কর্মসংস্থান বিনিময় কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মাহদী আমিন। এর মাধ্যমে চাকরিপ্রার্থীরা তাদের দক্ষতার তথ্য দিয়ে নিবন্ধন করতে পারবেন। অন্যদিকে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় দক্ষতার কর্মী খুঁজে নিতে পারবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বেসরকারি খাতকে যুক্ত করে এবং প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে এ উদ্যোগ প্রথমে বিভাগীয় পর্যায়ে এবং পরে দেশের প্রতিটি জেলায় সম্প্রসারণ করা হবে। এতে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে।

শিক্ষকতা পেশাকে আরও আকর্ষণীয় করা এবং শিক্ষকদের ডিজিটাল দক্ষতা বাড়াতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নের কথা জানান মাহদী আমিন। এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে প্রাথমিক থেকে সব স্তরের শিক্ষকদের হাতে ডিজিটাল ট্যাব তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এর মাধ্যমে শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং তাদের অর্থনৈতিক সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার পরিবেশ উন্নয়ন এবং আন্তর্জাতিক র‍্যাংকিয়ে অবস্থান শক্তিশালী করতে স্থানীয় শিল্পের সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের যৌথ গবেষণার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ছাড়া প্রবাসী বাংলাদেশি গবেষক ও শিক্ষকদের দেশে ফিরিয়ে এনে ‘ব্রেন ড্রেন’কে ‘ব্রেন সার্কুলেশনে’ রূপান্তরের পরিকল্পনা রয়েছে। গবেষণায় সরকারি বরাদ্দও বহুগুণ বাড়ানোর কথা জানান মাহদী আমিন।

গ্রাম ও শহরের বিদ্যালয়ের মধ্যে বৈষম্য কমাতে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের কথাও জানান তিনি। এর মধ্যে ‘প্রাইমারি স্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এবং ‘ইনোভেশন ও স্টার্টআপ কম্পিটিশন’ রয়েছে।

মাহদী আমিন বলেন, শুধু সনদনির্ভর শিক্ষা নয়; দক্ষতা, কর্মসংস্থান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন একটি প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই সরকার কাজ করছে।

মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট

মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দাখিল করেন জাতীয় সংসদের ১১ জন সংসদ সদস্য। রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আবেদনকারী সংসদ সদস্যদের আইনজীবী শিশির মনির।

রিট আবেদনকারী সংসদ সদস্যরা হলেন ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম, মো. গোলাম রব্বানী, নুরুল ইসলাম, মাসুদ পারভেজ, আজিজুর রহমান, শেখ মনজুরুল হক, মো. শফিকুল ইসলাম, মো. রাশেদুল  ইসলাম রাশেদ, সালাউদ্দিন ও মো. জহিরুল ইসলাম।

রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, ২০০১ সালে একইরকমভাবে জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছিল। তখন এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়। সে সময় হাইকোর্ট দায়িত্ব বণ্টন সংক্রান্ত সিদ্ধান্ত অসাংবিধানিক ঘোষণা করেন। রুলস অব বিজনেস, সংবিধান ও উচ্চ আদালতের রায় অনুযায়ী এই ধরনের সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং বেআইনি বলে জানান শিশির মনির।

গত ২৭ আগস্ট সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে, দেশের ৬৪ জেলার দায়িত্ব ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপের মধ্যে ভাগ করে দেয়।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন জেলায় উন্নয়নের বরাদ্দ কলমে থাকলেও ব্যাপক দুর্নীতির মাধ্যমে লুটপাট করা হয়েছে। লুট করা অর্থের একাংশ বিদেশে পাচার এবং অন্য অংশ মাদকসহ সামাজিক অবক্ষয়, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর কাজে ব্যবহৃত হয়েছে। এ অবস্থায় জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিত করতে সমন্বয় ও তদারকির এ দায়িত্ব দেওয়া হল।

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ২

রাজধানীর ‎জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর ব্যাগ ধরে টান দেওয়ায় রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার রাতে মো. পনি ওরফে প্যারা পনি ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় পনির ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

রোববার বিকেল ৪টায় মোহাম্মদপুরের বসিলায় র‍্যাব-২-এর সদর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‍্যাব।

গতকাল শনিবার হাসপাতালে যাওয়ার পথে রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারান শিক্ষিকা রনজিনা পারভীন রুলি (৫৫)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।‎

গত শুক্রবার রাতে বগুড়া থেকে স্বামী আব্দুল মতিনের সঙ্গে ঢাকায় আসেন রনজিনা পারভীন। ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশায় করে স্বামীর সঙ্গে তিনি ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চোখের চিকিৎসার জন্য যাচ্ছিলেন। যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে আসতেই একটি মোটরসাইকেলে এসে রিকশার পেছন থেকে ব্যাগ ধরে টান দেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় তিনি রিকশা থেকে নিচে পড়ে যান। তার মাথা ফেটে যায়। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

নেপালে বন্যা জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে কয়েক’শ শ্রমিক, উদ্ধারে মরিয়া অভিযান

নেপালের ত্রিশুলি নদীর তীরবর্তী একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে জরুরি অভিযান চলছে। ভেতরে বাতাস প্রবেশ করানো হচ্ছে। জীবিতদের সন্ধানে উদ্ধারকারী দল পাঠানোর জন্য সেখানে ম্যানহোল খননের পরিকল্পনাও করা হয়েছে।

দেশটির ‘ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের’ তথ্য অনুযায়ী, বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত প্রায় ৯০০ শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের হিসাবে এখন পর্যন্ত প্রায় ৩৬১ শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

জ্বালানি, পানি সম্পদমন্ত্রী বিরাজ ভক্ত শ্রেষ্ঠ শনিবার গভীর রাতে জানান, বন্যার পর কাদা ও পলিতে চাপা পড়ে ‘ত্রিশুলি-৩ এ’ জলবিদ্যুৎ প্রকল্প। এর টানেলে চলমান উদ্ধার অভিযানে কিছুটা অগ্রগতি হয়েছে।

উদ্ধারকর্মীরা খননযন্ত্র দিয়ে টানেলের ভেতরে জমে থাকা কাদা ও পলি সরানোর কাজ করছেন। মন্ত্রী জানান, ওপরের অংশ দিয়ে ৬ ইঞ্চি ব্যাসের একটি গর্ত করা হয়েছে। প্রাথমিক পরিদর্শনে ভেতরে কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। এরপর টানেলের ভেতরে বাতাস, আলো ও শব্দ প্রবেশ করানো হয়েছে। তবে ভেতরে থাকা কারও সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়নি।

বিরাজ ভক্ত শ্রেষ্ঠ জানান, সেখানে যে গর্ত আছে সেটি আরও বড় করে একটি ম্যানহোল তৈরি করা হবে। রোববারের মধ্যে কয়েকটি পথ ব্যবহার করে মূল টানেলে পৌঁছানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

গত শুক্রবার নেপাল সেনাবাহিনী একটি জলবিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে কয়েকজনকে উদ্ধারের নাটকীয় ভিডিও প্রকাশ করে। এতে দেখা যায়, ঘন কাদার মধ্য দিয়ে জীবিতরা হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছেন। ওই ভিডিওটি রাসুওয়া জেলায় ধারণ করা হয়েছিল।

টানেলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে সহায়তার জন্য নেপাল সরকার ভারত ও চীনের কাছে বিশেষজ্ঞ পাঠানোর অনুরোধ করেছে। শনিবার দুই দেশের উদ্ধারকারী দল নেপালে পৌঁছেছে।