Home Blog Page 296

ইউটিউবের বিরুদ্ধে মামলা দায়ের ঐশ্বরিয়া-অভিষেকের!

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ডিপফেক ভিডিওর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন জানা যায়, মানহানিকর ও বিভ্রান্তিকর কন্টেন্ট প্রচারের অভিযোগে তারা প্ল্যাটফর্ম ইউটিউব এবং এর মূল সংস্থা গুগলের বিরুদ্ধে মামলা করেছেন।
তারা গুগল এবং অন্যদের কাছ থেকে ৪৫০,০০০ ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করছেন। একই সঙ্গে এই ধরনের ডিপফেক ভিডিও শেয়ার করার উপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন এই তারকা দম্পতি।
অভিষেক ও ঐশ্বরিয়ার অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউটিউবে প্রচারিত শত শত লিঙ্ক এবং স্ক্রিনশট, যেখানে এআই-এর মাধ্যমে তৈরি ভিডিওতে তাদের নিয়ে ‘ভয়াবহ’, ‘যৌন উস্কানিমূলক’ এবং ‘কাল্পনিক’ বিষয়বস্তু দেখানো হয়েছে।
আদালতে দেওয়া পিটিশনে তারা উল্লেখ করেছেন, ইউটিউবে এমন একাধিক ভিডিও পাওয়া যায়, যেখানে তাদের ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে ভুয়া, বিভ্রান্তিকর এবং মানহানিকর উপায়ে চিত্রিত করা হচ্ছে।
এর উদাহরণ হিসেবে আবেদনে ‘অভিষেক বচ্চন হঠাৎ কোনো চলচ্চিত্র অভিনেত্রীকে চুম্বন করছেন’ বা ‘ঐশ্বরিয়া রাই বচ্চন এবং সালমান খান একসঙ্গে ডিনার করছেন’—এমন মনগড়া ভিডিওর কথা উল্লেখ করা হয়েছে।
আবেদনকারী তারকা দম্পতি যুক্তি দেন, এই জাতীয় ভিডিওগুলো কেবল তাদের সুনামকেই আঘাত করছে না, বরং এটি তাদের গোপনীয়তার মৌলিক অধিকারেরও মারাত্মক লঙ্ঘন।

বন্দরে বর্ধিত মাশুল ১৫ অক্টোবর থেকে কার্যকর

এক মাস স্থগিত রাখার পর ১৪ অক্টোবর রাত ১২টা থেকে বিভিন্ন সেবাখাতে বাড়ানো ট্যারিফ (মাশুল) আদায়ের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দরের অর্থ ও হিসাবরক্ষণ বিভাগের প্রধান কর্মকর্তা মো. আবদুস শাকুরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ অক্টোবর রাত ১২টার পর চট্টগ্রাম বন্দরে আসা সব জাহাজ, কনটেইনার ও কার্গো বিল নতুন রেট অনুযায়ী নেওয়া হবে। একইভাবে সিঅ্যান্ডএফ প্রতিনিধিসহ সব বন্দর ব্যবহারকারী বর্ধিত হারে মাশুল পরিশোধ করবেন। তালিকাভুক্ত সব শিপিং এজেন্টকে তফসিলি ব্যাংকে তাদের হিসাব নম্বরে বর্ধিত হারে যথাযথ অর্থের সংস্থান রেখে আসা জাহাজের ছাড়পত্র (এনওসি) নিতে বলা হয়েছে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর রাতে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বন্দরের বিভিন্ন সেবাখাতে সর্বোচ্চ ৪১ শতাংশ পর্যন্ত মাশুল বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু ব্যবসায়ী ও সংশ্লিষ্ট পক্ষের প্রতিক্রিয়ার মুখে নৌ-পরিবহন উপদেষ্টা ২০ সেপ্টেম্বর তা এক মাসের জন্য স্থগিত রাখেন।

বন্দরে বর্তমানে ৫২টি খাতে মাশুল আদায় হয়। এর মধ্যে ২৩টি খাতে সরাসরি নতুন হারে ট্যারিফ কার্যকর করা হচ্ছে। গেজেট অনুযায়ী ভাড়া, টোল, ফি ও মাশুল ডলারের বিনিময়মূল্যের ভিত্তিতে আদায় করা হবে। প্রতি ডলারের হার ধরা হয়েছে ১২২ টাকা। হার বাড়লে মাশুলও স্বয়ংক্রিয়ভাবে বাড়বে।

সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে কনটেইনার পরিবহন খাতে। প্রতি ২০ ফুট কনটেইনারে মাশুল ধরা হয়েছে ১৬ হাজার ২৪৩ টাকা, যা আগের ১১ হাজার ৮৪৯ টাকা। এতে গড়ে প্রায় ৩৭ শতাংশ বৃদ্ধি হয়েছে। আমদানি কনটেইনারে ৫ হাজার ৭২০ টাকা এবং রপ্তানি কনটেইনারে ৩ হাজার ৪৫ টাকা বেশি দিতে হবে। এ ছাড়া প্রতিটি কনটেইনার ওঠানামার ক্ষেত্রেও প্রায় ৩ হাজার টাকা বাড়তি খরচ যুক্ত হবে। ফলে সামগ্রিকভাবে কনটেইনার পরিবহনে ২৫ থেকে ৪১ শতাংশ পর্যন্ত মাশুল বাড়বে।

ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড, ওয়েবসাইটে হামলার হুমকি

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে। একই সঙ্গে ফেসবুক পেজের প্রোফাইল ও কভার ছবি চেঞ্জ করে একটি হুমকিপূর্ণ বার্তা প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে ব্যাংকটির অফিসিয়াল পেজের এক পোস্ট থেকে বিষয়টি নিশ্চিত করেছে হ্যাকার গ্রুপ।

এদিন ব্যাংকটির ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, পেজটির নাম পরিবর্তন করা হয়নি। এর প্রোফাইল ও কভার ফটো পরিবর্তন করে হ্যাকার গ্রুপটির ছবি দেওয়া হয়েছে।

হ্যাকার গ্রুপ দাবি করেছে, ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে এবং খুব শিগগিরই তাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে সাইবার আক্রমণ চালানো হবে। বার্তায় ‘Team MS 47OX’-এর নামও উল্লেখ করা হয়েছে।

হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম। তিনি জানান, আজকে ভোরে ফেসবুক পেজ হ্যাক হয়েছে। বিষয়টি সমাধানে ব্যাংকের আইটি বিভাগ কাজ করছে।

এদিকে এ ঘটনার পর ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কেউ কেউ জানিয়েছেন, ওই সময় ব্যাংকের ফেসবুক পেজে অস্বাভাবিক কিছু পোস্ট দেখা গেছে। তবে এ ঘটনায় ব্যাংকের অনলাইন সেবা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক করায় নিন্দা বাংলাদেশের

গাজার উদ্দেশ্যে যাওয়া মানবিক সহায়তাকারী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় ইসরায়েলি দখলদার বাহিনীর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক জলসীমায় জাহাজ আটকের ঘটনা আইনের মারাত্মক লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে ঢাকা।

শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

অবিলম্বে ইসরায়েলকে নিঃশর্তভাবে আটক সব মানবিক সহায়তা কর্মী ও অ্যাক্টিভিস্টদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এছাড়া তাদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলছে, অবৈধ দখলদারিত্বের অবসান, আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং গাজা উপত্যকায় অবিলম্বে গণহত্যা বন্ধ ও মানবিক অবরোধ তুলে নিতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মানবিক সহায়তা বহনকারী নৌবহরটি ফিলিস্তিনি জনগণের প্রতি বৈশ্বিক সংহতির প্রতিনিধিত্ব করে। ইসরায়েলি বাহিনীর উচিত গাজায় বেসামরিক জনগণের জন্য বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করা।

বাংলাদেশ সরকার ও জনগণ এই চরম দুর্দশা ও ভোগান্তির সময়ে ফিলিস্তিনের জনগণের সঙ্গে অবিচল সংহতি বজায় রাখার কথা পুনরায় ব্যক্ত করেছে বলেও উল্লেখ করা হয়।

আমি ব্রিটেনের রাজা হলে রাজতন্ত্র বদলে দেব: প্রিন্স উইলিয়াম

ব্রিটেনের রাজা হলে রাজতন্ত্রে পরিবর্তন আনবেন বলে ঘোষণা দিয়েছেন ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম। অ্যাপল টিভি প্লাসের এক অনুষ্ঠানে খোলামেলা সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

এই সাক্ষাৎকারে তিনি পরিবার, দায়িত্ব, ঐতিহ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেছেন। ব্রিটিশ রাজপ্রাসাদের সূত্র বলছে, এটি প্রিন্স উইলিয়ামের জীবনের সবচেয়ে খোলামেলা সাক্ষাৎকারগুলোর একটি।

শুক্রবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

অ্যাপল টিভি প্লাসের অনুষ্ঠান দ্য রিলাকট্যান্ট ট্রাভেলার-এর জন্য উইন্ডসরে অভিনেতা ইউজিন লেভির সঙ্গে আলাপে উইলিয়াম বলেন, “আমার এজেন্ডায় পরিবর্তন আছে। ইতিবাচক পরিবর্তন, এগুলোকে আমি স্বাগত জানাই। আমি পরিবর্তনকে ভয় পাই না, বরং এটিই আমাকে সবচেয়ে বেশি উদ্দীপ্ত করে। তবে এটি কোনো অতিরিক্ত মৌলিক পরিবর্তন হবে না, বরং প্রয়োজনীয় কিছু রদবদল।”

উইলিয়াম সাক্ষাৎকার দেওয়ার সময় লেভিকে উইন্ডসর ক্যাসেলের ভেতরে ঘুরিয়ে দেখান। তিনি বৈদ্যুতিক স্কুটারে চড়ে আসেন এবং জানান, প্রাসাদের ভেতরে চলাচলের জন্য এটি ব্যবহার করেন। আলাপচারিতায় তিনি নিজের পরিবার, ঐতিহ্য ও ভবিষ্যতের দায়িত্ব নিয়েও কথা বলেন।

তিনি বলেন, ইতিহাস কখনো কখনো বোঝা হয়ে দাঁড়ায়। তার ভাষায়, “অতীত যদি সতর্কতার সঙ্গে সামলানো না হয়, তবে সেটি শ্বাসরুদ্ধকর হয়ে উঠতে পারে। তাই বর্তমানের জন্য বেঁচে থাকাটাই জরুরি।”

প্রথার গুরুত্বের কথা বললেও তিনি জানান, সবকিছুই প্রশ্নের বাইরে নয়। তার মতে, “প্রথাগুলো এখনো কি কার্যকর? এগুলো কি সঠিকভাবে আমাদের কাজে লাগছে? এসব প্রশ্ন তোলা প্রয়োজন।”

পরিবারের প্রসঙ্গ উঠলে উইলিয়াম স্বীকার করেন, স্ত্রী এবং বাবার ক্যানসারের চিকিৎসার সময় পরিস্থিতি সামলানো তার জন্য মানসিক চাপের ছিল। তিনি বলেন, “পরিবারকে ঘিরে চিন্তা আমাকে বেশ ভোগায়। তবে আমরা চেষ্টা করি সন্তানদের নিরাপত্তা ও নিশ্চয়তা দেওয়ার। খোলামেলা আলোচনার মাধ্যমে তাদের বোঝাই যে সবকিছু ঠিক আছে।”

তিনি আরও বলেন, “গত বছর আমার স্ত্রী এবং বাবা যেভাবে পরিস্থিতি সামলেছেন, তাতে আমি গর্বিত। আমার সন্তানরাও অসাধারণভাবে মানিয়ে নিয়েছে।”

উইলিয়াম বলেন, তিনি চান তার ছেলে এমন এক বিশ্বে বড় হোক, যেটি নিয়ে সে গর্ব করতে পারে।

এদিকে সাক্ষাৎকারে প্রিন্স হ্যারির প্রসঙ্গ ওঠেনি। তবে এরপরও উইলিয়াম জানান, তিনি চান না রাজপরিবার আবার অতীতে যেসব তিক্ত অভিজ্ঞতা পার করেছে, সেদিকে ফিরে যাক।

রাজধানীর মিরপুরে যাত্রী নামিয়ে বাসে আগুন-গুলি

রাজধানীর মিরপুরে আলিফ পরিবহনের একটি বাসে গুলি বর্ষণ ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। তার আগে বাসের যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হয়। পুলিশ বলছে, পরিবহনের দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে মিরপুর-১০ এর সেনপাড়ায় এই ঘটনা ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকালে মেট্রো রেলের ২৬৬ নম্বর পিলারের নিচে আলিফ পরিবহনের একটি বাস আটক করে তিন ব্যক্তি। ২ জন গাড়িতে উঠে সবাইকে নামিয়ে দিয়ে বাসে আগুন দেয়। পরে নিচে থাকা একজন জানালার গ্লাসে গুলি করে‌ পালিয়ে যায়।

এটা আলিফ পরিবহনের অভ্যন্তরীণ কোন্দলের ফলে এক পক্ষ অন্যপক্ষের বাসে হামলা চালিয়েছে বলে জানান ওসি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

বাসের চালক জানান, বাস নিয়ে সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারা দিয়ে বাস থামাতে বলেন। থামানোর পর তাকে ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেয়া হয়। এসময় যাত্রী যারা ছিলেন তারাও আতঙ্কে বাস থেকে নেমে যান। এক পর্যায়ে বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে বাসে আগুন ধরিয়ে দেয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে নিয়ে যায়। বাস কর্তৃপক্ষের অভিযোগ, কিছুদিন আগে নেছার নামে এক ব্যক্তি চাঁদার দাবিতে তাদের স্টাফদের জখম করে। এ ঘটনার সাথেও তার সংশ্লিষ্ট রয়েছে বলে দাবি করেন তারা।

ভাষাসংগ্রামী আহমদ রফিক আর নেই

ভাষাসংগ্রামী, গবেষক ও কবি আহমদ রফিক মারা গেছেন। রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন)।

আহমদ রফিকের পারিবারিক সূত্র তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় বুধবার বিকেলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বারডেম হাসপাতালের চিকিৎসকরা জানান, মৃত ঘোষণা করার সাত মিনিট আগে তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বারডেম হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. কানিজ ফাতেমার তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। কিডনির সমস্যার পাশাপাশি সম্প্রতি কয়েকবার ‘মাইল্ড স্ট্রোক’-এর শিকার হন তিনি।

১১ সেপ্টেম্বর ল্যাবএইড হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা না থাকায় গত রোববার তাঁকে বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহমদ রফিক নিউ ইস্কাটনের গাউসনগরের একটি ভাড়া বাসায় একাই বসবাস করতেন। ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া এই ভাষাসংগ্রামী ২০০৬ সালে স্ত্রীকে হারান। তিনি নিঃসন্তান।

ভাষা আন্দোলনের অন্যতম প্রাবন্ধিক ইতিহাসবিদ এই লেখক শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু সম্মাননা। দুই বাংলার রবীন্দ্রচর্চায় তাঁর অবদান অনন্য; কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট থেকে তাঁকে দেওয়া হয় ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি।

২০১৯ সাল থেকে দৃষ্টিশক্তি ক্ষীণ হতে শুরু করলে অস্ত্রোপচার করা হলেও ফল আশানুরূপ হয়নি। ২০২৩ সাল থেকে তিনি প্রায় দৃষ্টিহীন। ২০২১ সালে পড়ে গিয়ে পা ভেঙে যাওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যেতে থাকে।

অতিথি আপ্যায়নে পাতে রাখুন ইলিশের রেজালা

উৎসবমুখর জাতি বাঙালি ভোজন রসিক হিসেবেও বেশ এগিয়ে। এমনিতেই নানা উৎসবে খাবার দাবার নিয়ে আমরা বেশ উচ্ছসিত। উৎসবে মাছের পদ মানেই ইলিশ মাছের নানা স্বাদ। ইলিশ মানেই বাঙালির দুর্বলতা। তাই অতিথি আপ্যায়নে ইলিশ মাছের নতুন কোনো পদ করতে চাইলে ইলিশের রেজালা করতে পারেন।
আসুন দেখে নেওয়া যাক ইলিশের রেজালার সহজ রেসিপি
উপকরণ:
১. ইলিশ মাছ ১টি (মাঝারি আকারের)
২. পেঁয়াজ মিহি করে কাটা আধা কাপ
৩. আদাবাটা ১ চা চামচ
৪. রসুনবাটা আধা চা চামচ,
৫. পোস্তাদানা বাটা আধা চা চামচ
৬. টক দই আধা কাপ
৭. গোটা এলাচ ও দারুচিনি ২টি করে
৮. তেজপাতা ২টি
৯. হলুদ ও মরিচের গুঁড়া ১ চা চামচ করে
১০. কাঁচামরিচ ৫-৬টি
১১. আলু বোখারা ৩ টি
১২.বাদাম বাটা ১ চা চামচ
১৩. তেল পরিমাণমতো
১৪. লবণ পরিমাণমতো
১৫. চিনি স্বাদ অনুযায়ী
প্রস্তুত প্রণালি
প্রথমে ইলিশ মাছের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। তেল গরম হলে পেঁয়াজ বাটা দিয়ে সোনালি ভেজে নিন। পেঁয়াজ ভাজা হলে আদা ও রসুন বাটা দিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পোস্তাদানা বাটা, টক দই, এলাচ, দারুচিনি ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে মসলা কষিয়ে নিন।
মসলা কষানো হলে ইলিশ মাছ দিয়ে তাতে চিনি, আলু বোখারা, বাদাম বাটা কাঁচামরিচ ও প্রয়োজন হলে অল্প পানি দিয়ে ১০ মিনিট চুলোয় দমে রাখুন। যাতে মসলার সুগন্ধ মাছের ভেতর ভালোভাবে মিশে যায়। হয়ে গেলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ইলিশ মাছের রেজালা।

এ বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁই ছুঁই

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হন তারা। আর এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩৫ জন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সব মিলিয়ে এ বছর ডেঙ্গুতে ১৯৫ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৭৮৬ জন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যেঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২১ জন, বরিশাল বিভাগে ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৫ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, খুলনা বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রংপুর বিভাগে ১৪ জন এবং সিলেট বিভাগে ৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় কিং খান

দাপট যেন বেড়েই চলছে বলিউডের কিং শাহরুখ খানের। যেখানেই হাত দিচ্ছেন রাখছেন সফলতার স্বাক্ষর। এর আগে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এবার ভারতের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় নাম লেখালেন। শুধু তাই নয়, প্রথমবার তিনি পা রাখলেন সম্মানজনক ‘বিলিয়নিয়ার ক্লাব’-এ।
সম্প্রতি প্রকাশিত ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫’-এর তালিকায় শাহরুখ খান এই গৌরব অর্জন করেছেন। চলচ্চিত্র জগতে তার দীর্ঘ ৩৩ বছরের সফল ক্যারিয়ার। এই মুহূর্তে শাহরুখের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১.৪ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৩২০ কোটি টাকা (১২ হাজার ৪৯০ কোটি ভারতীয় রুপি)।
হুরুন রিপোর্ট নিশ্চিত করেছে, বলিউড বাদশা প্রথমবারের মতো এই বিপুল সম্পত্তি নিয়ে বিলিয়নিয়ার ক্লাবে যুক্ত হলেন। সম্পদের দিক থেকে শাহরুখ খান বেশ কিছু জনপ্রিয় আন্তর্জাতিক তারকাদেরও পিছনে ফেলে দিয়েছেন, যা অনেকের জন্যই চমকপ্রদ খবর।
তালিকায় ‘কিং খান’-এর নিচে রয়েছেন পপ তারকা টেলর সুইফট (১.৩ বিলিয়ন ডলার), অ্যাকশন কিং আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন ডলার), জনপ্রিয় কৌতুকাভিনেতা জেরি সাইনফিল্ড (১.২ বিলিয়ন ডলার) এবং গায়িকা-অভিনেত্রী সেলিনা গোমেজ (৭২০ মিলিয়ন ডলার)।
ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন শাহরুখ। হুরুন তালিকা অনুসারে, ভারতে তারকাদের মধ্যে সম্পত্তির দিক থেকে শাহরুখের পরেই রয়েছেন অভিনেত্রী জুহি চাওলা এবং তার পরিবার, যাদের মোট সম্পত্তির পরিমাণ ৭ হাজার ৭৯০ কোটি টাকা।
এরপরে তৃতীয় স্থানে আছেন হৃত্বিক রোশন, তার সম্পত্তির পরিমাণ ২ হাজার ১৬০ কোটি টাকা। চতুর্থ স্থানে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা কর্ণ জোহর এবং পঞ্চম স্থানে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন।
প্রায় তিন দশক ধরে শাহরুখ খান শুধু অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ নন। তার আয়ের উৎস বহুধা বিস্তৃত। এর মধ্যে উল্লেখযোগ্য হলো তার প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, একটি ভিএফএক্স স্টুডিও এবং একাধিক ক্রিকেট দলে অংশীদারিত্ব, যার মধ্যে রয়েছে জনপ্রিয় দল নাইট রাইডার্স স্পোর্টস। এ ছাড়াও, পশ্চিম এশিয়ায় তার বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি রয়েছে।