Home Blog Page 242

কেরানীগঞ্জে জামায়াতের নির্বাচনী গণমিছিল

ঢাকার কেরানীগঞ্জে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী গণমিছিল করেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে জিনজিরার জনি টাওয়ার থেকে মিছিলটি শুরু হয়ে কদমতলীসহ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে হাসনাবাদ ওষুধ ফ্যাক্টরির মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

গণমিছিলে নেতৃত্ব দেন ঢাকা-৩ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. শাহীনুর ইসলাম। তিনি বলেন, যে লক্ষ্য নিয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছিল, তা এখনো পূরণ হয়নি।

তিনি স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অধ্যক্ষ শাহীনুর ইসলাম দাবি করেন, গণমিছিলে অংশগ্রহণ প্রমাণ করেছে জামায়াতে ইসলামী জনগণের দল। তিনি বলেন, জুলাই সনদের ভিত্তিতে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব নয়।

তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।

অতীতে ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোট এবং ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের পুনরাবৃত্তি জনগণ আর মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
আসন্ন সংসদকে কোরআন সংসদ হিসেবে গড়ে তুলতে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানান অধ্যক্ষ শাহীনুর ইসলাম।

গণমিছিলে স্থানীয় নেতাকর্মীরা ব্যানার–ফেস্টুন নিয়ে অংশ নেন। তারা সরকারের বিভিন্ন নীতিনির্ধারণী সিদ্ধান্তের সমালোচনা করেন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে আসছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স।

শুক্রবার (৫ ডিসেম্বর) কাতার দূতাবাস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

দূতাবাস আরও জানায়, জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি হলেও ভাড়া থেকে যাবতীয় ব্যবস্থাপনা করছে কাতার সরকার। আগামীকাল (শনিবার) বিকেল ৫টায় এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করবে। এর জন্য প্রয়োজনীয় ‘অবতরণ অনুমতি’ এরইমধ্যে সম্পন্ন হয়েছে।

এর আগে, বিএনপি মহাসচিব মির্জা ইসলাম জানিয়েছিলেন, কারিগরি ত্রুটির কারণে কাতার এয়ার অ্যাম্বুলেন্স আজ আসছে না।

এদিকে, এদিন বেলা পৌনে ১১টায় জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ৩০২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর সরাসরি বিমানবন্দর থেকে এভারকেয়ারের উদ্দেশে রওনা হন তিনি।

জানা গেছে, সবকিছু ঠিক থাকলে রোববার (৭ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশে রওনা হতে পারে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স।

খালেদা জিয়ার পরিবারের সদস্যদের মধ্যে তার সঙ্গে যাবেন লন্ডন থেকে আসা জুবাইদা রহমান এবং হাসপাতালে সঙ্গে থাকা ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। আরও থাকবেন মেডিক্যাল বোর্ড সদস্য ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা।

পোলট্রি মুরগির শরীরে বাসা বাঁধছে ‘সুপারবাগ’

অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারে ব্রয়লার বা পোলট্রি মুরগির শরীরে বাসা বাঁধছে মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া বা ‘সুপারবাগ’। এটা মানুষের জীবনরক্ষাকারী ওষুধের কার্যকারিতা নষ্ট করে দিচ্ছে। পাশাপাশি পোলট্রি খামারের বর্জ্য পরিকল্পিত ব্যবস্থাপনার অভাবে পরিবেশের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একদল গবেষকের গবেষণায় এসব তথ্য ওঠে এসেছে। গবেষণাটি ‘এশিয়ান-অস্ট্রালাশিয়ান জার্নাল অব ফুড সেফটি অ্যান্ড সিকিউরিটি’তে প্রকাশিত হয়েছে। গবেষণায় দেখা যায়, দেশের মোট ব্রয়লার উৎপাদনের ৭০-৮০ শতাংশই আসে ক্ষুদ্র ও মাঝারি খামারিদের কাছ থেকে। তাদের অধিকাংশই ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেন না। বরং ফিড ডিলার বা ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কথায় রোগ হওয়ার আগেই ‘সুরক্ষা’ বা ‘ইনস্যুরেন্স’ হিসাবে মুরগিকে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন।
সিপ্রোফ্লক্সাসিন, এনরোফ্লক্সাসিন ও টেট্রাসাইক্লিনের মতো ওষুধের ব্যাপক অপব্যবহারের কারণে মুরগির মাংসে ওষুধের অবশিষ্টাংশ থেকে যাচ্ছে, যা সহনীয় মাত্রার চেয়ে বেশি। খুচরা বাজার থেকে সংগৃহীত ব্রয়লার মাংসের নমুনা বিশ্লেষণে নিয়মিতভাবে বিভিন্ন অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ পাওয়া গেছে। নমুনার ২২ শতাংশে ফ্লোরোকুইনোলোন এবং ১৮ শতাংশে টেট্রাসাইক্লিনের অবশিষ্টাংশ পাওয়া গেছে। দেশের পোলট্রি খামারগুলো থেকে সংগৃহীত ই. কোলাই (E. coli) ব্যাকটেরিয়ার নমুনার মধ্যে ৭৫ শতাংশেরও বেশি ‘মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট’ (একাধিক ওষুধ প্রতিরোধে সক্ষম)। আতঙ্কের বিষয় হলো-মুরগির অন্ত্রে ‘এমসিআর-১’ (mcr-1) জিনের উপস্থিতি পাওয়া গেছে, যা কোলিস্টিন নামক অ্যান্টিবায়োটিককে অকার্যকর করে দেয়। কোলিস্টিন মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিবায়োটিক। খাদ্যচক্রের মাধ্যমে মানুষের শরীরে এভাবে অল্পমাত্রার অ্যান্টিবায়োটিকের দীর্ঘমেয়াদি প্রবেশ অ্যালার্জি, অঙ্গপ্রতঙ্গের সরাসরি বিষক্রিয়া এবং মানব অন্ত্রের মাইক্রোবায়োমের ব্যাঘাত সৃষ্টি করতে পারে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা ও সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
জনস্বাস্থ্যের পাশাপাশি পরিবেশের ওপরও পোলট্রি বর্জ্যরে নেতিবাচক প্রভাব স্পষ্ট। গবেষণার তথ্যমতে, একটি ব্রয়লার মুরগি তার জীবনচক্রে প্রায় ১.৫ থেকে ২ কেজি বর্জ্য (লিটার) ত্যাগ করে। দেশে বছরে ২০০ মিলিয়নের বেশি মুরগি উৎপাদিত হয়, যার বিপুল বর্জ্য অধিকাংশ ক্ষেত্রে অপরিশোধিত অবস্থায় জমিতে বা জলাশয়ে ফেলা হচ্ছে। এতে ভূগর্ভস্থ পানি ও নদীনালায় নাইট্রেট ও ফসফরাস মিশে পানি দূষিত করছে এবং অ্যামোনিয়া গ্যাস নিঃসরণ ঘটাচ্ছে।
গবেষকদলের প্রধান গবেষক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, ‘ব্রয়লারশিল্প আমাদের প্রোটিনের চাহিদা পূরণ এবং লাখো মানুষের কর্মসংস্থান তৈরি করেছে ঠিক; কিন্তু অ্যান্টিবায়োটিক সংকট এই অর্জনকে ম্লান করে দিতে পারে। এই সংকট মোকাবিলায় ‘ওয়ান হেলথ’ বা এক স্বাস্থ্য নীতির কোনো বিকল্প নেই। মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটি ক্ষতিগ্রস্ত হলে অন্যটিও ক্ষতিগ্রস্ত হয়। তাই আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসাবে প্রোবায়োটিক, প্রিবায়োটিক প্রভৃতির ব্যবহার বাড়াতে হবে।
এছাড়া বায়োসিকিউরিটি জোরদার, টিকাদান কর্মসূচি নিশ্চিত, নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা, খামারিদের অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, সরকারের অ্যান্টিবায়োটিকের অবাধ বিক্রি বন্ধ করতে কঠোর নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, গবেষকদের টেকসই প্রযুক্তি উদ্ভাবন এবং নিরাপদ ও টেকসইভাবে উৎপাদিত মুরগির মাংসের চাহিদা নিশ্চিত করতে হবে। সময় থাকতে আমরা যদি সচেতন হই এবং ‘ওয়ান হেলথ’ নীতির সমন্বিতভাবে কাজ করি, তাহলে এই শিল্পকে একটি নিরাপদ, লাভজনক ও টেকসই ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারব। আমাদের আজকের সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামী প্রজন্মের জন্য আমরা কতটা নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাবার নিশ্চিত করতে পারি।

মসজিদুল হারাম ও নববীতে ৩০ দিনে জিয়ারত করলেন সাড়ে ৬ কোটি মুসল্লি

৩০ দিনে দুই পবিত্র মসজিদে আগত জিয়ারতকারীর সংখ্যা ৬ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ১৫৩ জনে পৌঁছেছে। গত জমাদিউল আউয়াল মাসে এই সংখ্যক মানুষ মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আগমন করেছেন। যা পূর্ববর্তী মাসের তুলনায় ১ কোটি ২১ লাখের বেশি।
বুধবার (২৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছে হারামাইন বিষয়ক জেনারেল অথরিটি।
এ সময়ে মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় করেছেন ২ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৬৭৯ জন। এর মধ্যে মাতাফ এলাকায় ছিলেন ১ লাখ ৪৮৯ জন। আর মাসজুড়ে ওমরাহ পালন করেছেন ১ কোটি ৩৯ লাখ ৭২ হাজার ৭৮০ জন।
একই মাসে মদিনার মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন ২ কোটি ৩২ লাখ ৯৬ হাজার ১৮৫ জন। এর মধ্যে রওজা শরিফে ইবাদত করেছেন ৯ লাখ ১২ হাজার ৬৯৫ জন। রাসুলুল্লাহ (সা.) ও দুই সাহাবি আবু বকর ও ওমর (রা.)-এর রওজায় সালাম পেশ করেছেন ২৩ লাখ ৬৩ হাজার ৩২৫ জন।
জানা গেছে, দুই পবিত্র মসজিদের দর্শনার্থী ও ইবাদতকারীর সংখ্যা নির্ধারণে হারামাইন অথরিটি সেন্সরভিত্তিক আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। প্রধান প্রধান প্রবেশপথে এই ডিজিটাল পর্যবেক্ষণ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণ, জনস্রোতের গতিবিধি শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বিত ব্যবস্থাপনা আরও কার্যকর করা হচ্ছে।

ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন সভাপতি হাবিব উল্লাহ ডন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের কমিটি পুন:গঠন করেছে। সোমবার (২৪ নভেম্বর) বাণিজ্য উদ্যোক্তা ও কৃতি খেলোয়াড় মো. হাবিব উল্লাহ ডনকে সভাপতি ও রাসেল কবির সুমনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কামটি গঠনের মধ্য দিয়ে স্তিমিত হয়ে যাওয়া ব্যাডমিন্টন খেলায় নতুন জাগরণ তৈরির পদক্ষেপ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
নতুন গঠিত কমিটির সভাপতি মো. হাবিব উল্লাহ ডন গত তিন দশক ধরে দেশের ক্রীড়াঙ্গনে সংগঠক এবং অনুরাগী হিসেবে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের গৌরবময় সময়ে ক্রিকেট কমিটির সহসভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন নেৃতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশন এবং ভলিবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্বের সময় হাবিব উল্লাহ ডন তৃণমূল পর্যায়ে খেলাধুলা বিস্তৃত করার কাজে নিবেদিত ছিলেন।
বিভিন্ন সামাজিক ক্লাব বিশেষ করে ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, বনানী ক্লাবের ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকান্ডে জড়িত মো. হাবিব উল্লাহ ডন গুলশান ব্যাডমিন্টন ক্লাবেরও অন্যতম সংগঠক। বিভিন্ন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি খেলোয়াড় হিসেবে বহু পুরষ্কার ও সাফল্য অর্জন করেছেন।
অটোমোবাইল খাত, এয়ার লাইন্স ইন্ড্রাস্ট্রি, রিয়েল এস্টেট সেক্টর ও স্পোর্টস এন্ড ওয়েলনেস ইক্যুইপমেন্ট খাতের উদ্যোক্তা মো. হাবিব উল্লাহ ডন এ.এম গ্রুপের চেয়ারম্যান হিসেবে বাণিজ্য অঙ্গনে সুপরিচিত ব্যক্তিত্ব। দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআইয়ের সহসভাপতি এবং বাংলাদেশ ও কমনওয়েলথভূক্ত স্বাধীন রাষ্ট্র সমূহের যৌথ চেম্বারের সভাপতি এবং রিকন্ডিশন্ড মোটরযান সেক্টরের প্রভাবশালী সংগঠন বারভিডার সভাপতি পদে ৪ মেয়াদে দায়িত্ব পালনের সময় হাবিব উল্লাহ ডন ব্যাবসায়ীদের কল্যাণ ও বেসরকারি খাতের বিকাশে বহুমাত্রিক অবদান রেখে পেশাগত জীবনকে সমৃদ্ধ করেছেন।
বহুদিন পর সত্যিকার পেশাদার ও ক্রীড়া ব্যাক্তিত্বদের নিয়ে ফেডারেশন কমিটি গঠন করায় ব্যাডমিন্টন অঙ্গনের সংশ্লিষ্টরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। জেলা উপজেলা পর্যায়ে ব্যাডমিন্টন খেলাকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করার লক্ষ্যে অবকাঠামো তৈরিসহ নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে বর্তমান কমিটি কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

 

শুভ-ঐশীর ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও ভাইরাল

ঢালিউড অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে গোপনে নতুন সিনেমার শুটিং করছেন বলে সামাজিক মাধ্যমে খবর ছড়িয়েছে। পরিচালক সাইফ চন্দনের একটি সিনেমায় তারা দুজন শুটিং করছেন। সেই সিনেমার প্রস্তুতিতে টানা দেড় মাস মহড়াও দিয়েছেন এ তারকা জুটি। কিন্তু এর মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে আরিফিন শুভ ও জান্নাতুল ঐশীর ‘অন্তরঙ্গ’ মুহূর্তের একটি ভিডিও ক্লিপ। এ নিয়ে নেটিজেনদের মাঝে ঝড় ওঠে।
শুভ-ঐশীর ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও ক্লিপে দেখা গেছে, নদীর পাশে কাশবনের মাঝখানে ঐশীকে চুমু খাচ্ছেন আরিফিন শুভ। ভিডিওটি মূলত ‘নূর’ সিনেমার একটি গানের ক্লিপস। এটি মুক্তির অপেক্ষায়। এখনো সিনেমাটির কোনো গান প্রকাশ্যে আসেনি। কিন্তু এর মধ্যেই কেউ একজন গানের ভিডিওর ক্লিপস সামাজিক মাধ্যমে ছেড়ে দিয়েছেন। এরপর থেকেই তা নিয়ে নেটিজেনদের মাঝে হইচই পড়ে যায়।
রায়হান রাফী পরিচালিত ‘নূর’ সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পেতে চলেছে ওটিটি প্লাটফর্মে। তবে কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি নির্মাতার পক্ষ থেকে।
এর বাইরে শুভ অভিনীত বলিউডের ‘জাজ সিটি’ নামের একটি সিরিজ এবং অনম বিশ্বাস পরিচালিত ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায়। অন্যদিকে জান্নাতুল ঐশী সম্প্রতি শুটিং শেষ করেছেন ‘সোলজার’ নামের নতুন একটি সিনেমায়। সেই সিনেমায় তিনি অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে। ‘সোলজার’ সিনেমাটির পরিচালক সাকিব ফাহাদ।
‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসায় শুভ-ঐশী জানিয়েছেন, তারা দুজনের কেউ-ই প্রেমের সম্পর্কে নেই। তারা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
জানা গেছে, শুভ-ঐশী অভিনীত ‘নূর’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। তবে প্রেক্ষাগৃহ নয়, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এ সিনেমাটি। মুক্তির আগে দুজনে ফটোশুটে অংশ নেন। রোমান্টিক মুডে তোলা তাদের সেসব স্থিরচিত্র প্রকাশ্যে আসার পর আলোচনা শুরু হয়। এর মধ্যে দুজনের অন্তরঙ্গ মুহূর্তের সেই ভিডিওটি ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর কাজে ফিরেছেন অভিনেতা আরিফিন শুভ। এর আগে সবশেষ মুক্তি পাওয়া সিনেমা ছিল ‘নীলচক্র’। তার হাতে এখন আরও বেশ কয়েকটি বড় প্রজেক্ট রয়েছে। অনম বিশ্বাসের ‘ঠিকানা বাংলাদেশ’–এ অভিনয় করেছেন শুভ, যেখানে তার সঙ্গে আছেন নুসরাত ফারিয়া। আন্তর্জাতিক অঙ্গনেও ব্যস্ত শুভ—হিন্দি সিরিজ ‘জ্যাজ সিটি’তে অভিনয় করেছেন।

 

 

শীতের সবজির সরবরাহ বাড়লেও কমছে না দাম

রাজধানীর বাজারগুলোতে ভরপুর শীতের সবজি উঠেছে। বাজারে ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, লাউ, মুলাসহ বিভিন্ন শীতকালীন সবজি চোখে পড়লেও ক্রেতাদের স্বস্তি ফেরেনি। নতুন মৌসুমের সবজি এলেও দাম এখনও কমার কোনো লক্ষণ নেই বলে অভিযোগ ক্রেতাদের।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রামপুরা এলাকার বউ বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি ৫০ টাকা পিস, বাঁধাকপি ৪০ টাকা পিস, শিম ৭০-৮০ টাকা কেজি, মূলা ৩০-৪০ টাকা কেজি, লাউ ৬০ টাকা পিস, কাঁচা মিষ্টি কুমড়া ১৫০ টাকা পিস ও এক ফালি ৩০ টাকা, আলু ২৫-৩০ টাকা কেজি ও জলপাই ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সারা বছর সবজি ৬০ থেকে ৯০ টাকার মধ্যেই থাকে। কবে দাম কমে বা কবে দাম বাড়ে, সেটা বোঝা যায় না বলে ক্রেতারা মন্তব্য করেছেন।
সোহেল হোসেন বলেন, শীতকাল আসলে সবজির দাম এমনি কম থাকার কথা। ১০০ টাকা অন্তত আড়াই থেকে ৩ কেজি সবজি তো পাওয়া যাওয়ার কথা। কিন্তু সেখানে ২ কেজি সবজি কিনতেই লাগে অন্তত ১২০ টাকা। শীত মৌসুমে এটাকে কম দাম বলতে পারছি না। মনে হচ্ছে, গত সপ্তাহের মতোই দাম আছে।
খুচরা বিক্রেতা আকাশ জানান, আমরা তো কারওয়ান বাজার থেকে আনি। সেখানে নানা কোয়ালিটির সবজি পাওয়া যায়। একই সবজি, কোয়ালিটি অনুযায়ী দাম আলাদা। আমরা বাজার থেকে নিয়ে আসার খরচসহ হয় কেজিতে ৩-৫ টাকা লাভ করি। কিন্তু দামের বিষয় তো আমি বলতে পারবো না।
এদিকে সরকারের কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে, গতকাল ২৭ নভেম্বর ঢাকা মহানগরীর বাজারগুলোতে আলু ১৯ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজি, শিম ৭০ টাকা কেজি, ফুলকপি ও বাঁধাকপি ৩৫ টাকা পিস, লাউ ৪৫ টাকা, মূলা ৩৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

 

আমি আশ্বাসের রাজনীতিতে মোটেই বিশ্বাস করি না: জামায়াত আমির

আমি আশ্বাসের রাজনীতিতে মোটেই বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি অ্যাকশনের রাজনীতি-এমনটাই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। রোববার (৩০ নভেম্বর) দুপুরে ‘প্রন্তিক পর্যায়ে স্বাভাবিক প্রসব সেবা প্রদানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডারদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আশ্বাস এবং ওয়াদা নয় বরং কাজের মাধ্যমে প্রমাণ হবে হোয়াট উই আর ফর এন্ড হোয়াট ফর আই। বাংলায় একটা কথা আছে। ও গাছ তোমার পরিচয় কি? গাছ বলতেসে আমার ফলের দিকে তাকাইয়া আমার পরিচয়টা জেনে নাও। আমাদের প্রয়োজন এখন ফল। এই ফলের ফসলের চাষটা আমাদের সবাইকে মিলে করতে হবে।’
দেশের মানুষকে ভালো উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘তবে খারাপ রাজনীতিবিদদের কারণে দেশে কিছুই হয় না। কিন্তু আমরা মূল ধরে টান দিবো।’
দেশে মানসম্মত শিক্ষাব্যবস্থা নেই জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘মা বাবা নয়, সন্তান কী নিয়ে পড়াশোনা করবে তা নির্ধারণ করবে শিক্ষক। আমাদের টার্গেট সব শিশুকে গড়ে তোলা। আগামীতে বোঝা নয়, সম্পদ হয়ে উঠবে তারা।’
এখন জাস্টিস পয়সা দিয়ে কিনতে হয় মন্তব্য করে জামায়াত আমির বলেন, ‘এর পরিবর্তন করতে হবে আমাদের।’
তিনি বলেন, ‘আমরা সরকারে গেলে কোনো দাবি নিয়ে দপ্তরে দপ্তরে ধরনা দিতে হবে না, আন্দোলন করতে হবে না। সরকার তার দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে।’
সরকারে না গেলেও জামায়াতের পক্ষ থেকে ১০০ ক্লিনিকে সোলার প্যানেল লাগানোর কথা জানান ডা. শফিকুর রহমান।

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ‘সংকটাপন্ন’ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন—এমন খবর উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। তারা গুরুত্বের সঙ্গে সংবাদটি প্রকাশ করেছে।
বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা লিখেছে, ‘খুবই সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি খালেদা জিয়া।’ শনিবার এএফপির বরাতে গালফ নিউজও একই শিরোনামে সংবাদ প্রকাশ করেছে।
এছাড়া পাকিস্তানের গণমাধ্যম ডন নিউজসহ বিভিন্ন নিউজ চ্যানেলে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।  ভারতের গণমাধ্যম এনডিটিভি একাধিক সংবাদ প্রকাশ করেছে। তারা শুক্রবার এক প্রতিবেদনের শিরোনাম করে, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ‘সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি।’
এছাড়া টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমসসহ একাধিক ভারতীয় গণমাধ্যম গুরুত্বের সঙ্গে সংবাদটি প্রকাশ করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোট করে আরব নিউজ লিখেছে, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই ক্রিটিকাল।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা গত ৩ দিন ধরে একই পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। আর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই তাকে বিদেশে নেয়া হবে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার পরিবার এবং রাজনৈতিক সমর্থকরা দেশের জনগণকে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।

 

তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী নেওয়া বন্ধের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলির ঘটনার জেরে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসী নেওয়া বন্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। যা পুরো বিশ্বে ব্যাপক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ তৃতীয় বিশ্বের দেশ থেকে হাজার হাজার মানুষ প্রতিবছর যুক্তরাষ্ট্রে শিক্ষাগ্রহণ, চাকরি ও উন্নত জীবনের খোঁজে পাড়ি জমান।
গতকাল ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলি করেন এক আফগান নাগরিক। তিনি আফগানিস্তানে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও সিআইএর সঙ্গে কাজ করেছেন। ২০২১ সালে যখন তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তখন তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিশেষ ব্যবস্থায় যুক্তরাষ্ট্রে আসেন। সেনাদের ওপর গুলির ঘটনার পর পুরো অভিবাসন ব্যবস্থা হুমকির মুখে পড়ে। এখন প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি এমন ঘোষণা দিয়েছেন।
ট্রুথে ট্রাম্প লিখেছেন, “প্রযুক্তির দিক দিয়ে আমরা অনেক এগিয়েছি ঠিকই। কিন্তু ভুল অভিবাসন নীতির কারণে এসব অর্জন নষ্ট হয়ে যাচ্ছে। সঙ্গে অনেক মানুষের জীবনব্যবস্থা কঠিন হচ্ছে।”
“আমি ঠিক করেছি, যুক্তরাষ্ট্রের পুরো ব্যবস্থাকে আবার ঠিক হওয়ার সুযোগ দিতে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী আসা পুরোপুরি বন্ধ করে দেব।”
“এছাড়া জো বাইডেনের আমলে অবৈধভাবে ঢোকা লক্ষ লক্ষ মানুষের থাকার অনুমতি বাতিল করে দেব। ঘুমন্ত বাইডেন এসব লোককে অবৈধভাবে এনেছেন। ”
“যারা যুক্তরাষ্ট্রের কোনো কাজে আসে না, বা যারা আমাদের দেশকে মন থেকে ভালোবাসতে পারে না, তাদের সবাইকে দেশ থেকে বের করে দেওয়া হবে।”
“দেশের বিদেশি নাগরিকদের সমস্ত সরকারি সুবিধা ও আর্থিক সাহায্য বন্ধ করা হবে। যেসব বিদেশি আমাদের দেশের শান্তি নষ্ট করবে, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে।”
“যেকোনো বিদেশি, তিনি যদি দেশের বোঝা হন, নিরাপত্তার জন্য বিপদের কারণ হন, বা যুক্তরাষ্ট্রের সংস্কৃতির সঙ্গে মানিয়ে চলতে না পারেন, তাকে তাড়িয়ে দেওয়া হবে।”
এই সবের মূল লক্ষ্য হলো—অবৈধভাবে আসা ও সমস্যা সৃষ্টিকারী মানুষের সংখ্যা অনেক কমানো। বিশেষ সুবিধায় যারা বেআইনিভাবে ঢুকেছে, তারাও এর মধ্যে পড়বে।”
যুক্তরাষ্ট্রের অবস্থার উন্নতির জন্য অভিবাসীদের নিজ দেশে ফিরে যেতে হবে উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, “এই অবস্থা পুরোপুরি ঠিক করার একমাত্র উপায় হলো অভিবাসীদের আবার নিজ দেশে ফিরে যাওয়া।”